- দে । শ
- এপ্রিল ২৫, ২০২৬
“বঙ্গে সরকার গঠনে নির্ণায়ক শক্তি আমরাই”, রাজ্যে রাহুলের সভার আগে মন্তব্য কংগ্রেসের
পশ্চিমবঙ্গে ভোট প্রচারে আজ, শনিবার আসছেন রাহুল গান্ধি। তাঁর দিনভর রয়েছে পরপর তিনটি জনসভা। প্রথম সভা হুগলির শ্রীরামপুরে, যেখানে প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার-সহ জেলার সমস্ত প্রার্থী উপস্থিত থাকবেন। সেখান থেকে কপ্টারে তিনি কলকাতার শহিদ মিনারের সভায় যোগ দেবেন। দিনের শেষ সভাটি নির্ধারিত রয়েছে মেটিয়াবুরুজে।
এরই মধ্যে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। বিজেপির মানিকতলা কেন্দ্রের প্রার্থী তাপস রায় শুক্রবার সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, লন্ডনের একটি আদালতের তথ্যানুযায়ী নির্বাণ মোদির ব্যাঙ্ক গ্যারান্টিতে নাকি স্বাক্ষর রয়েছে রাহুল গান্ধির। কটাক্ষ করে তিনি লেখেন, “ডাকাত আবার চৌকিদারকে চোর বলছে !”
এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস। দলটির তরফে দাবি করা হয়েছে, এই অভিযোগ সম্পূর্ণ ভুয়ো এবং বিভ্রান্তিকর। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে।
এদিকে, কংগ্রেসের রাজ্যসভার দুই সাংসদ প্রমোদ তিওয়ারি এবং অখিলেশ প্রাসাদ সিং কলকাতায় এসে বড় দাবি করেছেন। তাঁদের বক্তব্য, পশ্চিমবঙ্গে সরকার গঠনে কংগ্রেসই হবে “নির্ণায়ক শক্তি”। প্রায় ২০ বছর পর রাজ্যে এককভাবে লড়াই করছে দল, এবং সেই প্রেক্ষিতে তারা নিজেদের তৃতীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে।
দুই সাংসদেরই দাবি, রাজ্যের রাজনীতিতে মূল লড়াই তৃণমূল ও বিজেপির মধ্যে হলেও কংগ্রেস দ্রুত বিকল্প শক্তি হিসেবে উঠে আসছে। তাঁদের কথায়, “আগামী দিনে সরকার গঠনে কংগ্রেসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।”
বাংলার সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনের ঐতিহ্যের প্রসঙ্গ তুলে প্রমোদ তিওয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আক্রমণ করেন। তিনি প্রশ্ন তোলেন, কেন্দ্রশাসিত এলাকাতেও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ কেন কেন্দ্র সরকার। পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধেও সিন্ডিকেট রাজ, দুর্নীতি এবং রাজনৈতিক হিংসার অভিযোগ তোলেন তিনি।
অন্যদিকে, অখিলেশ প্রসাদ সিং বলেন, “পশ্চিমবঙ্গে কংগ্রেস ছাড়া কোনও সরকার গঠন সম্ভব নয়।” তাঁর অভিযোগ, শিক্ষা, স্বাস্থ্য এবং শিল্প—এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে রাজ্যের অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে।
সব মিলিয়ে রাহুল গান্ধির সভার আগেই বাংলার রাজনৈতিক ময়দানে উত্তেজনা ও বাকযুদ্ধ চরমে পৌঁছেছে।
❤ Support Us





