- এই মুহূর্তে দে । শ
- জুলাই ১৬, ২০২৪
জম্মুর ডোডায় জঙ্গিহানায় মৃত ৪ সেনা জওয়ান। জাতীয় নিরাপত্তা প্রশ্নে কেন্দ্রকে কটাক্ষ কংগ্রেসের
অশান্ত ভূস্বর্গে মৃত্যু মিছিল যেন শেষ হচ্ছেনা। সোমবার সেনা ও জঙ্গিদের সংঘর্ষে চারজন ভারতীয় সৈনিক শহীদ হয়েছেন। নিহতদের মধ্যে একজন সেনা আধিকারিকও রয়েছেন।
সোমবার জম্মু কাশ্মীরের ডোডা জেলায় একটি এনকাউন্টারের সময় এ ঘটনা ঘটে। সেনা আধিকারিকদের মতে, ডোডার দেসা অঞ্চলে জঙ্গিদের উপস্থিতি রয়েছে, গোপন সূত্র মারফত এই খবর পায় সেনাবাহিনী। তখন সেনা ও জম্মু কাশ্মীর পুলিশের একটি বাহিনী ওই এলাকায় যৌথ অভিযান চালায়।
সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে, সোমবার রাত ৯ টায় দু পক্ষের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়। প্রায় কুড়ি মিনিট ধরে চলা এই সংঘর্ষে ভারতীয় সেনার চার জওয়ান আহত হন। মঙ্গলবার সকালে হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। ওই এলাকায় টহল দিচ্ছেন জওয়ানেরা।
ভারতীয় সেনার পাল্টা প্রত্যুত্তরে পাঁচ জঙ্গি গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছেন সেনা আধিকারিকেরা। সূত্র মারফত খবর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতীয় সেনাবাহিনীর চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদির মাধ্যমে বিষয়টির প্রতি নজর রেখে চলেছেন।
গত এক সপ্তাহের মধ্যে জঙ্গিদের তরফে দ্বিতীয় বড় হামলার ঘটনা এটি। গত সপ্তাহে কাঠুয়াতে পাঁচ জওয়ান জঙ্গিদের আক্রমণের শিকার হন। এ নিয়ে গত আড়াই বছরে ৪৮ জন সেনা জওয়ান শহিদ হয়েছেন। গোয়েন্দা রিপোর্ট জানাচ্ছে, জম্মুর দশটি এলাকায় আনুমানিক ৬০ জন জঙ্গি ছড়িয়ে রয়েছে। ওই এলাকাগুলিতে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে তারা।
গত কয়েক সপ্তাহ ধরে জম্মু-কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় সন্ত্রাসবাদীদের হামলার ঘটনা ঘটেছে। জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে। একাধিক এলাকা থেকে সেনাবাহিনীর ওপর হামলার ঘটনা প্রকাশ্যে এসেছে । কখনও সেনা কনভয়ে, কখনও গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে গোলাগুলি। অমরনাথ যাত্রা চলছে। ফলে গোটা কাশ্মীর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে।
ভূস্বর্গে সেনাবাহিনীর ওপর বারবার হামলার ঘটনায় রাজনৈতিক মহল যথেষ্ট আন্দোলিত হচ্ছে। কেন্দ্রের মোদি সরকারকে তুলোধোনা করছেন বিরোধীরা। কংগ্রেস সভাপতি মল্লিকারজুন খারগে বলেছেন যে, জম্মু কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনায় মোদি সরকারের একেবারে গা ছাড়া মনোভাব দেখতে পাওয়া যাচ্ছে। তাঁর বোঝা উচিত জম্মু এই জঙ্গি হানার ঘটনা দিনের পর দিন সহ্য করছে। আমরা কখনই মিথ্যা সাহসিকতার স্লোগানে আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোষ করতে পারিনা। কংগ্রেস নেতা সুরিন্দর সিং রাজপুত বিজেপি সরকারকে কটাক্ষ করে জানিয়েছেন, ‘জম্মু কাশ্মীরে সেনাবাহিনীর জওয়ানেরা শহিদ হচ্ছেন। আর বিজেপি সরকার ব্যস্ত বিয়ের অনুষ্ঠান নিয়ে।’ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি বলেছেন, শুধু ফাঁপা বক্তৃতা আর মিথ্যা প্রতিশ্রুতি দিলে চলবে না। জঙ্গি দমনে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।’
❤ Support Us






