- এই মুহূর্তে দে । শ
- মে ১৭, ২০২৩
অশান্ত মনিপুরের পরিস্থিতি খতিয়ে দেখতে তিন সদস্যের তথ্যানুসন্ধান দল গঠন করল কংগ্রেস
মনিপুরে হিংসাত্মক পরিস্থিতি নিয়ে জানতে তিন সদস্যের তথ্যানুসন্ধান কমিটি গঠন করলেন কংগ্রে্স প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়্গে। কংগ্রেস সূত্রে বুধবার এখবর জানা গিয়েছে। এদিন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল জানিয়েছেন, যে তিন সদস্যকে নিয়ে তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে তাঁরা হলেন এআইসিসি-র সাধারণ সম্পাদক মুকুল ওয়াসনিক, প্রাক্তন সাংসদ অজয় কুমার এবং কংগ্রেস সাংসদ সুদীপ রায়বর্মন।
এআইসিসি সূত্রে আরও জানা গিয়েছে, তিন সদস্যের তথ্যানুসন্ধান কমিটিকে কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়্গে নির্দেশ দিয়েছেন, মনিপুরের হিংসাত্মক পরিস্থিতি খতিয়ে দেখে যত দ্রুত সম্ভব রিপোর্ট পেশ করতে হবে।
মনিপুরের কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিং-সহ একাধিক প্রদেশ কংগ্রেস নেতাকে সম্প্রতি কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়্গে দিল্লিতে ডেকে পাঠিয়েছিলেন। তাঁরা খাড়্গেকে মনিপুরের পরিস্থিতি সম্পর্কে অবগত করেছেন। এরপরই তথ্যানুসন্ধানের জন্যে গঠন করা হল তিন সদস্যের দল।
এদিন কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়্গে নিজেই টুইট করে তিন সদস্যের তথ্যানুসন্ধান দল গঠন করার কথা জানিয়ে বলেন, মনিপুরের পরিস্থিতি খতিয়ে দেখতে তিন সদস্যের এই দলটি শীঘ্রই মনিপুরে যাবে। তবে এব্যাপারে কোনও দিনক্ষণ উল্লেখ করেননি খাড়্গে।
খাড়্গে তাঁর করা ওই টুইটে আরও বলেছেন, মনিপুরের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। উত্তর-পূর্বের এই রাজ্যে স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে কেন্দ্রীয় সরকারের সব ধরনের ব্যবস্থা নেওয়া উচিত।
এদিকে এদিনই কেন্দ্রীয় সরকার ও মনিপুর সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে, মনিপুরের পরিস্থিতি সম্পর্কে একটি স্ট্যাটাস রিপোর্ট পেশ করা হয়েছে। মনিপুরের পরিস্থিতির উন্নতি হয়েছে।
এদিন সুপ্রিম কোর্টে সলিসিটার জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে এও জানিয়েছেন, মনিপুরে শান্তি ফেরানোর জন্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। এপর্যন্ত জেলা পুলিশ ও সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেসের উদ্যোগে ৩১৫টি ত্রাণশিবির খোলা হয়েছে। রাজ্য সরকার ত্রাণের জন্যে ৩ কোটি টাকার তহবিল গঠন করেছে। এপর্যন্ত ত্রাণ পেয়েছেন অন্তত ৪৬ হাজার মানুষ।
❤ Support Us







