Advertisement
  • দে । শ
  • জুন ১১, ২০২৬

লাগামছাড়া দুর্নীতির অভিযোগ, ভাল্যগ্রাম পঞ্চায়েতের গেটে তালা

আরম্ভ ওয়েব ডেস্ক
লাগামছাড়া দুর্নীতির অভিযোগ, ভাল্যগ্রাম পঞ্চায়েতের গেটে তালা

মঙ্গলকোট ব্লকের ভাল্যগ্রাম গ্রাম পঞ্চায়েতের গেটে তালা ঝোলালেন বিজেপির পঞ্চায়েত সদস্য ও দলীয় কর্মী সমর্থকরা । তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের লাগামছাড়া দুর্নীতি ও দৈনন্দিন কাজের হিসাবের ব্যাপক গরমিল হয়েছে বলে অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্য প্রদীপ ভট্টাচার্যর । তিনি বললেন, ‘আবাস যোজনা-সহ বিভিন্ন প্রকল্পের খরচের হিসেব দীর্ঘদিন ধরে চাওয়া হলেও পঞ্চায়েত প্রধান দিচ্ছেন না ।’ সেইসঙ্গে বাংলা সহায়তা কেন্দ্রের এক কর্মী কাজে না এসেও সরকারের বেতন পাচ্ছেন বলেও অভিযোগ তোলেন তিনি । প্রধান অপর্ণা মাঝি বলেন, ‘আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই । পঞ্চায়েতের কাজের হিসাব দিতে সাতদিন সময় চেয়ে নিয়েছি ।’ প্রধানের লিখিত প্রতিশ্রুতি পেয়ে বিক্ষোভকারীরা পঞ্চায়েত গেটের তালা খুলে দেয় ।

এই পঞ্চায়েতে আবাস যোজনার উপভোক্তাদের তালিকা, পঞ্চায়েত এলাকায় গাছ বিক্রির হিসাব, কংক্রিটের রাস্তা নির্মাণের তথ্য দেওয়ার দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী-সমর্থকরা । প্রধান অপর্ণা মাঝি বলেন, ‘কাজের প্রয়োজনীয় তথ্য, নথি বিডিও অফিসে আছে । সেগুলি এনে শীঘ্রই হিসেব দেওয়া হবে ।’ ঘটনায় উত্তেজনা ছড়ালে মঙ্গলকোট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় । হাজির হন মঙ্গলকোটের বিজেপি বিধায়ক শিশির ঘোষ । তাঁর মধ্যস্থতায় বিক্ষোভকারীরা পঞ্চায়েত গেটের তালা খুলে দেন ।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!