Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ৪, ২০২৬

কড়া নিরাপত্তায় ভোট গণনা শুরু

আরম্ভ ওয়েব ডেস্ক
কড়া নিরাপত্তায় ভোট গণনা শুরু

জনগণের রায়ে কে পশ্চিমবঙ্গের মসনদে বসছে আজ তার ফয়সালা । সকাল ৮টা থেকে গণনা শুরু হয়েছে । নিশ্ছিদ্র নিরাপত্তায় গণনা শুরু হয়েছে । তবে বিভিন্ন গণনা কেন্দ্র থেকে অভিযোগ আসছে । সকালে নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং অভিযোগ করেন ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে স্ট্রংরুম খুলে দেওয়া হয়েছে, অথচ প্রার্থী পৌঁছয়নি । গণনায় কারচুপি করতে এসব করা হচ্ছ । ওদের ভয় আছে ।

অন্যদিকে নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী তৃনাঙ্কুর ভট্টাচার্য অভিযোগ করেন, অর্জুন সিং তাঁর সিকিওরিটি নিয়ে গণনা কেন্দ্রে ঢুকেছে ।

এদিকে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম অভিযোগ করেন, তাঁকে গণনা কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না । রবিবার রাতে তাঁর ১৫০ জন অনুগামীর বাড়িতে পুলিশ হানা দিয়েছে । সোমনাথ শ্যামের অভিযোগ, “কোনও দিন আমায় এমন পরিস্থিতিতে পড়তে হয়নি ।”

এদিকে দিনহাটা গণনা কেন্দ্রের বাইরে তৃণমূলের কর্মী সমর্থকরা জয় বাংলা স্লোগান দিতে থাকে । ব্যারাকপুরের বিজেপি প্রার্থী গণনা কেন্দ্রের সামনে এলে তাঁকে দেখে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে তৃণমূলের কর্মী সমর্থকরা ।

শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাঁজা অভিযোগ করেন, তাঁকে গণনা কেন্দ্রে ঢুকতে বাঁধা দেওয়া হয় । তাঁর কাগজপত্র ফেলে দেওয়া হয়। যাদবপুর ও বালিগঞ্জে গণনা কেন্দ্রের বাইরে ড্রোনের মাধ্যমে নজরদারি শুরু হয় গণনা শুরুর আগে থেকেই ।
খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ গণনা কেন্দ্রের সামনে দাঁড়িয়ে বলেন, “দেখছেন না গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল নেই, শুধু পুলিশ। ওরা বুঝতে পেরেছে। ১ লাখ ভোটের টার্গেট ।”

এদিকে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলের গণনা কেন্দ্রকে কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে । এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী প্রার্থী । মাথাভাঙায় সকালে গণনা কেন্দ্রের সামনে জমায়েত হলে কেন্দ্রীয় বাহিনী লাঠি উঁচিয়ে সেই জমায়েত সরিয়ে দেয় । কোথাও ১৫, কোথাও ১৩, কোথাও ১০ কোথাও ৯ রাউন্ড পর্যন্ত গণনা হবে । গড়ে ১৫ রূউন্ড গণনা হবে । তবে বড় বিধানসভা কেন্দ্রে ২৭ রাউন্ড গণনা করা হবে বলে কমিশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে ।

তবে গণনা কেন্দ্রের সিসিটিভি অচল ও অন্যান্য অভিযোগ নিয়ে রাজ্যের সিইও মনোজকুমার আগরওয়াল বলেন, “সব দিকে আমরা নজর রাখছি ।”

এদিকে নোয়াপাড়ার রাস্তায় ভিভিপ্যাট স্লিপ পড়ে থাকতে দেখে উত্তেজনা তৈরি হয় । এই প্রসঙ্গে মনোজকুমার আগরওয়াল বলেন, “ওটা মক পোলের ভিভিপ্যাট স্লিপ । তবে কেমন করে সেটা বাইরে গেল তা নিয়ে তদন্ত হবে ।”

গতকাল রাতেই অতন্দ্র প্রহরীর মতো দলের নেতা-কর্মী-প্রার্থীদের সতর্ক করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি তাঁর ফেস বুকে লেখেন, “সতর্ক থাকুন । পাহারা দিন । রাত জাগুন । অভিযোগ করুন । বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, পরিকল্পিতভাবে লোডশেডিং করে দেওয়া হচ্ছে । হুগলির শ্রীরামপুর, নদীয়ার কৃষ্ণনগর থেকে বর্ধমানের আউশগ্রাম, কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এরকম ঘটনা সামনে এসেছে যেখানে দফায় দফায় লোডশেডিং করা হচ্ছে, সিসিটিভি বন্ধ করে দেওয়া হচ্ছে এবং স্ট্রং রুমে গাড়ি যাতায়াত করছে । আমি দলের কর্মীদের আহ্বান জানাচ্ছি, আমি যেভাবে রাত জেগে সমস্ত বিষয়ের ওপর নজর রাখছি আপনারাও রাত জেগে স্ট্রংরুমে জনগণের ভোট পাহারা দিন । কোথাও কোনো সন্দেহজনক পরিস্থিতি কেউ সৃষ্টি করলে, তাদের ঘিরে ধরুন , সঙ্গে সঙ্গে অভিযোগ করুন এবং সিসিটিভি ফুটেজ দাবি করুন । এই সমস্তটাই বিজেপির অঙ্গুলিহেলনে করা হচ্ছে ।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!