Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ৩১, ২০২৫

পথকুকুর মামলায় আদালতের নির্দেশ অমান্য ! কোন কোন রাজ্যের মুখ্যসচিবকে তলব সুপ্রিম কোর্টের ?

আরম্ভ ওয়েব ডেস্ক
পথকুকুর মামলায় আদালতের নির্দেশ অমান্য ! কোন কোন রাজ্যের মুখ্যসচিবকে তলব সুপ্রিম কোর্টের ?

পথকুকুর নিয়ন্ত্রণে আদালতের নির্দেশ মানা হয়নি, এমন অভিযোগে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত জানায়, পশ্চিমবঙ্গ ও তেলঙ্গানা বাদে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবকে আগামী ৩ নভেম্বর সশরীরে আদালতে হাজির থাকতে হবে।

শুনানিতে বিচারপতি বিক্রম নাথ কঠোর ভাষায় বলেন, “আমরা যখন তাঁদের আসতে বলি, হলফনামা দাখিল করতে বলি, তখন তাঁরা ঘুমিয়ে থাকেন। আদালতের নির্দেশের প্রতি কোনও সম্মান নেই। তাঁদের আসতেই হবে।” তিনি আরও মন্তব্য করেন, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আদালত সময় দিচ্ছে, কিন্তু সরকার কোনও নিয়ম তৈরি করছে না, পদক্ষেপও নিচ্ছে না।”

কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতের কাছে আবেদন করেছিলেন যাতে মুখ্যসচিবরা ভার্চুয়ালি হাজির থাকতে পারেন। কিন্তু আদালত সেই আবেদন প্রত্যাখ্যান করে পূর্বের নির্দেশ বহাল রাখে, অর্থাৎ সশরীরে হাজিরা বাধ্যতামূলক।

দিল্লিতে পথকুকুরের কামড়ে জলাতঙ্কে মৃত্যু বাড়তে থাকায় এই বিষয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। গত ২২ অক্টোবর, শুনানির সময় সুপ্রিম কোর্ট শুধু দিল্লি নয়, সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকেই মামলায় অন্তর্ভুক্ত করে।

আদালত নির্দেশ দিয়েছিল —

  • পথকুকুরদের সঠিক পদ্ধতিতে বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধক টিকাকরণ করতে হবে।
  • চিকিৎসার পর কুকুরদের নিজ নিজ এলাকায় ফিরিয়ে দিতে হবে।
  • সব রাজ্যকে এই বিষয়ে অগ্রগতির হলফনামা দাখিল করতে হবে।

অভিযোগ, শুধু পশ্চিমবঙ্গ ও তেলঙ্গানাই আদালতে হলফনামা জমা দিয়েছে। অন্য কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল তা করেনি।

পূর্বের শুনানিতেও শীর্ষ আদালত রাজ্যগুলির নিষ্ক্রিয়তার সমালোচনা করে বলেছিল, “দু’মাস সময় দেওয়া হয়েছিল। তবু কোনও রাজ্য জবাব দেয়নি! আন্তর্জাতিক স্তরে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।”

একই সুরে শুক্রবারও আদালত আবারও রাজ্য সরকারগুলিকে ভর্ৎসনা করে জানায়, আদালতের নির্দেশ মানতেই হবে, তা আর উপেক্ষা করার সুযোগ নেই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!