- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ২৫, ২০২৫
প্রয়াত জঙ্গলমহলের বাম নেতা, প্রাক্তন মন্ত্রী উপেন্দ্র কিস্কু
বাঁকুড়ার জঙ্গলমহলের বাম নেতা এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন্দ্র কিস্কু বুধবার রাতে বাঁকুড়ার একটি নার্সিংহোমে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর দেহ বৃহস্পতিবার সিপিএম-এর বাঁকুড়া জেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
সত্তরের দশকে বাঁকুড়া জেলার জঙ্গলমহলে আদিবাসীদের জীবন ও জীবিকা রক্ষায় কেন্দু পাতা সংগ্রহ ও বিক্রির ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, বিড়ি শিল্পের সঙ্গে শ্রমিকদের অর্থনৈতিক নিরাপত্তা সংক্রান্ত অধিকার রক্ষার দাবিতে যে আন্দোলন হয়েছিল, তা ‘কেন্দু পাতা আন্দোলন’ হিসেবে পরিচিত। এই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন উপেন্দ্র কিস্কু। ওই কর্মসূচির মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হয়।
পেশায় প্রাথমিক শিক্ষক উপেন্দ্র কিস্কু পরবর্তীতে বাঁকুড়া জেলার বামপন্থীদের অন্যতম মুখ হয়ে ওঠেন। ১৯৭৭ সালে তিনি প্রথমবার রাইপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। এরপর টানা আটবার সেই কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হন। ২০১১ সালের রাজ্য নির্বাচনে, পালাবদলের পরও, তিনি নিজের বিধানসভা কেন্দ্র থেকে নিকটতম প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছিলেন।
১৯৮২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দলের সর্বক্ষণের কর্মী হিসেবে চাকরি পর্যন্ত ত্যাগ করেছিলেন। আদিবাসী অধিকার সংরক্ষণে ‘আদিবাসী অধিকার মঞ্চ’ গঠনের অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি। জঙ্গলমহলের বিভিন্ন জেলায় গ্রামে গ্রামে সরকারি স্কুল ও আদিবাসী সমবায় স্থাপনের পেছনে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।
২০১৬ সালের পর সরাসরি সংসদীয় রাজনীতিতে না থাকলেও শেষদিন পর্যন্ত দলের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ ছিল। নিয়মিত রাইপুরে সিপিএম-এর দলীয় কার্যালয়ে যাতায়াত করতেন। পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে বাড়িতে পড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। পরিবারের সদস্যরা তাঁকে বাঁকুড়ার নার্সিংহোমে ভর্তি করান, যেখানে বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
❤ Support Us






