- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ৭, ২০২৫
‘বাংলা বাঁচাও যাত্রা’: ভোটাধিকার রক্ষায় রাজ্যজুড়ে পদযাত্রার ঘোষণা বামেদের
রাজ্যজুড়ে চলছে ‘এসআইআর’। তা ঘিরে বিতর্ক আর উত্তেজনার পারদও চড়ছে। নিবিড় সংশোধনের বিরোধিতায় ইতিমধ্যেই পথে নেমেছে তৃণমূল। এরই মধ্যে ভোটাধিকার এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে এবার রাজ্যজুড়ে বড় কর্মসূচি ঘোষণা করেছে সিপিএম। চলতি মাসের ২৯ নভেম্বর কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হবে দলের ‘বাংলা বাঁচাও যাত্রা’। এই পদযাত্রা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ হয়ে ১৭ ডিসেম্বর উত্তর ২৪ পরগনার কামারহাটিতে শেষ হবে। পথে বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হবে গণসমাবেশ ও পথসভা। কেন্দ্রীয় মিছিলের পাশাপাশি জেলার স্থানীয় স্তরে মিছিল এবং অন্যান্য কর্মসূচিও চলবে বলে জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য কার্যালায় মুজফফর আহমদ ভবন বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে আসন্ন কর্মসূচি ঘোষণা করেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, ‘ভোটাধিকার রক্ষাসহ লড়াই করে অর্জিত সব অধিকার রক্ষা করতেই এই পদযাত্রা। বামপন্থীরা সর্বদা অধিকারের পক্ষে লড়াই করেছে। শাসক শ্রেণির দক্ষিণপন্থী দলগুলোর লক্ষ্য সবসময় অধিকারকে সংকুচিত করা। আজ গণতান্ত্রিক, সাংবিধানিক, মানবিক ও সমতার অধিকার ক্রমাগত ধাক্কা খাচ্ছে। প্রলোভন ও ভয় দিয়ে মানুষকে দমানো হচ্ছে।’ সেলিম অভিযোগ করেন, ‘প্রশাসন এমনকি নির্বাচন কমিশনকেও ব্যবহার করছে ভোট লুটের জন্য। পঞ্চায়েত থেকে গোটা দেশব্যাপী ভোটার তালিকার মাধ্যমে লুট চলছে। কখনো বিদেশি, কখনো রোহিঙ্গা, কখনো মতুয়া, কখনো জিহাদি— নাগরিকদের এ ধরনের লেবেল দিয়ে আতঙ্ক তৈরি করা হচ্ছে। এই পদযাত্রার মাধ্যমে বাংলার মানুষকে তাদের ভোটাধিকার রক্ষার আহ্বান জানানো হবে।’
সিপিএমের রাজ্য সম্পাদক আরো বলেছেন, ‘তৃণমূল দফতর থেকে সিইও এবং বিএলও পর্যন্ত দখলদারি চালাচ্ছে। মৃত মানুষের ফর্ম নিয়ে কাড়াকাড়ি হচ্ছে, বিইএলওদের কাছ থেকে ফর্ম ছিনিয়ে নেওয়া হচ্ছে। কমিশন ডিজিটাল তথ্য পেয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না। এই হলো ‘সেটিং’ রাজনীতি। বিজেপি ও তৃণমূল একসাথে ভোট চুরি করছে, ভোটার তালিকা শোধরানোর সময় মানুষের মধ্যে ভয় সৃষ্টি করা হচ্ছে।’ বামেদের দাবি, ‘বাংলা বাঁচাও যাত্রা’ শুধু ভোটার তালিকা সংশোধন বা ভোটাধিকার রক্ষার আন্দোলন নয়। সেলিম বলেন, ‘এই পদযাত্রা রাজ্য, জেলা এবং আঞ্চলিক ইস্যুতে মানুষের কল্যাণ নিশ্চিত করার আন্দোলন। পাহাড়, নদীতীর, চা-বাগান থেকে সুন্দরবন— সব জায়গায় দরিদ্র কৃষক, ১০০ দিনের কাজের শ্রমিক, অভিবাসী শ্রমিক, আদিবাসী, বনবাসী, চা-বাগান ও বিড়ি শ্রমিক এবং গিগ কর্মীদের জীবন, জীবিকা এবং অধিকার রক্ষা করা হবে। মানুষের সম্মান, সম্প্রীতি, ভাষা ও ঐক্য—সবই রক্ষার দাবিতে পদযাত্রা।’
সেলিম এদিন সাংবাদিকদের বলেন, ‘এসআইআর প্রক্রিয়া নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। সিপিএম চাইছে অধিকার সম্প্রসারিত হোক, সংকুচিত না। ভোটার তালিকা সংশোধন না হওয়ায় মৃত বা অভয়া-র মতো নামও তালিকায় আছে। কেন্দ্রীয় প্রকল্পের টাকা না দেওয়া, রাজ্যের দায়িত্ব না নেওয়ার কারণে মানুষই সবচেয়ে সমস্যায় আছে। তাই বাংলাকে বাঁচাতে হবে। এখন যে কোনো মৃত্যুকেই এসআইআর-এ মৃত্যু বলে দাগানো হচ্ছে। নির্বাচনী প্রক্রিয়ায় ভয় সৃষ্টি এবং জালিয়াতি প্রতিহত করতে আমাদের পদযাত্রা এক মাস ধরে চলবে। বাংলার মানুষকে বাঁচাতে, ভোটাধিকার রক্ষা করতে এবং দেশের গণতন্ত্রকে সুসংহত রাখতে সিপিএম রাজ্যজুড়ে এই পদযাত্রা পরিচালনা করবে।’ আলিমুদ্দিন সূত্রে খবর, পদযাত্রার সময় আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদা, নদীয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া জেলা হয়ে শেষ হবে কামারহাটিতে। পথে পথসভা, জনসংযোগ ও গণসমাবেশ অনুষ্ঠিত হবে। ১৫টি মূল ইস্যু নিয়ে উত্তর থেকে দক্ষিণ, প্রতিটি জেলায় সিপিএমের এই পদযাত্রা হবে ২০২৫ সালের বিধানসভা নির্বাচনের আগে জনমতের আয়োজনের বড়ো চেষ্টা।
❤ Support Us






