Advertisement
  • দে । শ
  • নভেম্বর ২০, ২০২৬

ওড়িশায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড় অ্যাকভান, দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস ! পাঁচ জেলায় অতিভারী বর্ষণের সতর্কতা

আরম্ভ ওয়েব ডেস্ক
ওড়িশায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড় অ্যাকভান, দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস ! পাঁচ জেলায় অতিভারী বর্ষণের সতর্কতা

ওড়িশা উপকূলে আছড়ে পড়েছে তীব্র ঘূর্ণিঝড় অ্যাকভান । নির্ধারিত সময়ের আগেই শুক্রবার সকালে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের গোপালপুরের কাছে শুরু হয়েছে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া । সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে ল্যান্ডফল শুরু হয় । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই প্রক্রিয়া আরও প্রায় দু’ঘণ্টা চলতে পারে । তবে উপকূলের কাছাকাছি এসে কিছুটা শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় । প্রাথমিকভাবে ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করা হলেও, বর্তমানে ঝড়ের গতিবেগ কমে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার হয়েছে । দমকা হাওয়ার বেগ সর্বোচ্চ ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে ।

ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবার দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সোমবার পর্যন্ত কমবেশি বৃষ্টিপাত চলবে।

দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পাশাপাশি ওই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ারও আশঙ্কা রয়েছে।

এ ছাড়া শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবারের তুলনায় শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হলুদ সতর্কতা জারি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিভিন্ন জায়গায়।

রবিবার ও সোমবার নতুন করে কোনও আবহাওয়া সতর্কতা জারি করা হয়নি। যদিও এই দু’দিন দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবারের পর দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইছে। শুক্রবার বিকেল পর্যন্ত সমুদ্রে মৎস্যজীবীদের যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরপর ধীরে ধীরে সমুদ্র পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব পড়ার আশঙ্কা নেই। তবে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ও শনিবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গে আগামী চার দিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে তার পর ধীরে ধীরে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় প্রায় ৭ ডিগ্রি কম ছিল দিনের সর্বোচ্চ তাপমাত্রা।

ঘূর্ণিঝড় অ্যাকভানের প্রভাবে আপাতত দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও, সোমবারের পর আবহাওয়ার উন্নতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!