- এই মুহূর্তে দে । শ
- জুন ১, ২০২৬
ইস্তফা দাঁইহাটের তৃণমূলের পুরপ্রধানের
বেতন হয়নি গত এপ্রিলের। শেষ হতে চলল মে মাস। এখনও কোনো আশ্বাসবাণী শোনাতে পারেনি পুরসভা। অবিলম্বে বেতনের দাবিতে তৃণমূল নিয়ন্ত্রিত দাঁইহাট পুরসভার অস্থায়ী কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন। পালিত হয় কর্মবিরতি। এই আবহে ‘বেতন না দিতে পারার ব্যর্থতা’ স্বীকার করে পুরসভার কার্যনির্বাহী আধিকারিকের কাছে ইস্তফাপত্র জমা দিলেন পুরপ্রধান সমর সাহা। সেইসঙ্গে ই-মেলে মহকুমাশাসকের কাছেও ইস্তফাপত্রের প্রতিলিপি পাঠিয়ে দিয়েছেন সমরবাবু। পুর আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে বলে মহকুমা প্রশাসন সূত্রের খবর।
পরবর্তী পদক্ষেপের জন্য আগামী মঙ্গলবার তলবি সভা ডেকেছেন উপপুরপ্রধান অজিত ব্যানার্জি। দাঁইহাট পুরসভায় শ’দুয়েক অস্থায়ী কর্মী রয়েছেন। তাঁদের বেতন ৫ থেকে ৭ হাজার টাকা। বেতন ও পেনশন বাবদ মাসে খরচ হয় প্রায় ২১ লক্ষ টাকা। মাস তিনেক ধরে পুরসভার তহবিল তলানিতে। অস্থায়ী কর্মী মুসিবুল শেখ, মৃন্ময় মুখার্জিরা বললেন, ‘২ মাস হতে চলল। বেতন পাচ্ছি না। সংসারটা চলবে কী করে, সেই দুশ্চিন্তা কুরে কুরে খাচ্ছে।’
এদিকে কাটোয়ার তৃণমূল নিয়ন্ত্রিত পুরসভার পুরপ্রধান কমলাকান্ত চক্রবর্তী ১০ দিন ছুটি নিয়ে বাইরে চলে যাওয়ায় নানারকম প্রশ্ন উঠছে। এই পুরসভাতেও অনেক অস্থায়ী কর্মী রয়েছেন। তারাও বেতন নিয়ে সংশয়ী। তবে বাইরে থাকলেও ‘নাগরিক পরিষেবায় কোনো খামতি হবে না’ বলে দাবি পুরপ্রধানের। কাটোয়া মহকুমা প্রশাসন সূত্রের খবর, ২ পুরসভার সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে।
❤ Support Us








