Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১৬, ২০২৬

জঙ্গলমহলে জোড়া রোপওয়ে প্রকল্পের জট কাটল, আকাশপথে দেখা যাবে অযোধ্যা ও মুকুটমণিপুর

আরম্ভ ওয়েব ডেস্ক
জঙ্গলমহলে জোড়া রোপওয়ে প্রকল্পের জট কাটল, আকাশপথে দেখা যাবে অযোধ্যা ও মুকুটমণিপুর

অবশেষে জঙ্গলমহলের পর্যটন মানচিত্রে নতুন পালক যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এবং বাঁকুড়ার মুকুটমণিপুরে দুটি পৃথক রোপওয়ে প্রকল্প বাস্তবায়নের পথে এগোচ্ছে রাজ্য সরকার। এই প্রকল্পগুলি চালু হলে রোপওয়ের কেবিনে বসেই পর্যটকরা উপভোগ করতে পারবেন অযোধ্যা পাহাড়ের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য এবং মুকুটমণিপুর জলাধারের নীল জলরাশির অপরূপ দৃশ্য।

রাজ্যের পর্যটন দফতরের উদ্যোগে রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসেস (আরআইটিইএস)-এর তিন সদস্যের একটি বিশেষজ্ঞ দল সম্প্রতি পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এবং দক্ষিণ বাঁকুড়ার মুকুটমণিপুর এলাকা পরিদর্শন করে সমীক্ষার কাজ সম্পন্ন করেছে। সমীক্ষার ভিত্তিতে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে দুটি প্রকল্পের ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর) রাজ্যের পর্যটন দফতরে জমা দেওয়া হয়েছে। সেই রিপোর্ট জমা পড়ার পরই প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে বলে পর্যটন দফতর সূত্রে জানা গিয়েছে।

উল্লেখ্য, এই জোড়া রোপওয়ে প্রকল্পের পরিকল্পনা অবশ্য নতুন নয়। ২০১৬ সাল নাগাদ, রাজ্যের তৎকালীন পর্যটনমন্ত্রী গৌতম দেবের আমলে অযোধ্যা পাহাড় এবং মুকুটমণিপুরে রোপওয়ে নির্মাণের জন্য পৃথকভাবে ১০ কোটি টাকা করে বরাদ্দ করা হয়েছিল। অর্থাৎ, দুটি প্রকল্পের জন্য মোট ২০ কোটি টাকা বরাদ্দের কথা জানানো হয়েছিল। তৎকালীন পর্যটন দফতরের সচিব অজিতরঞ্জন বর্ধনও সেই বরাদ্দের বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু নানা কারণে দীর্ঘদিন ধরে প্রকল্পের কাজ এগোয়নি। ফলে প্রায় দশ বছর ধরে পরিকল্পনা কাগজে-কলমেই সীমাবদ্ধ ছিল।

এবার সেই দীর্ঘদিনের জট কাটিয়ে প্রকল্প দুটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ জানিয়েছেন, জঙ্গলমহলেও রোপওয়ে তৈরি হবে। পর্যটন দফতরে জমা পড়া ডিপিআরে দুই প্রকল্পের সম্ভাব্য নির্মাণ পরিকল্পনা, দৈর্ঘ্য, ব্যয়, সময়সীমা, জমির প্রয়োজনীয়তা এবং পর্যটক পরিবহণের বিভিন্ন দিক বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, অযোধ্যা পাহাড়ে সিরকাবাদের সমতল এলাকা থেকে প্রায় সাত কিলোমিটার দীর্ঘ পথ পেরিয়ে রোপওয়ে পৌঁছবে মার্বেল লেক পর্যন্ত। পাহাড়ি পাকদণ্ডী পথের উপর দিয়ে এই রোপওয়ে তৈরি হলে পর্যটকদের পাহাড়ের অপরূপ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার সুযোগ আরও বাড়বে।

অন্যদিকে, মুকুটমণিপুরে পরেশনাথ মন্দির এলাকা থেকে জলাধারের ওপারে গোপালপুর পর্যন্ত রোপওয়ে তৈরির প্রস্তাব রাখা হয়েছে। এর ফলে জলাধারের বিশাল নীল জলরাশি এবং আশপাশের প্রাকৃতিক পরিবেশকে একেবারে অন্যভাবে উপভোগ করতে পারবেন পর্যটকরা।

শুধু রোপওয়ের রুট নির্ধারণই নয়, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ডিপিআরে উল্লেখ রয়েছে, দুই প্রকল্পের রোপওয়ের দৈর্ঘ্য কত হবে, নির্মাণে কত টাকা খরচ হতে পারে, কাজ শেষ করতে কত সময় লাগবে এবং একসঙ্গে কতজন পর্যটক রোপওয়েতে যাতায়াত করতে পারবেন। পাশাপাশি, প্রতিটি যাত্রায় কত সময় লাগবে এবং প্রকল্পের জন্য কতটা জমির প্রয়োজন হবে, তারও বিস্তারিত হিসাব দেওয়া হয়েছে।

বিশেষ করে অযোধ্যা পাহাড়ের মতো দুর্গম ও প্রাকৃতিকভাবে সংবেদনশীল এলাকায় রোপওয়ের টাওয়ারগুলি কোথায় বসানো হবে, সেই জায়গার মাটির ভার বহন করার ক্ষমতা কতটা, প্রবল পাহাড়ি হাওয়া ও বজ্রপাতের মতো প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা কীভাবে করা হবে, তা খুঁটিয়ে পরীক্ষা করা হয়েছে। এমনকী হড়পা বানের মতো আকস্মিক বিপর্যয়ের পরিস্থিতিতে রোপওয়েতে আটকে পড়া পর্যটকদের কীভাবে দ্রুত ও নিরাপদে উদ্ধার করা হবে, তারও বিস্তারিত পরিকল্পনা ডিপিআরে রাখা হয়েছে।

মুকুটমণিপুরে পর্যটকের সংখ্যা কমে যাওয়া নিয়েও উদ্বেগ বাড়ছে পর্যটন ব্যবসায়ীদের মধ্যে। গত আর্থিক বছরে এই পর্যটন কেন্দ্রে পর্যটকের সংখ্যা প্রায় ২০ শতাংশ কমেছে বলে জানা গিয়েছে। ২০২৪-২৫ আর্থিক বছরে যেখানে প্রায় তিন লক্ষ পর্যটক মুকুটমণিপুরে এসেছিলেন, সেখানে ২০২৫-২৬ আর্থিক বছরে পর্যটকের সংখ্যা প্রায় ২০ শতাংশ কমে যাওয়ায় এলাকার হোটেল ও পর্যটন ব্যবসায় বড়সড় প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে মুকুটমণিপুরের পর্যটন আকর্ষণ বাড়াতে দীর্ঘদিন ধরেই রোপওয়ে প্রকল্প চালুর দাবি জানিয়ে আসছেন স্থানীয় হোটেল ব্যবসায়ীরা। রাজনৈতিক পালাবদলের পর থেকেই তাঁদের সংগঠনের পক্ষ থেকে বারবার পর্যটন দফতরের কাছে এই বিষয়ে আবেদন জানানো হয়েছে।

তবে অযোধ্যা পাহাড়ের ছবিটা কিছুটা আলাদা। পুরুলিয়ার এই পাহাড়ি পর্যটন কেন্দ্রে প্রতি বছরই পর্যটকের সংখ্যা বাড়ছে। প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি পরিবেশ এবং পর্যটকদের ক্রমবর্ধমান আগ্রহের কারণে অযোধ্যা পাহাড় ইতিমধ্যেই রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য হয়ে উঠেছে।

পুরুলিয়া হোটেল অ্যান্ড লজ অ্যাসোসিয়েশনের অন্যতম কর্মকর্তা মোহিত লাটা বলেন, “আমরা কতদিন ধরে অযোধ্যা পাহাড়ে রোপওয়ের কথা শুনে আসছি। কিন্তু তা আর চোখে দেখিনি। তবে এবার নতুন সরকারের উদ্যোগে রোপওয়ে হলে এই পাহাড়ে পর্যটকের সংখ্যা আরও বাড়বে। দার্জিলিংকে টেক্কা দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। দেশের পর্যটনে পুরুলিয়া এখন ট্রেন্ডিং।”

সব মিলিয়ে, দীর্ঘদিন ধরে আটকে থাকা অযোধ্যা পাহাড় ও মুকুটমণিপুরের জোড়া রোপওয়ে প্রকল্প এবার বাস্তবায়নের দিকে এগোচ্ছে। ডিপিআর জমা পড়ার পর এখন অপেক্ষা প্রশাসনিক অনুমোদন ও পরবর্তী পদক্ষেপের। প্রকল্প দুটি বাস্তবে রূপ পেলে শুধু পর্যটকদের ভ্রমণের অভিজ্ঞতাই বদলাবে না, বরং পুরুলিয়া ও বাঁকুড়ার পর্যটন শিল্প, হোটেল ব্যবসা এবং স্থানীয় অর্থনীতিতেও নতুন গতি আসতে পারে। জঙ্গলমহলের পর্যটনকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই দুই রোপওয়ে প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!