- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ১০, ২০২৫
‘যতই করো এসআইআর, এ বাংলা ফের মমতার’: দেবাংশুর নতুন গান দিয়ে শুরু তৃণমূলের ভোট প্রচার ?
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ‘এসআইআর’ নিয়ে তৃণমূল-কমিশন-বিজেপি ত্রিধারার যুযুধান বাক্-প্রতিবাকে উত্তাপ ছড়িয়েছে বঙ্গভূমে। রাজনীতির এমন সরগরম আবহে নতুন গানের মাধ্যমে ফের সঙ্গীতকূট রচনা করলেন তৃণমূল কংগ্রেসের যুবনেতা ও আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। ২০২১ সালে ‘খেলা হবে’ স্লোগান থেকে তৈরি তাঁর গান তুলকালাম বাঁধিয়েছিল সে সময়। নীচুতলার কর্মী থেকে শীর্ষ নেতাদের মুখে অহরহ এ স্লোগান শোনা গেছিল। রাজ্য রাজনীতির এক অবিস্মরণীয় ছাপ হিসাবে নিশ্চিতভাবেই এটি রয়ে যাবে। এবার সেই ধারাবাহিকতায় তিনি নিয়ে এসেছেন নতুন স্লোগান ভিত্তিক গান ‘যতই করো এসআইআর, এ বাংলা ফের মমতার’, যা আজ দুপুরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে এবং মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
গানটি সরাসরি ‘এসআইআর’ প্রক্রিয়া, ভোটার তালিকা সংশোধন, নোটবন্দি, আধার লিঙ্ক, গ্যাসের দাম, বিএসএফ, অনুপ্রবেশ, অর্থনীতি ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে রচিত। দেবাংশু গানটির মাধ্যমে বার্তা দিয়েছেন, যতই চেষ্টা করা হোক, বাংলার মসনদে ফের বসবেন মমতা ব্যানার্জি। গানটি শুরু হয় ‘হ্যালো মোদিজি’ দিয়ে, আর প্রতিটি ছত্রে বিরোধী বিজেপিকে আক্রমণ করে রাজনৈতিক সমীকরণ তুলে ধরেছেন তৃণমূলের তরুণ তুর্কী। দেবাংশু ভট্টাচার্য জানিয়েছেন, নভেম্বরের তৃতীয় সপ্তাহে গানটি তিনি লিখেছেন। শ্যুটিং হয়েছে ২৭ নভেম্বর বালিতে, যেখানে হাজির ছিলেন প্রায় এক হাজারের বেশি যুবক–যুবতী। গানটি মোট ১৩ মিনিট ২৫ সেকেন্ডের, নেচে-গেয়ে এবং জমজমাট মিউজিকের সঙ্গে ভোট ও রাজনৈতিক আবহের কথা সাজানো হয়েছে। দেবাংশুর মতে, যে রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে, তা ভোটারদের মনে প্রভাব ফেলা উচিৎ।
রাজ্যের রাজনৈতিক মহলে গুঞ্জন, ‘মমতাদি আরেকবার’ ‘খেলা হবে’-র মতোই এই গানও ভোটের আবহকে গরম করে তুলতে পারে। বিশেষ করে ‘এসআইআর’ প্রক্রিয়া ঘিরে সরাসরি সংঘাতে নেমেছে তৃণমূল ও বিজেপি। এ আবহে এমন গান প্রাসঙ্গিক হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে গানটি। কমেন্ট বক্সে সমর্থন, উচ্ছ্বাস এবং রাজনৈতিক বিতর্কের মিশ্রণ দেখা যাচ্ছে। দেবাংশু জানিয়েছেন, এই গান একটি ‘ক্রিয়েটিভ কাউন্টার’। তাঁর বক্তব্য, “বাংলার মানুষের মনে বার্তা পৌঁছানোই আমাদের লক্ষ্য। ছাব্বিশের নির্বাচনের আগে তৃণমূল সমর্থকদের মধ্যে উৎসাহ জাগানোই তাঁর উদ্দেশ্য। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটের মুখে গানের মতো মাধ্যম কেবল জনমত তৈরি করে না, বরং রাজনৈতিক পরিস্থিতি, কর্মীদের কাজের উৎসাহ আরো তীব্র করে তোলে। এবারও দেবাংশু প্রমাণ করেছেন, রাজনীতিতে সঙ্গীত শুধু বিনোদন নয়, এটি শক্তিশালী প্রচারের হাতিয়ার হিসেবে কতটা কার্যকর হতে পারে। ২৬-এর বিধানসভা নির্বাচনে এই গান ‘খেলা হবে’-র মতো প্রভাব ফেলবে কি না, তা অবশ্য সময়ই বলবে। তবে আপাতত নেটপাড়ায় ‘ধুম মাচিয়ে’ চলেছে গানটি।
❤ Support Us






