Advertisement
  • দে । শ
  • আগস্ট ২৯, ২০২৫

হাসপাতালের ওয়ার্ডে পচাগলা দেহ, দায়িত্বে থাকা আধিকারিককে শোকজ

আরম্ভ ওয়েব ডেস্ক
হাসপাতালের ওয়ার্ডে পচাগলা দেহ, দায়িত্বে থাকা আধিকারিককে শোকজ

কাটোয়া মহকুমা হাসপাতালের পুরুষ ওয়ার্ডের ভিতরের স্টোররুম থেকে পচাগলা দেহ উদ্ধার। স্টোররুমের ভিতরে কর্তৃপক্ষের নজর এড়িয়ে কীভাবে মৃতদেহ এল তা নিয়ে উঠেছে প্রশ্ন। বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তপক্ষ। সুপার বিপ্লব মণ্ডল জানান, ‘ওয়ার্ডের ইনচার্জকে শোকজ করা হবে। উচ্চপর্যায়ের কমিটি গড়ে তদন্ত হবে।’ পুলিশের প্রাথমিক অনুমান, অন্তত দিন পাঁচেক আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। দেহ থেকে বিকট দুর্গন্ধ বের হওয়ায় ঘটনা জানাজানি হয়। খবর পেয়েই কাটোয়ার এসডিপিও ও একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। হাসপাতাল সূত্রের খবর, কিছুদিন আগে এক মানসিক ভারসাম্যহীন অসুস্থ ভবঘুরেকে পুলিশ চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি করে। মৃতদেহটি সেই ব্যক্তির বলে মনে হচ্ছে।

ঘটনার তদন্তের অঙ্গ হিসেবে ইতিমধ্যেই পুরুষ ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নার্স, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জিজ্ঞাসাবাদ হয়েছে। মৃতদেহটির পরিচয় পাওয়া যায়নি। কার গাফিলতিতে একটি রোগী ওয়ার্ড থেকে নিখোঁজ হল, স্টোর রুমেইবা কীভাবে গেল, মৃত্যুটাইবা কীভাবে হল, তা খুঁজে বের করতে সিসি ক্যামেরার ছবি পরীক্ষা করা হবে বলে জানান হাসপাতাল সুপার বিপ্লববাবু। হাসপাতালে চিকিৎসাধীন রোগীর পরিজন বাপি মণ্ডল, টিপু ডোমদের বক্তব্য, ‘পুরুষ ওয়ার্ডের মধ্যে দিয়ে নার্স চিকিৎসক কর্মীরা যাতায়াত করেন। অথচ পিছনের ঘরে কয়েকদিন ধরে একটি মৃতদেহ পড়ে থাকল, কেউ দেখল না?’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!