Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ২৪, ২০২৫

প্রতিরক্ষা খাতে বাড়ছে বরাদ্দ, দেশের তিন বাহিনীর জন্য ৭৯,০০০ কোটি টাকার প্রকল্পের অনুমোদন

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রতিরক্ষা খাতে বাড়ছে বরাদ্দ, দেশের তিন বাহিনীর জন্য ৭৯,০০০ কোটি টাকার প্রকল্পের অনুমোদন

একসপ্তাহ আগেই ভারতীয় সেনাবাহিনীর জন্য অ্যাসল্ট রাইফেলের নাইট সাইটডিভাইস এবং প্রয়োজনীয় আনুষাঙ্গিক জিনিসপত্র কেনার জন্য ৬৫৯.৪৭ কোটি টাকার এক চুক্তি স্বাক্ষর করেছে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রক। দেশের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির জন্য আরও একটা বড় পদক্ষেপ নিল প্রতিরক্ষা মন্ত্রক। দেশের তিন সশস্ত্র বাহিনীর জন্য ৭৯,০০০ কোটি টাকার সামরিক সরঞ্জাম কেনার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে একটা বৈঠক করেছে প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল। সেই বৈঠকে ভারতীয় বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনীর জন্য বেশকিছু সরঞ্জাম কেনার পরিকল্পনা অনুমোদিত হয়েছে। স্থলবাহিনীর জন্য Mk-II NAMIS নাগ ক্ষেপণাস্ত্র কেনার প্রস্তাবে সায় দিয়েছে প্রতিরক্ষা কাউন্সিল। এছাড়াও GBMES নামক স্থলভিত্তিক মোবাইল ELINT সিস্টেম এবং ক্রেন সহ উচ্চগতিশীল যানবাহন কেনার ব্যাপারেও অনুমোদন দিয়েছে।
NAMIS নাগ ক্ষেপনাস্ত্র শত্রুর যুদ্ধযান, বাঙ্কার এবং অন্যান্য ক্ষেত্র দুর্গ ধ্বংস করার জন্য সেনাবাহিনীর ক্ষমতা আরও শক্তিশালী করবে। GBMES ব্যবস্থার মাধ্যমে ২৪ ঘন্টা শত্রুদের ইলেকট্রনিক গোয়েন্দা তথ্য সরবরাহ করবে এবং কৌশলগত তথ্য সংগ্রহের জন্য তাদের ওপর নজর রাখবে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, উচ্চগতিশীল যানবাহনের অন্তর্ভুক্তি বিভিন্ন ভূখণ্ডে বাহিনীকে সরবরাহ সহায়তা উল্লেখযোগ্যভাবে উন্নত করবে।
নৌবাহিনীর জন্য ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক, ৩০ মিমি নেভাল সারফেস বন্দুক, উন্নত হালকা টর্পেডো, ইলেক্ট্রো অপটিক্যাল ইনফ্রারেড সার্চ, ট্র্যাক সিস্টেম, ৭৬ মিমি সুপার বন্দুক এবং মাউন্টের জন্য উন্নতমানের অস্ত্রশস্ত্র কেনার অনুমোদন দিয়েছে প্রতিরক্ষা অধিগ্রহন কাউন্সিল। সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সঙ্গে যৌথ অভিযান পরিচালনার ক্ষেত্রে ভারতীয় নৌবাহিনীর জন্য ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডকগুলি খুবই কার্যকর হবে। এই প্ল্যাটফর্মগুলি শান্তিরক্ষা অভিযান, মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণের জন্যও ব্যবহার করা যেতে পারে। উন্নত হালকা টর্পেডোটি প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার নৌ বিজ্ঞান ও প্রযুক্তিগত পরীক্ষাগারে তৈরি একটা দেশীয় ব্যবস্থা। এটা পারমাণবিক এবং মাঝারি আকারের সাবমেরিনগুলিকে লক্ষ্য করে আঘাত হানতে পারে। বিবৃতিতে বলা হয়েছে, ৩০ মিমি নৌ–পৃষ্ঠের বন্দুকগুলি নৌবাহিনী এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর সামুদ্রিক এবং জলদস্যু দমন অভিযান পরিচালনার ক্ষমতা বৃদ্ধি করবে।
কাউন্সিল ভারতীয় বিমান বাহিনীর জন্য অন্যান্য প্রস্তাবের মধ্যে সহযোগিতামূলক দীর্ঘপাল্লার লক্ষ্য স্যাচুরেশন এবং ধ্বংস ব্যবস্থা অনুমোদন করেছে। এই ব্যবস্থাটি অভিযানের সময় স্বায়ত্তশাসিতভাবে উড্ডয়ন, অবতরণ, নেভিগেট, লক্ষ্যবস্তু সনাক্তকরণ এবং এর পেলোড সরবরাহ করতে পারে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে এই অনুমোদনগুলি আত্মনির্ভর ভারত দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয়ভাবে উন্নত ব্যবস্থার মাধ্যমে সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণের ওপর সরকারের মনোযোগকে প্রতিফলিত করে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!