Advertisement
  • দে । শ
  • নভেম্বর ২৫, ২০২২

আদালতের নির্দেশ: অনুমতি ছাড়া পণ্যের বিজ্ঞাপনে অমিতাভের নাম,কন্ঠস্বরের ব্যবহার চলবে না

আরম্ভ ওয়েব ডেস্ক
আদালতের নির্দেশ: অনুমতি ছাড়া পণ্যের বিজ্ঞাপনে অমিতাভের নাম,কন্ঠস্বরের ব্যবহার চলবে না

অনুমতি ছাড়া অমিতাভ বচ্চনের ছবি, নাম, কন্ঠস্বর বিজ্ঞাপনে অথবা যে-কোনো বাণিজ্যিক কাজে ব্যবহার করার ওপর নিষেধাজ্ঞা জারি করল আদালত।ভিডিয়ো, অডিয়ো কিংবা প্রিন্ট মাধ্যমে এ নির্দেশকে লঙ্ঘন করা চলবে না।প্রায়ই দেখা যায়, কোনো কোনো সংস্থা জনপ্রিয় অভিনেতার সঙ্গে কথা না বলে, তাঁর সঙ্গে কোনো ধরণের চুক্তি না করে তাঁর ছবি,  কন্ঠস্বর এবং তাঁর নাম পণ্যের বিজ্ঞাপনে ব্যবহার করছেন। দেশে বিদেশে। সদাশয় অভিনেতা এই অন্যায় প্রবণতাকে বহুদিন আমল দেননি। তাঁর উদারতার সুযোগ নিয়ে যত্রতত্র তাঁকে ব্যবহার করা হচ্ছে। এইসব দেখে সম্প্রতি তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং আদালতের দ্বারস্থ হন। তাঁর আবেদনে সাড়া দিয়ে দিল্লি হাইকোর্ট কঠোর নির্দেশ জারি করে বলেছে, ২৫ নভেম্বর থেকে অনুমতি ছাড়া জনপ্রিয় অভিনেতার নাম, ছবি, কন্ঠস্বর, পোশাক বা পণ্যের বিজ্ঞাপন অথবা যে কোনো সরকারি-বেসরকারি ব্যবসায়িক কাজে ব্যবহার করা যাবে না। অমিতাভের নাম সমেত যে সব পণ্যের বিজ্ঞাপন তাঁর অনুমতি না নিয়ে বাজারে চালু রয়েছে, সবই প্রত্যাহার করে নিতে হবে। দিল্লি হাইকোর্টের বিচারপতি, নবীন চাওলা বলেছেন, অমিতাভ একজন সুপরিচিত ব্যক্তি। তাঁকে তাঁর অনুমতি ছাড়া, বিজ্ঞাপনের মুখ হিসেবে ব্যবহার করা হচ্ছে কোথাও কোথাও। অভিনেতা ক্ষুব্ধ, এটা চলতে পারে না।

বিজ্ঞাপনের মুখ হিসেবে জনপ্রিয় অভিনেতা, লেখক, নাট্যকারের নাম ব্যবহারের প্রবণতা নতুন নয়।বরাবর হয়ে থাকে। তেলের বিজ্ঞাপনে সুনূল গঙ্গোপাধ্যায়ের নাম আর ছবির ব্যবহার একসময় বাংলায় প্রকান্ড বিস্ময় তৈরি করেছিল। অনুমতি সহ সমাজের চেনামুখের নাম ছবির ব্যবহার খুবই ভালো। তাই বলে যত্রতত্র, অনুমোদনের তোয়াক্কা না করে সামাজিক প্রজ্ঞা আর প্রতিভার নাম ব্যবহার চলতে থাকবে। এটা এক ধরনের ধৃষ্টতা।এদিক থেকে, দিল্লি হাইকোর্টের নির্দেশ একটি ঐতিহাসিক পদক্ষেপ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!