Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১৮, ২০২৫

দূষণ, কুয়াশার জোড়া ফলায় অস্বস্তিতে রাজধানী, হাল ফেরতে কড়া পদক্ষেপ রেখা সরকারের

আরম্ভ ওয়েব ডেস্ক
দূষণ, কুয়াশার জোড়া ফলায় অস্বস্তিতে রাজধানী, হাল ফেরতে কড়া পদক্ষেপ রেখা সরকারের

দিল্লিতে দূষণ রুখতে কড়া পদক্ষেপ, আজ থেকে ভারত স্টেজ ৬ ইঞ্জিনবিহীন যানবাহন নিষিদ্ধ রাজধানীতে । একই সঙ্গে, বৈধ দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র না থাকলে, পেট্রোল পাম্পে মিলবে না জ্বালানি ।

রেখা গুপ্তা সরকারের এই সিদ্ধান্তে গুরুগ্রাম, গাজিয়াবাদ, ফরিদাবাদ ও নয়ডা থেকে দিল্লিতে প্রবেশ করা প্রায় ১২ লক্ষ যানবাহন প্রভাবিত হবে বলে ধারণা করা হচ্ছে । এর মধ্যে নয়ডা থেকে প্রায় ৪ লক্ষ, গুরুগ্রাম থেকে ২ লক্ষ এবং গাজিয়াবাদ থেকে ৫.৫ লক্ষ যানবাহন দিল্লিতে প্রবেশ করতে পারবে না ।

যানবাহন পরীক্ষা করার জন্য ৫৮০ জন পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে এবং ১২৬টি চেকপয়েন্টে ৩৭টি এনফোর্সমেন্ট ভ্যান মোতায়েন । পেট্রোল পাম্পগুলিতে পরিবহণ দফতর, পুরসভা কর্মীদের নজরদারিতে নিযুক্ত করা হয়েছে । ইতিমধ্যেই পেট্রোল পাম্পগুলিতে স্বয়ংক্রিয় নাম্বার প্লেট শনাক্তকারী ক্যামেরা বসানো হয়েছে, যা বৈধ দূষণ শংসাপত্র না থাকা যানবাহন শনাক্ত করবে।

দিল্লিতে মূলত শীতকালে যানবাহনই PM 10 দূষণের ১৯.৭ শতাংশ এবং PM 2.5 দূষণের ২৫.১ শতাংশের জন্য দায়ী । পাশাপাশি, ১০০টি চিহ্নিত ট্রাফিক জটের স্থানে যানজট কমানোর কাজ চলছে এবং একটি সমন্বিত ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, যা ট্রাফিক সিগন্যালে সময় ও দূষণ দুটোই কমাবে ।

বৃহস্পতিবার লোকসভায় দূষণ নিয়ে নিয়ম ১৯৩-এর অধীনে আলোচনা হওয়ার কথা । শীতকালীন অধিবেশনের শুরু থেকেই কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল এই আলোচনার দাবি জানিয়ে আসছিল ।

নভেম্বর থেকে দিল্লির বায়ু মান সূচক (AQI) “ভয়াবহ” ও “অত্যন্ত খারাপ” স্তরের মধ্যে ঘোরাফেরা করছে । বুধবার বিকেল ৪টায় শহরের ২৪ ঘণ্টার গড় AQI ছিল ৩৩৪, যা “অত্যন্ত খারাপ” শ্রেণিতে পড়ে, যদিও মঙ্গলবারের ৩৫৪ রিডিংয়ের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে।

দূষণের কারণে প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা স্তব্ধ । মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অনলাইন বা অফলাইন, দুটির মধ্যেই যেকোনো একটি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে । অফিসগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন মাত্র ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালায় ।

অন্যদিকে বুধবার রাতে উত্তরপ্রদেশের লখনউতে কুয়াশার জন্য ভারত–দক্ষিণ আফ্রিকার মধ্যে টি২০ সিরিজের চতুর্থ ম্যাচ শুরুই করা যায়নি । লখনউয়ের অটলবিহারী বাজপেয়ী একনা স্টেডিয়ামে ভারত ও দক্ষিণ আফ্রিকার চতুর্থ টি২০ ম্যাচ ছিল। প্রচণ্ড কুয়াশার জন্য ম্যাচ বাতিল হয়ে যায়। সন্ধে সাড়ে ৬টায় টস হওয়ার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার জন্য টসই হতে পারেনি ।

বৃহস্পতিবার ভোর থেকে দিল্লিতে ঘন কুয়াশা থাকায় কমপক্ষে ৪০টি বিমান দেরিতে ওঠা-নামা করেছে । ২২টিরও বেশি ট্রেন দেরিতে চলছে । দিল্লির বেশিরভাগ অংশ ঘন কুয়াশায় ঢাকা । যার ফলে দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে । রাস্তাঘাটেও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটেছে । দিল্লির বাসিন্দাদের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে । ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ঘন কুয়াশার মধ্যে একটা সতর্কতা জারি করে বলেছে যে, কুয়াশার কারণ বিমান চলাচলে বিলম্ব ঘটছে ।

শুধু বিমান নয়, ট্রেন পরিষেবাও বিঘ্নিত হয়েছে। ২২টিরও বেশি ট্রেন দেরিতে চলছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, ১) ১৯২৭২ হরিদ্বার ভাবনগর এক্সপ্রেস, ২) ১২৪১৭ প্রয়াগরাজ এক্সপ্রেস, ৩) ১২৪২৭ রেওয়া আনন্দ বিহার এক্সপ্রেস, ৪) ২২৪৩৫ নয়াদিল্লি বন্দে ভারত এক্সপ্রেস, ৫) ১১৮৪১ গীতা জয়ন্তী এক্সপ্রেস, ৬) ১৪২৪১ নৌচণ্ডী এক্সপ্রেস, ৭) ১৩২৫৭ আনন্দ বিহার টার্মিনাস জনসাধারণ এক্সপ্রেস, ৮) ১২৫৫৭ সপ্ত ক্রান্তি এক্সপ্রেস, ৯) ১২৪২৯ নয়াদিল্লি এসি সুপারফাস্ট এক্সপ্রেস, ১০) ১৪২০৭ পদ্মাবত এক্সপ্রেস, ১১) ১২২২৫ কাইফিয়াত এক্সপ্রেস।

ঘন কুয়াশার কারণে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। দিল্লির সঙ্গে জাতীয় রাজধানী অঞ্চলের পার্শ্ববর্তী শহরগুলিকে সংযুক্তকারী প্রধান প্রধান সড়ক এবং মহাসড়কগুলিতে যানবাহন ধীর গতিতে চলতে দেখা গেছে। আবহাওয়া কর্মকর্তাদের মতে, শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আগামী দিনগুলিতে ভোরে কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!