Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১৫, ২০২৪

অরুন্ধতী রায়, শেখ শওকত হুসেনের বিরুদ্ধে মামলা, অনুমোদন দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের

আরম্ভ ওয়েব ডেস্ক
অরুন্ধতী রায়, শেখ শওকত হুসেনের বিরুদ্ধে মামলা, অনুমোদন দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের

দিল্লির এক অনুষ্ঠানে উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার অভিযোগে লেখিকা অরুন্ধতী রায় এবং কাশ্মীরের এক প্রাক্তন অধ্যাপকের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের অধীনে বিচার শুরু করার অনুমোদন দিয়েছেন ‌দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা। দিল্লির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশের পর এই দুজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই ব্যাপারে অরুন্ধতী রায় ও প্রাক্তন অধ্যাপক শেখ শওকত হুসেনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২০১০ সালের ২১ অক্টোবর কোপারনিকাস মার্গের এলটিজি অডিটোরিয়ামে ‘‌আজাদী, দ্য অনলি ওয়ে’‌–এর ব্যানারে আয়োজিত এক সম্মেলনে অরুন্ধতী রায় ও শেখ শওকত উস্কানিমূলক বক্তৃতা করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। সেই সম্মেলনে নাকি ভারত থেকে কাশ্মীরকে আলাদা করার কথা প্রচার করেছিলেন অরুন্ধতী রায় ও শেখ শওকত। সম্মেলনে বক্তৃতাকারীদের মধ্যে ছিলেন সৈয়দ আলী শাহ গিলানি, এসএআর গিলানি, অরুন্ধতী রায়, ডঃ শেখ শওকত হুসেন এবং ভারাভারা রাও। ৮ অক্টোবর কাশ্মীরের সমাজকর্মী সুশীল পণ্ডিতের করা অভিযোগের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত করা হয়েছিল।
দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের অফিস রাজ নিবাস থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‌দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা, অরুন্ধতী রায় এবং কাশ্মীরের সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক আইনের প্রাক্তন অধ্যাপক ডঃ শেখ শওকত হুসেনের বিরুদ্ধে করা মামলায় বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের ৪৫ (‌১)‌ ধারার অধীনে বিচারের অনুমোদন দিয়েছেন।’‌ এর আগে গত অক্টোবরে, লেফটেন্যান্ট গভর্নর ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ (ধর্ম, জাতি, জন্মস্থান, বাসস্থানের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা), ১৫৩বি (জাতীয় সংহতির পক্ষে ক্ষতিকারক অভিযোগ), ১৯৬ (‌ভাষা এবং সম্প্রীতি রক্ষণাবেক্ষণের জন্য ক্ষতিকর কাজ করা এবং ৫০৫ জনসাধারণের দুর্নাম ঘটানো বিবৃতি) ধারায় বিচারের অনুমোদন দেওয়া হয়েছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!