Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২, ২০২৩

আবগারি মামলায় ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে রাঘব চাড্ডার নাম । খবর ভুয়ো, দাবি আপ সাংসদের

আরম্ভ ওয়েব ডেস্ক
আবগারি মামলায় ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে রাঘব চাড্ডার নাম । খবর ভুয়ো, দাবি আপ সাংসদের

দিল্লি সরকারের আবগারি নীতি সংক্রান্ত দুর্নীতি মামলায় আপ সাংসদ রাঘব চাড্ডার নাম রয়েছে। মঙ্গলবার ইডির পেশ করা দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে তাঁর নাম আছে। ইডি সূত্রের খবর, দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়ার প্রাক্তন সেক্রেটারি সি অরবিন্দ জানিয়েছেন, প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী শিশোদিয়ার বাড়িতে আবগারি নীতি সংক্রান্ত এক বৈঠকে হাজির ছিলেন রাঘব। এছাড়া সেখানে উপস্থিত ছিলেন পঞ্জাবের আবগারি দফতরের কমিশনার বরুণ রুজাম, এই মামলার অন্যতম অভিযুক্ত বিজয় নায়ার এবং পঞ্জাব সরকারের আবগারি দফতরের অন্য উচ্চপদস্থ আধিকারিকরা।

সম্প্রতি দিল্লির সিবিআই আদালতে যে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে, তাতে দিল্লি সরকারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়ার নাম রয়েছে। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে আবগারি নীতি সংক্রান্ত দুর্নীতি মামলায় টানা আটঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয় মণীশ শিশোদিয়াকে। ২০২০-২০২১ সালে বিতর্কিত ওই আবগারি নীতি অনুসারে, মদের ব্যবসায়ীদের থেকে মোটা টাকা ঘুষ নিয়ে তাঁদের মদ বিক্রির লাইসেন্স পাইয়ে দেওয়া হয়েছিল। এই অভিযোগ নিয়ে  চাঞ্চল্য ছড়ানোর পরে ইতিমধ্যে বিতর্কিত ওই আবগারি নীতি বাতিল করা হয়েছে। যদিও আবগারি নীতি সংক্রান্ত দুর্নীতির অভিযোগ গোড়া থেকেই খারিজ করে আসছে আপ।

এদিকে আবগারি নীতি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে বরাবরই ইডি কাঠগড়ায় তুলছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। ইডির অভিযোগ, বিতর্কিত ওই আবগারি নীতি কেজরিওয়ালের মস্তিষ্কপ্রসূত। তিনি দুর্নীতির দায়ে ফেঁসে যাওয়া শিশোদিয়া-সহ একাধিক অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছেন বলেও ইডির গোয়েন্দাদের দাবি।

এই মামলায় ইডি কাঠগড়ায় তুলেছে ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতা-সহ একাধিক ব্যক্তিকে, যাঁরা পরে গ্রেফতার হয়েছেন।

এদিকে দিল্লি সরকারের আবগারি দুর্নীতি সংক্রান্ত মামলায় ইডি পেশ করা সাপ্লিমেন্টারি চার্জশিটে তাঁর নাম থাকা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন আপ সাংসদ রাঘব চাড্ডা। তিনি বলেছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াতে ভুয়ো খবর ছড়ানো হয়েছে। আবগারি নীতি সংক্রান্ত দুর্নীতি মামলায় তিনি সন্দেহভাজন কিংবা অভিযুক্ত কোনওটাই নন। তাঁর ভাবমূর্তি কালিমালিপ্ত করতেই এধরনের ভুয়ো খবর রটানো হচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!