Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ২৪, ২০২৫

দিল্লির বুকে নাশকতার ছক! পুলিশের জালে দুই আইএসআইএস জঙ্গি

আরম্ভ ওয়েব ডেস্ক
দিল্লির বুকে নাশকতার ছক! পুলিশের জালে দুই আইএসআইএস জঙ্গি

রাজধানীতে ভয়াবহ নাশকতার ছক ফাঁস। স্পেশ্যাল সেলের তৎপরতায় অল্পের জন্য বড়োসড়ো সন্ত্রাস রুখল দিল্লি পুলিশ। শুক্রবার ভোরে, দিল্লির সাদিক নগর এলাকায় নাটকীয় অভিযানে গ্রেফতার করা হয়েছে দুই সন্দেহভাজন আইএসআইএস জঙ্গিকে। পুলিশের দাবি, ওই দুই যুবক রাজধানীর জনবহুল এলাকায় আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করছিল। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম এবং একাধিক ইলেকট্রনিক যন্ত্রপাতি।

পুলিশ সূত্রে খবর, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার গভীর রাতে শুরু হয় অভিযান। দীর্ঘক্ষণ তল্লাশির পর শুক্রবার ভোরে ধরা পড়ে দুই সন্দেহভাজন। ধৃতদের দু-জনেই নিজেদের নাম ‘আদনান’ বলে দাবি করেছে। তদন্তে জানা গিয়েছে, তাদের একজনের বাড়ি মধ্যপ্রদেশের ভোপালে, অপরজন দিল্লিরই বাসিন্দা। পুলিশি সূত্রে ইঙ্গিত, দু-জনেরই যোগ রয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএসআইএস-এর সঙ্গে।

দিল্লি পুলিশের অ্যাডিশনাল কমিশনার প্রমোদ কুশওয়াহা এবং এসিপি ললিত মোহন নেগির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ধৃতদের কাছ থেকে পাওয়া নথি, বিস্ফোরক এবং ইলেকট্রনিক সরঞ্জাম দেখে গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, রাজধানীর সংবেদনশীল এলাকায় হামলার পরিকল্পনা ছিল তাদের। পুলিশের এক আধিকারিকরা জানিয়েছেন, ‘ধৃতদের জেরা করে এবং উদ্ধার করা উপকরণ দেখে মনে হচ্ছে, তারা আত্মঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছিল। বাস্তবায়নের আগেই আমরা তা আটকাতে পেরেছি।‘ তদন্তে আরও জানা গিয়েছে, ওই দুই জঙ্গির যোগাযোগ ছিল আইএসআইএস-এর এক শীর্ষ হ্যান্ডলারের সঙ্গে। হামলার নির্দেশও আসে বিদেশের মাটি থেকেই। হামলার প্রাথমিক পর্যায়ের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে ছিল। পুলিশ সূত্রে খবর, ধৃতরা ইতিমধ্যেই আইইডি তৈরির কাজ শুরু করেছিল।

এই মুহূর্তে, গোয়েন্দা দফতর, আইবি ও একাধিক কেন্দ্রীয় সংস্থা মিলে ধৃতদের জেরা করছে। কাদের নির্দেশে তারা কাজ করছিল, তাদের নেটওয়ার্ক কতটা বিস্তৃত, এবং আর কেউ যুক্ত আছে কি না তা জানার চেষ্টা চলছে। তদন্তকারীদের সন্দেহ, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মদতেই এই নাশকতার ছক আঁকা হয়েছিল। প্রসঙ্গত, এর আগেও রাজধানীতে একাধিকবার আইএসআইএস জঙ্গিদের গ্রেফতার করেছে দেশের নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা। ২০১৮ সালে এনআইএ দিল্লি থেকেই গ্রেফতার করেছিল আইএসের আবুধাবি মডিউলের দুই সদস্যকে। ২০২০ সালে ধরা পড়ে আবু ইউসুফ ওরফে মুস্তাকিম খান। গত বছরও স্পেশ্যাল সেলের জালে ধরা পড়েছিল আইএসের পুণে মডিউলের নেতা মহম্মদ শাহনওয়াজ ওরফে শফিউজ্জমান। কয়েকমাস আগেও বেশ কয়েকজন সন্দেহভাজন জঙ্গি ধরা পড়ে। উৎসবের মরসুমে সম্ভাব্য হামলার আশঙ্কায় রাজধানী-সহ দেশের সমস্ত বড়ো শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মেট্রো ও রেল স্টেশন, বিমানবন্দর ও জনবহুল এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!