- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ১৫, ২০২৫
দিল্লি বিমানবন্দরে উড়ান বিপর্যয়, ঘন কুয়াশায় ব্যাহত প্রধানমন্ত্রীর বিদেশ সফর
দিল্লিতে ঘন কুয়াশা ও তীব্র বায়ুদূষণের জেরে নির্ধারিত সময়ে উড়তে পারেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমান। সোমবার সকাল আটটায় প্রধানমন্ত্রীর জর্ডন যাওয়ার কথা ছিল। কিন্তু দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ায় দিনের আলোতেও অন্ধকার নেমে আসে, যার ফলে নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটের যাত্রা পিছিয়ে যায়। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর বিমান ঠিক কবে রওনা দেবে, সে বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট তথ্য জানা যায়নি।
শুধু প্রধানমন্ত্রীর ফ্লাইটই নয়, ঘন কুয়াশার প্রভাব পড়েছে রাজধানীর অন্যান্য বিমান চলাচলেও। বহু ফ্লাইটের ওঠানামা ব্যাহত হয়েছে, ফলে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। এই পরিস্থিতিতে দিল্লি বিমানবন্দরের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, ঘন কুয়াশার কারণে ফ্লাইট পরিচালনায় সমস্যা দেখা দিচ্ছে। যাত্রীদের অসুবিধা কমানোর সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখার অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতির জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ দুঃখপ্রকাশও করেছে।
এদিকে, ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়ার তরফ থেকেও আলাদা বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কম দৃশ্যমানতার কারণে বিমানের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ কুয়াশার কারণে রাস্তায় যানজট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
ঘন কুয়াশার প্রভাব শুধু বিমান চলাচলেই সীমাবদ্ধ নয়, ট্রেন চলাচলেও তার প্রভাব পড়েছে। বিভিন্ন রুটে ট্রেন দেরিতে চলছে বলে জানা গেছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে আবহাওয়া দপ্তর (IMD) ঘন কুয়াশার জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এটি জর্ডন সফর। দু’দিনের এই সফরে তিনি জর্ডনের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। রাজনীতি, ব্যবসা-বাণিজ্য এবং সংস্কৃতি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি, প্রধানমন্ত্রী জর্ডনের ব্যবসায়ীদের আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেখানে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এটি কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম জর্ডন সফর হিসেবে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
❤ Support Us






