Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ২৭, ২০২৬

রাজ্যের ডিজি সিদ্ধনাথ গুপ্তের চাকরির মেয়াদ ছ’মাস বাড়াল কেন্দ্র

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যের ডিজি সিদ্ধনাথ গুপ্তের চাকরির মেয়াদ ছ’মাস বাড়াল কেন্দ্র

দ্বিতীয় দফার ভোটের প্রাক্কালে পশ্চিমবঙ্গের পুলিশ মহাপরিচালক (ডিজি) সিদ্ধনাথ গুপ্তের চাকরির মেয়াদ আরও ছ’মাস বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাঁর অবসর নেওয়ার কথা ছিল আগামী ৩০ এপ্রিল, কিন্তু নতুন নির্দেশ অনুযায়ী তিনি আরও ছ’মাস এই পদে বহাল থাকবেন । কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সোমবার রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালার কাছে চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা জানায় ।

কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটির সচিবালয় বিজ্ঞপ্তি দিয়ে জানায়, স্বরাষ্ট্র মন্ত্রকের প্রস্তাবেই এই মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং জনস্বার্থে ১৯৫৮ সালের অল ইন্ডিয়া সার্ভিস (ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিটস) আইনের আওতায় তা কার্যকর করা হয়েছে।

ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর নির্বাচন কমিশন রাজ্যের প্রশাসন ও পুলিশ মহলে বড়সড় রদবদল করেছিল । সেই সময় ডিজিপি পদ থেকে পীযূষ পাণ্ডেকে সরিয়ে দিয়ে ১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার সিদ্ধনাথ গুপ্তকে নতুন ডিজিপি হিসেবে নিয়োগ করা হয় । পাশাপাশি কলকাতা পুলিশের কমিশনার, রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) এবং ডিজি (কারা) পদেও পরিবর্তন আনা হয়েছিল ।

এছাড়াও রাজ্যের মুখ্যসচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দুষ্মন্ত নারিওয়ালাকে দায়িত্ব দেওয়া হয় এবং স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকে সরিয়ে সংঘমিত্রা ঘোষকে ওই পদে বসানো হয় । এরপর আরও একাধিক পুলিশ আধিকারিকের বদলিও করা হয় ।

নির্বাচন কমিশন বারবার জানিয়েছে, রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই এই প্রশাসনিক রদবদল করা হয়েছে । ২৩ এপ্রিল প্রথম দফার ভোটে প্রায় ৯৩ শতাংশ ভোট পড়ে ১৬টি জেলার ১৫২টি আসনে । কমিশনের দাবি, নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ ছিল । রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার অগ্রবাল জানান, কোনও ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে অশান্তির অভিযোগ পাওয়া যায়নি । কিছু বিচ্ছিন্ন ঘটনা বুথের বাইরে ঘটলেও কোথাও মৃত্যুর খবর নেই । ফলে প্রথম দফার কোনও বুথেই পুনর্নির্বাচনের প্রয়োজন হয়নি ।

এই পরিস্থিতিতে বুধবার দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যের ডিজি সিদ্ধনাথ গুপ্তের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!