- এই মুহূর্তে দে । শ
- জুলাই ৮, ২০২৫
“আমি বিজেপিতেই আছি”, শমীকের ডাকে দলীয় দফতরে এসে জানিয়ে গেলেন দিলীপ
তাঁকে নিয়ে, তাঁর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে বেশ কিছু দিন ধরে ব্যাপক জল্পনা চলছিল। যাঁকে নিয়ে এই জল্পনা সেই দিলীপ ঘোষ মঙ্গলবার সল্টলেকে বিজেপি দফতরে পৌঁছে সদ্য বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে জানিয়ে এলেন, তিনি দলেই থাকছেন। ২০২৬ এ তৃণমূলকে বাংলা থেকে সাফ করতে বিজেপি ঐক্যবদ্ধভাবেই লড়বে বলেও ঘোষণা করলেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
মঙ্গলবার দিলীপ ঘোষকে ফোন করে রাজ্য দফতরে আসতে অনুরোধ করেন দলের বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। দিলীপ ঘোষ শমীকের ফোন পেয়ে দলের সল্টলেক দফতরে আসেন। দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়।
বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে আলোচনার পর দলের কর্মী ও সংবাদ মাধ্যমের উদ্দেশে দিলীপ ঘোষ বলেন, “রাজনীতিতে অ্যাজেন্ডা চালানো একটা বড় অস্ত্র। যে কর্মীরা দোলাচলে ছিলেন আশা করি সব কেটে যাবে। আমি কোনও জল্পনার অবসান করতে আসিনি। আমি বাস্তবে বিশ্বাসী। স্লোগান দিয়েছিলাম, ১৯ এ হাফ ২১ এ সাফ। ২১ এ সাফ হয়নি, বেঁচে গেছে। ২০২৬ এ সাফ হয়ে যাবে। আমি রাজ্য সভাপতিকে বলেছি, আপনার নেতৃত্বে দলের সব কর্মীরা মিলে আমরা ছাব্বিশে নবান্ন দখল করব।”
এর পর দিলীপ ঘোষ তাঁর দল বদল নিয়ে জল্পনার প্রসঙ্গ উল্লেখ না করে বলেন, “দিলীপ ঘোষের দাম আছে, দাম থাকবে। যাঁদের দাম থাকে তাঁদের নিয়েই জল্পনা হয়। যাঁদের দাম নেই তাঁরা রাস্তায় গড়াগড়ি খায়।”
দিলীপ ঘোষ সল্টলেক রাজ্য বিজেপি দফতরে ঢুকতেই উচ্ছ্বাসে ফেটে পরে দলের কর্মী সমর্থকরা। স্লোগান ওঠে দিলীপ ঘোষ স্বাগতম। বাংলার দামাল ছেলে দিলীপ ঘোষ স্বাগতম। ফুল,মিষ্টি এনে বিতরণ শুরু হয়ে যায়। দিলীপ ঘোষ তাঁকে দেখে উৎসাহী দলীয় কর্মীদের হাত নেড়ে শান্ত হতে বলেন। দলের সদ্য দায়িত্বপ্রাপ্ত রাজ্য সভাপতির জন্য গেরুয়া উত্তরীয় এবং পদ্ম খোচিত স্মারক নিয়ে আসেন। শমীকের গলায় উত্তরীয় পরিয়ে, পদ্ম খোচিত স্মারকটি তাঁর হাতে তুলে দেন দিলীপ ঘোষ। শমীক চেয়ারের ওপর দাঁড়িয়ে ভাষণ দেন।
রাজ্য দফতর ছাড়ার সময় দিলীপ ঘোষ জানিয়ে যান, “আমি দলে আছি, দলেই থাকবো।” এর আগে শমীকের সংবর্ধনায় হাজির না হওয়ার জন্য দিলীপ ঘোষ বলেছিলেন, “আমি যেহেতু বিজেপি রাজ্য কমিটির কোনও পদে নেই তাই কর্মসূচিতে উপস্থিত থাকার দরকার নেই। তার মানে এই নয় দলের সঙ্গে আমার দূরত্ব তৈরি হয়েছে।” এদিন দিলীপ ঘোষ বলেন, “কোনও দূরত্ব নয়। দলের জন্য অনেক ঘাম, রক্ত আমি ঝরিয়েছি৷ দলের দেড়শো কর্মী প্রাণ দিয়েছেন৷ তাই বুকের ভিতরে সেই আগুন রয়েছে, আবেগ কাজ করে৷’
শেষে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “আগামী ১৫ দিনের মধ্যে আপনারা ঐক্যবদ্ধ বিজেপিকে দেখতে পাবেন।”
❤ Support Us






