- দে । শ
- ফেব্রুয়ারি ২৩, ২০২৬
পদ্ম ছেড়ে তৃণমূলে, জার্সি বদল করলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস
জল্পনা চলছিলই, এবার আনুষ্ঠানিক ভাবে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন প্রাক্তন বিধায়ক, ফুটবলার দীপেন্দু বিশ্বাস। বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে সরব হয়ে বসিরহাট পুরসভার প্রাক্তন উপ পুরপ্রধান পার্থসারথী বসু (কাবাক) পুরনো দলে এলেন। কংগ্রেস ছাড়লেন বসিরহাট ১ ব্লক কংগ্রেসের সভাপতি আবদুল কাদের। একই সঙ্গে বিজেপি, আইএসএফ, সিপিএম সহ বিরোধী দল থেকে ২৭ জন জনপ্রতিনিধি ও ৬০ জন নানা স্তরে নেতা এদিন তৃণমূলে যোগ দিলেন।
রবিবার এক অনুষ্ঠানে তৃণমূলের জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন, জেলা চেয়ারম্যান সরোজ ব্যানার্জি, তৃণমূল নেতা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এটিএম আবদুল্লা রনি প্রমুখ এদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তৃণমূলের বসিরহাট দক্ষিণের পর্যবেক্ষক সুরজিৎ মিত্র বাদল, বিধায়ক রফিকুল ইসলাম, ঊষারানি মণ্ডল, সপ্তর্ষি ব্যানার্জি, সুকুমার মহাতো, শেখ রবিউল ইসলাম, দেবেশ মণ্ডল প্রমুখ। ফুটবলার দীপেন্দু বিশ্বাস ২০১৬ সালে বসিরহাট দক্ষিণ থেকে বিজেপির শমীক ভট্টাচার্যকে হারিয়ে বিধায়ক হন। ২০২১ সালে দীপেন্দুকে দল প্রার্থী না করায় তিনি বিজেপিতে যোগ দেন। কিন্তু বিজেপিতে গিয়ে অল্পদিনেই তাঁর মোহভঙ্গ হয়। কৃতি ফুটবলার হিসেবে তৃণমূলের একাধিক কর্মসূচিতে দীপেন্দুকে দেখা যায় এমনকী , মুখ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান, মিছিলে অংশ নেন দীপেন্দু। অনেকদিন ধরেই জল্পনা চলছিল দীপেন্দু আবার তৃণমূলে ফিরবেন। আজ সেই জল্পনার অবসান ঘটিয়ে দীপেন্দু আবার তৃণমূলে ফিরে বললেন, ‘মানুষের তো ভুল হয়। বাংলার উন্নয়নের জন্য মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্ব কাজ করার সুযোগ পাব এটাই ভালো লাগছে।’ দীপেন্দু কী আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর পুরনো কেন্দ্র বসিরহাট দক্ষিণ থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান? তার উত্তরে দীপেন্দু বলেন, দল যে দায়িত্ব দেবেন তা তিনি পালন করবেন। দীপেন্দু আবার সক্রীয় রাজনীতিতে আশায় বসিরহাটের রাজনৈতিক সমীকরণ নতুন মাত্রা পাবে বলে মনে করা হচ্ছে।
বসিরহাট পুরসভার প্রাক্তন উপ পুরপ্রধানও বিজেপিতে গিয়েছিলেন। ২০২২ এর পুরসভা নির্বাচনে তিনি ১৪ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী হন। এদিন তিনিও পুরনো দলে ফিরলেন। পার্থ সারথী বসু বলেন, ‘বিজেপি করতে গিয়ে দেখেছি দলটা সাম্প্রদায়িক। বিজেপি অবাঙালিদের দল। ওরা বাংলা বিরোধী। বাংলা উন্নয়ন একমাত্র মমতা ব্যানার্জি করতে পারেন। মমতা ছাড়া বাংলা বাঁচবে না।’ বসিরহাট ১ নং ব্লক কংগ্রেসের সভাপতি, দু’ বারের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য, বর্তমানে পঞ্চায়েত সদস্য, দাপুটে কংগ্রেস নেতা আবদুল কাদের বলেন, ‘কংগ্রেস যত ছোট হচ্ছে তত তাদের অন্তর্কলহ তীব্র আকার নিচ্ছে। আমি সারা বছর রাজনীতির মাঠে খেলার লোক এটা সবাই জানে। আন্দোলনের নামে ৬ মাসে ২ টো খেপ খেলা ছাড়া কংগ্রেসে কোন কাজ নেই।’ কাদের বলেন, ‘বিজেপি আমার কাছে আতঙ্ক। ওরা এলে ডিম, মাছ, মাংস খাওয়া ভুলতে হবে। তৃণমূল ছাড়া বিজেপিকে কেউ রুখতে পারবে না।’ বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন বলেন, বাংলার উন্নয়ণের স্বার্থে এঁরা সকলেই দলের কাছে মমতা ব্যানার্জির নেতৃত্ব কাজ করার ইচ্ছা প্রকাশ করে আবেদন করেছিলেন। এরা সকলেই সামাজিক কর্মকান্ডে নিজেকে যুক্ত রেখেছেন দীর্ঘদিন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ অভিষেক ব্যানার্জির অনুমোদন ক্রমে দলের পতাকা তুলে দেওয়া হল। এতে বসিরহাট ৭ বিধানসভা কেন্দ্রে বিজেপি বিরোধী লড়াই আরও শক্তিশালী হবে। বসিরহাট মহকুমার ৭ টি বিধানসভাতেই এবার তৃণমূল জিতবে।
❤ Support Us





