- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ২, ২০২৫
দেশে চিকিৎসক-রোগীর অনুপাত ১:৮১১ । রাজ্যসভায় জানালেন নাড্ডা
দেশে চিকিৎসক এবং রোগীর অনুপাত, ১: ৮১১ । মঙ্গলবার রাজ্যসভায়, এক প্রশ্নের উত্তরে একথা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা । অ্যালোপাথিক চিকিৎসায় নথিভূক্ত চিকিৎসকের সংখ্যা ১৩,৮৮,১৮৫ জন । দেশে আয়ুষ বিভাগে নথিভূক্ত চিকিৎসক ৭,৫১,৭৬৮ জন । দেশে কর্মরত চিকিৎসকদের ৮০ % ভারতীয় মেডিক্যাল রেজিস্টারে নথিভূক্ত ।
এদিন রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, গত ১১ বছরে দেশে মেডিক্যাল কলেজের সংখ্যা বেড়েছে । ২০১৪ সালে ভারতে মেডিক্যাল শিক্ষার জন্য কলেজ ছিল ৩৮৭টি । এখন চিকিৎসা বিষয়ে পাঠদান করে ৮১৮টি কলেজ । বেড়েছে স্নাতক এবং এবং স্নাতোকত্তর স্তরে পড়ার সুযোগও । এই মূহুর্তে দেশে এমবিবিএস ডিগ্রির জন্য নির্ধারিত ১,২৮,৮৭৫টি সিট । পোস্টগ্রাজুয়েটে সিটের সংখ্যা ৮২,০৫৯ । পাশাপাশি দেশের প্রান্তিক অঞ্চলে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার ।
সারা দেশে অনুমোদিত নতুন ১৫৭টি সরকারি মেডিক্যাল কলেজের মধ্যে ইতিমধ্যে ১৩৭টিতে চিকিৎসা পরিষেবা দেওয়ার কাজ শুরু হয়েছে । গ্রামাঞ্চল এবং প্রান্তিক এলাকার মানুষদের কাছে সরকারি চিকিৎসা পরিষেবা সহজলভ্য করতে, চিকিৎসা পাঠক্রমে ‘ফ্যামিলি অ্যাডপশন’ মডেল অন্তর্ভূক্ত করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী । এই প্রকল্পে স্থানীয় মেডিক্যাল কলেজ, নিকটবর্তী কোনো গ্রামের সার্বিক চিকিৎসা পরিষেবার দায়িত্ব পালন করবে । এবং কলেজে পাঠরত স্নাতকস্তরের হবু চিকিৎসকরা, গ্রামের এক একটি পরিবারের স্বাস্থ্য পরিষেবার দায়িত্ব নেবেন । তাদের বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রকল্পের বিষয় সচেতন করবেন ।
এফএপি মডেলের আওতায় টিকাকরণ, পুষ্টি, ঋতুচক্র, স্বাস্থবিধির মতো বিষয়-আশয়ে সাধারণ মানুষ নিয়মিত সহায়তা পাবেন । পাশাপাশি এদিন সংসদের উচ্চকক্ষে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ন্যাশেনাল মেডিক্যাল কমিশনের আওতায় পোস্টগ্র্যাজুয়েটের দ্বিতীয় এবং তৃতীয়বর্ষের ছাত্র-ছাত্রীদের জেলা হাসপাতালে যখন নিযুক্ত করা হয়, সেইসময় প্রান্তিক এলাকায় চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য আবাস এবং কিছু বিশেষ ভাতার সুযোগ পান তারা । এক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যও প্রয়োজন অনুসারে চিকিৎসক নিয়োগ করতে পারে এবং তাদের পারিশ্রমিক নির্ধারন করতে পারে ।
❤ Support Us






