Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ডিসেম্বর ১৬, ২০২৫

এস আই আর প্রকাশের পর রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ, বাদ পড়ল ৫৮ লক্ষেরও বেশি নাম

আরম্ভ ওয়েব ডেস্ক
এস আই আর প্রকাশের পর রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ, বাদ পড়ল ৫৮ লক্ষেরও বেশি নাম

দীর্ঘ প্রতীক্ষা ও এক মাসের উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হল SIR (স্পেশাল ইনটেনসিভ রিভিশন)-এর পর রাজ্যের খসড়া ভোটার তালিকা। এই তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই সবচেয়ে বড় প্রশ্ন ছিল—কার নাম থাকছে আর কার নাম বাদ পড়ল। সেই সমস্ত তথ্যই এখন প্রকাশ্যে এনেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার সকালে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-এর দপ্তর নাম বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করেছে। ceowestbengal.wb.gov.in/asd_sir ওয়েবসাইটে লগইন করলেই জানা যাবে ভোটার তালিকা থেকে আপনার বা আপনার আত্মীয়দের কারও নাম বাদ পড়েছে কি না। এই তালিকায় রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্র এবং বুথভিত্তিক কতজনের নাম বাদ গেছে, তার বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। ওয়েবসাইটে প্রবেশ করেই তালিকাটি ডাউনলোড করা সম্ভব।

এছাড়াও খসড়া ভোটার তালিকায় যাঁদের নাম রয়েছে, সেই তালিকাও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তা দেখতে হলে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://www.eci.gov.in/
অথবা **https://ceowestbengal.wb.gov.in/**-এ
যেতে হবে।

রাজ্যের CEO দপ্তরের তথ্য অনুযায়ী, খসড়া ভোটার তালিকা থেকে মোট ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম বাদ পড়েছে। এই তালিকায় মূলত মৃত ভোটার, অন্যত্র চলে যাওয়া, নিখোঁজ, একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের নাম রয়েছে। পাশাপাশি, যাঁরা এনিউমারেশন ফর্ম পূরণ করেননি, তাঁদের কিছু নামও এই বাদ পড়া তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

তবে খসড়া তালিকায় নাম না থাকলেও আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন রাজ্যে নিযুক্ত বিশেষ রোল অবজার্ভার ও প্রাক্তন আমলা সুব্রত গুপ্ত। তিনি জানান, খসড়া তালিকায় বাদ পড়া এই ৫৮ লক্ষ নামের পাশাপাশি আরও প্রায় ৩০ লক্ষ ভোটার রয়েছেন, যাঁরা ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে নিজেদের কোনও যোগসূত্র খুঁজে পাননি। তাঁদের শুনানির জন্য ডাকা হবে এবং উপযুক্ত নথি বা তথ্য পেশ করার সুযোগ দেওয়া হবে। সেই শুনানির পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, তাঁদের নাম ভোটার তালিকায় থাকবে কি না।

সব মিলিয়ে, খসড়া ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে রাজ্যের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া আরও এক ধাপ এগোল। এখন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে সাধারণ মানুষ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!