- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২৪, ২০২৫
পুকুরে উলটে পড়ল স্কুলফেরতা গাড়ি, নিহত তিন স্কুলপড়ুয়া, গুরুতর জখম দুই। আটক গাড়িচালক
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উলটে পড়ল স্কুলপড়ুয়াবাহী পুলকার। উলুবেড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল তিন নিরীহ পড়ুয়ার, হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে আরো দুই জখম শিশু। এলাকাজুড়ে চাঞ্চল্য, ক্ষোভ, আর অশেষ হাহাকার।
পুলিশ সূত্রে খবর সোমবার বিকেল সাড়ে ৩টে নাগাদ বহিরা চৌরাস্তা সংলগ্ন রাস্তায় ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়ার একটি ইংরেজি মাধ্যম স্কুলের ৫ জন ছাত্রছাত্রী প্রতিদিনের মতোই পুলকারে বাড়ি ফিরছিল। আচমকাই বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের পুকুরে গড়িয়ে পড়ে গাড়িটি। চোখের পলকে জলের নিচে তলিয়ে যায় সেটি, ভেতরে তখন আটকে পড়ে ছোটো ছোটো পড়ুয়ারা। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। কেউ নেমে পড়েন পুকুরে, কেউ টেনে তোলার চেষ্টা করেন গাড়িটিকে। দীর্ঘ চেষ্টার পর একে একে উদ্ধার করা হয় পাঁচ শিশু পড়ুয়াকে, ততক্ষণে তাঁরা অচেতন। দ্রুত উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ইশিকা মণ্ডল (৭), সৌভিক দাস (১১) এবং আরিন দে (৯)-কে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুই পড়ুয়া হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার-পরিজন ভেঙে পড়েন কান্নায়। হাসপাতাল প্রাঙ্গণে মুহূর্তে নেমে আসে শোকের ছায়া।
দুর্ঘটনার পরই চালক গাড়ির চালক পালিয়ে যান বলে অভিযোগ। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। কীভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা? প্রাথমিক অনুমান, বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। তবে স্থানীয়দের দাবি, আর একটি গাড়ির সঙ্গে রেষারেষি করছিল ছিল পুলকারটি। অতিরিক্ত গতিতেই নাকি ঘটে বিপর্যয়। এ দাবির সত্যতা যাচাইয়ে ঘটনার সময় আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি গাড়িটির যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা জানতে পাঠানো হবে ফরেন্সিক পরীক্ষায়। স্থানীয়দের একাংশের অভিযোগ, পুলকারচালকদের নিয়ম-শৃঙ্খলার ক্ষেত্রে কোনো নজরদারি নেই। ফলে বারবারই ঘটে এমন দুর্ঘটনা।
❤ Support Us






