- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জুলাই ২৪, ২০২৩
ম্যাচের অন্তিম মুহূর্তে নাটক, বিএসএসের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল
প্রথম ম্যাচে ড্র। তারপর টানা দুটি ম্যাচে জয়। চতুর্থ ম্যাচে আবার ছন্দপতন। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে বিএসএস–এর কাছে আটকে গেল ইস্টবেঙ্গল। ম্যাচের ফল ১–১। ম্যাচের শেষ মুহূর্তে দীপ সাহা গোল করে এগিয়ে দিলেও তা ধরে রাখতে পারেনি লাল–হলুদ রক্ষণ। ইনজুরি সময়ে গোল করে সমতা ফেরান বিএসএস–এর সৌরভ সেন।
আগের দুটি ম্যাচে দারুণ ফুটবল উপহার দিলেও বিএসএস–এর বিরুদ্ধে ইস্টবেঙ্গল ছিল ছন্দহীন। সেই সুযোগে দাপট দেখাতে থাকে বিএসএস। প্রথম মিনিটেই অতুল উন্নিকৃষ্ণানের ভুলে পিছিয়ে পড়তে পারত ইস্টবেঙ্গল। যে যাত্রায় অবশ্য রক্ষা পায়। তবে ১৫ মিনিটে বড় ধাক্কা খায় ইস্টবেঙ্গল। বিপক্ষের এক ফুটবলারকে জঘন্য ফাউল করে লাল কার্ড দেখে বেরিয়ে যান তুহিন দাস। ১০ জন হয়ে যায় ইস্টবেঙ্গল। সংখ্যাধিক্যে কম হয়ে যাওয়ায় সেভাবে দাপট দেখাতে পারেনি।
দ্বিতীয়ার্ধে অবশ্য কিছুটা খেলায় ফেরে ইস্টবেঙ্গল। শুরুতেই গোল করার সুযোগ এসেছিল লাল–হলুদের সামনে। কিন্তু তিনকাঠিতে বল রাখতে পারেননি লিজো। আরও কয়েকটা সুযোগ তৈরি করেছিলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। কিন্তু কাজে লাগাতে পারেননি। দ্বিতীয়ার্ধের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বিএসএসের নবকুমার দাস।
ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই জ্বলে ওঠেন দীপ সাহা। ৯০ মিনিটের মাথায় বক্সের বাইরে ফ্রিকিক পায় ইস্টবেঙ্গল। দুরন্ত ফ্রিকিক থেকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন দীপ সাহা। জয় নিশ্চিত ভেবে আত্মতুষ্ট হয়ে পড়েছিলেন লাল–হলুদ ফুটবলাররা। ইনজুরি সময়ের একেবারে শেষ মুহূ্র্তে ইস্টবেঙ্গল ফুটবলারদের আত্মতুষ্টির সুযোগ নিয়ে প্রতিআক্রমণে উঠে এসে সমতা ফেরান সৌরভ সেন।
❤ Support Us






