Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ১৫, ২০২৫

আইএফএ শিল্ড ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান

আরম্ভ ওয়েব ডেস্ক
আইএফএ শিল্ড ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান

আবার ডার্বি। ইস্টবেঙ্গল ফাইনালের টিকিট পাকা করার চব্বিশ ঘণ্টার মধ্যে মোহনবাগান সুপার জায়ান্টও ফাইনালে পৌঁছে গেল। কিশোরভারতী স্টেডিয়ামে প্রত্যাশিতভাবেই ইউনাইটেড স্পোর্টসকে পরাজিত করল সবুজ মেরুন ব্রিগেড। নামধারী এফসি–কে ২–০ ব্যবধানে হারিয়ে আগেই ফাইনালে পৌঁছে গিয়েছিল ইস্টবেঙ্গল। বুধবার ইউনাইটেড স্পোর্টসকে একই ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান। শনিবার যুবভারতীতে ফাইনাল।

নামধারী এফসি দুর্বল প্রতিপক্ষ হলেও বেশ সতর্ক ছিলেন লাল–হলুদ কোচ অস্কার ব্রুজো। কিন্তু নামধারী সেই অর্থে তেমন বেগ দিতে পারেনি ইস্টবেঙ্গলকে। তবে গোলের জন্য ১৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ইস্টবেঙ্গলকে। ম্যাচের ১৯ মিনিটে মিগুয়েল ফিগেরার হেড পোস্টে লেগে ফিরে আসার পর ফিরতি বল পৌঁছয় ডি বক্সের বাইরে দাঁড়িয়ে থাকা মহম্মদ রশিদের কাছে। তঁার দূরপাল্লার শট নামধারী এফসি–র ডিফেন্ডার সেহাজদীপ সিংয়ের গায়ে লেগে জালে যায়। এরপর ম্যাচের ৪১ মিনিটে বিষ্ণুর পা থেকেই আসে দ্বিতীয় গোল। ডেভিডের পাস থেকে তিনি ২–০ করেন।

অন্যদিকে, দিমিত্রি পেত্রাতোস এবং অঙ্কন ভট্টাচার্যের আত্মঘাতী গোলে ইউনাইটেড স্পোর্টসকে হারিয়েছে মোহনবাগান। ম্যাচের ৪৫ মিনিটে রবসনের বাড়ানো বল থেকে কামিন্সের পাস ধরে গোল করে দলকে এগিয়ে দেন দিমিত্রি পেত্রাতোস। বহুদিন পরে প্রথম একাদশে পেত্রাতোস। নেতৃত্বের ব্যাটন তাঁরই হাতে ছিল। গোল করে সেই আস্থার মর্যাদা দিলেন। একই সঙ্গে সমর্থকদের সঙ্গে সাম্প্রতিক তৈরি হওয়া বিতর্কের জবাব দিলেন।

মোহনবাগান সুপার জায়ান্টের দ্বিতীয় গোল আত্মঘাতী। ৪৯ মিনিটে কামিন্সের শট ইউনাইটেড গোলরক্ষক চাপড়ে বাঁচালে তা আগুয়ান অঙ্কন ভট্টাচার্যের পায়ে লেগে জালে চলে যায়। দুটো গোল ছাড়া মোহনবাগান সুপার জায়ান্টের খেলায় নজরকাড়া কিছু নেই। একই ভাবে ইউনাইটেডের প্রথমার্ধের কিছুটা সময় ভালো ফুটবল ছাড়া বাকি সময়টা ছিল নিষ্প্রভ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!