- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ১৬, ২০২৩
শক্তিশালী মুম্বই সিটি–কে আটকে পয়েন্ট ঘরে তুলল ইস্টবেঙ্গল
গত মরশুমে আরব সাগরের তীরে মুম্বই সিটি এফসি–কে হারিয়ে চমক দিয়েছিল ইস্টবেঙ্গল। এবছর হারাতে না পারলেও মুম্বই থেকে ১ পয়েন্ট নিয়ে ঘরে ফিরছে লালহলুদ শিবির। শক্তিশালী মুম্বই সিটি এফসি–র সঙ্গে গোলশূন্য ড্র করল ইস্টবেঙ্গল। মুম্বইয়ের বিরুদ্ধে ১ পয়েন্ট পাওয়া কিন্তু লালহলুদের কাছে যথেষ্ট স্বস্তিদায়ক। অন্তত হেরে ফিরতে হল না। রক্ষণে দুরন্ত নেতৃত্ব দিয়ে মুম্বইয়ের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ালেন ইস্টবেঙ্গলের ডিফেন্ডার হিজাজি।
ম্যাচের শুরু থেকেই দাপট ছিল মুম্বই সিটি এফসি–র। ৪ মিনিটেই তাদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল তাদের সামনে। পেরেরা দিয়াজের সেন্টারের লালচুংনুঙ্গার মাথা টপকে হেড করেছিলেন জয়েস রানে। কিন্তু ইস্টবেঙ্গল গোলকিপার প্রভসুখন গিলকে সমস্যায় ফেলতে পারেনি। বিপিন সিং, আকাশ মিশ্র, দিয়াজরা একের পর এক আক্রমণ তুলে নিয়ে এসে ব্যস্ত রাখছিল ইস্টবেঙ্গল ডিফেন্সকে। ১৬ মিনিটে আকাশ মিশ্রর নিচু সেন্টারে দিয়াজ কিংবা বিপিন পা ছোঁয়ালেই গোল পেতেন। কিন্তু দুজনই ব্যর্থ হন।
শুরুর ঝড় সামলে আস্তে আস্তে খেলায় ফেরার চেষ্টা করে ইস্টবেঙ্গল। ২০ মিনিটে ক্লেইটন সিলভার ক্রস ভলি করার চেষ্টা করেছিলেন সল ক্রেসপো। কিন্তু পায়ে বলে সংযোগ করাতে পারেননি। ৩৩ মিনিটে সুবিধাজনক জায়গায় বল পেয়েও বোরহা বারের ওপর দিয়ে উড়িয়ে দেন। প্রথমার্ধে মুম্বই সিটি এফসি–র দাপট থাকলেও গোল তুলে নিতে পারেনি। ইস্টবেঙ্গল রক্ষণ যথেষ্ট দৃঢ়তার পরিচয় দেয়।
আগের ম্যাচে নন্দকুমার নিজেকে মেলে ধরতে পারেননি। তাই মুম্বই সিটির বিরুদ্ধে নন্দকুমারের জায়গায় বিষ্ণুকে শুরু থেকে মাঠে নামিয়েছিলেন কার্লেস কুয়াদ্রাত। এদিন বিষ্ণু নিজেকে মেলে ধরতে না পারায় দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরুতেই তাঁর জায়গায় নন্দকুমারকে মাঠে নিয়ে আসেন ইস্টবেঙ্গল কোচ। দ্বিতীয়ার্ধেও রক্ষণ জমাট রেখে প্রতি আক্রমণনির্ভর ফুটবল খেলার দিকে মনোযোগ দিয়েছিলেন কুয়াদ্রাত।
শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে মুম্বই সিটি। কিন্তু ইস্টবেঙ্গলের জমাটি রক্ষণ গোলের সুযোগ দেয়নি। ৮৯ মিনিটে ক্লেইটন সিলভার সামনে গোলের সুযোগ এসেছিল। ডি বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর শট সরাসরি মুম্বই গোলকিপার পুর্বার হাতে জমা পড়ে। ইনজুরি সময়ের ৩ মিনিটে নন্দকুমারের শট তিরি ব্লক না করলে ৩ পয়েন্ট নিয়ে ঘরে ফিরত ইস্টবেঙ্গল।
❤ Support Us






