- এই মুহূর্তে দে । শ
- মে ২, ২০২৬
৭৭ গণনাকেন্দ্রে আরও ১৬৫ কাউন্টিং অবজার্ভার নিয়োগ কমিশনের
গণনার আর মাত্র একদিন বাকি, তার আগেই নিরাপত্তা জোরদার করতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যের ৭৭টি গণনাকেন্দ্রকে ঘিরে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পুরো গণনাপ্রক্রিয়া যাতে শান্তিপূর্ণ, সুরক্ষিত ও ভয়মুক্তভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই কমিশন ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার নিয়োগ করেছে।
শুধু তাই নয়, যেখানে একাধিক গণনাকক্ষ রয়েছে, সেখানে এই অবজার্ভারদের সহায়তার জন্য অতিরিক্ত অবজার্ভারও নিয়োগ করা হয়েছে। পাশাপাশি, আইনশৃঙ্খলা বজায় রাখতে ৭৭ জন পুলিশ অবজার্ভার মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁরা গণনাকেন্দ্রের বাইরে নিরাপত্তা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবেন, তবে কোনওভাবেই গণনাকক্ষে প্রবেশ করতে পারবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কমিশন।
কমিশনের তরফে জানানো হয়েছে, সংবিধানের অনুচ্ছেদ ৩২৪ ও সংশ্লিষ্ট আইনের অধীনেই এই নিয়োগ করা হয়েছে। ভোটপর্ব মোটের ওপর শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে, এবার নজর গণনার দিকে। “পরিবর্তন নাকি প্রত্যাবর্তন”—এই প্রশ্নে গোটা দেশের নজর এখন বাংলার দিকে। তাই গণনাপর্বে কোনওরকম বিশৃঙ্খলা এড়াতে আগাম সবরকম প্রস্তুতি নিচ্ছে কমিশন।
গণনাকেন্দ্রে প্রবেশের ক্ষেত্রেও কড়া নিয়ম জারি করা হয়েছে। কেবলমাত্র কিউআর কোডযুক্ত পরিচয়পত্র থাকলেই ভিতরে প্রবেশের অনুমতি মিলবে। এছাড়াও, গণনাকক্ষে মোবাইল ফোন নিয়ে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, কলকাতা পুলিশের অধীনে থাকা সমস্ত গণনাকেন্দ্র এলাকায় আগেই ১৬৩ ধারা জারি করা হয়েছে। স্ট্রংরুমের ২০০ মিটারের মধ্যে কোনওরকম জমায়েত নিষিদ্ধ। পাঁচজন বা তার বেশি মানুষ একসঙ্গে জমায়েত হতে পারবেন না। গণনার আগে উত্তেজনা, বিক্ষোভ বা অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।
❤ Support Us








