- দে । শ
- মার্চ ২৪, ২০২৬
সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ। বাদ ৪০ শতাংশ নাম
অবশেষে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল Election Commission of India। সোমবার গভীর রাতে কমিশনের ওয়েবসাইটে এই তালিকা আপলোড করা হয়। তবে ঠিক কতজনের নাম তালিকায় রয়েছে বা কতজনের নাম বাদ পড়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্পষ্ট কোনও সংখ্যা জানানো হয়নি।
এর আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছিলেন, মোট ২৯ লক্ষ নামের নিষ্পত্তি করা হয়েছে। কমিশন সূত্রে খবর, এই তালিকার মধ্যে প্রায় ৪০ শতাংশ নাম বাদ পড়তে পারে।
জানা গেছে, চূড়ান্ত ভোটার তালিকায় প্রায় ৬০ লক্ষ নাম বিচারাধীন ছিল। সেই নামগুলির পুনরায় যাচাই প্রক্রিয়া শুরু করেছিল কমিশন। তার মধ্যেই প্রথম ধাপে ২৯ লক্ষ নামের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছে।
সোমবার সন্ধ্যাতেই কমিশন জানায়, এই তালিকা শুধুমাত্র অনলাইনেই প্রকাশ করা হবে এবং প্রিন্ট কপি পরের দিন পাওয়া যাবে। সেই অনুযায়ী রাত সাড়ে এগারোটা নাগাদ তালিকা প্রকাশিত হয়। তবে প্রকাশের পরই সাময়িক সমস্যা দেখা দেয়—কমিশনের ওয়েবসাইট ডাউন হয়ে যায়। পরে রাত ১১টা ৫৯ মিনিটে আবার তা সচল হয়।
কীভাবে দেখবেন নিজের নাম ? নিজের নাম খুঁজতে হলে প্রথমে ‘Select Roll’ অপশনে যেতে হবে, তারপর ‘Adjudication Supplement List No. 1’-এ ক্লিক করতে হবে , যদি সেখানে নাম না থাকে, তবে ‘Adjudication Deletion List No. 1’-এ খুঁজে দেখতে হবে।
নাম বাদ পড়লে কী করবেন? ডিলিশন তালিকায় নাম থাকলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। আগামী ১৫ দিনের মধ্যে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক বা মহকুমাশাসকের দফতরে আবেদন করে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো যাবে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে মঙ্গলবার নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলন করতে পারে বলে জানা গেছে।
❤ Support Us






