Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মার্চ ৪, ২০২৬

৮ মার্চ রাজ্য সফরে জ্ঞানেশকুমার, বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা কবে ?

আরম্ভ ওয়েব ডেস্ক
৮ মার্চ রাজ্য সফরে জ্ঞানেশকুমার, বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা কবে ?

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে রাজনৈতিক প্রস্তুতি। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। তবে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে জোর জল্পনা—আর খুব বেশি দেরি নয়। এসআইআর (SIR) ইস্যু ঘিরেও ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। সব রাজনৈতিক দলই নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতিতে ব্যস্ত।

এই আবহেই চলতি সপ্তাহে রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আগামী ৮ মার্চ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ জাতীয় নির্বাচন কমিশনের অন্যান্য শীর্ষ আধিকারিকেরা কলকাতায় পৌঁছবেন। মূলত ভোট প্রস্তুতি খতিয়ে দেখতেই তাঁদের এই সফর।

জানা গিয়েছে, ৯ মার্চ প্রায় সারাদিনব্যাপী বৈঠকের সূচি নির্ধারিত রয়েছে। ওই দিন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ আধিকারিক এবং অন্যান্য সংশ্লিষ্ট দফতরের কর্তাদের পৃথক পৃথক বৈঠক হওয়ার কথা। আইনশৃঙ্খলা পরিস্থিতি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকেন্দ্রের প্রস্তুতি-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

এরপর ১০ মার্চ কমিশনের প্রতিনিধিরা সাংবাদিকদের মুখোমুখি হবেন। দু’দিনব্যাপী ঠাসা কর্মসূচির কথা মাথায় রেখেই একদিন আগে, অর্থাৎ ৮ মার্চ সন্ধ্যায় কলকাতায় পৌঁছবেন মুখ্য নির্বাচন কমিশনার।

ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন শুরু হয়েছে। বুধবার সকাল থেকে কলকাতার একাধিক এলাকায় রুটমার্চ করেছে বাহিনী। রাসবিহারী, তালতলা, পঞ্চসায়র-সহ বিভিন্ন অঞ্চলে টহল দেন জওয়ানরা। বেহালায় কেন্দ্রীয় বাহিনীর মহিলা ট্রুপকেও রুটমার্চ করতে দেখা গিয়েছে।

সাধারণত নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কোনও রাজ্যে গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখার কয়েক দিনের মধ্যেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে। সেই নজির ধরেই রাজনৈতিক মহলে জোর জল্পনা—৮, ৯ ও ১০ মার্চের এই কর্মসূচি শেষ করে কমিশন ফিরে যাওয়ার পরই হয়তো প্রকাশ পেতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। কমিশন সূত্রেও মিলছে তেমনই ইঙ্গিত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!