Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ২৮, ২০২৬

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে কড়া নিরাপত্তা। নিউটাউনে কন্ট্রোলরুম, ৭ ক্লাস্টারে নজরদারি। ২,৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

আরম্ভ ওয়েব ডেস্ক
বঙ্গে দ্বিতীয় দফার ভোটে কড়া নিরাপত্তা। নিউটাউনে কন্ট্রোলরুম, ৭ ক্লাস্টারে নজরদারি। ২,৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

প্রথম দফার ভোট মোটের ওপর শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। এবার দক্ষিণবঙ্গের দ্বিতীয় দফার ভোট নির্বিঘ্নে সম্পন্ন করাই নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর প্রধান লক্ষ্য। সেই উদ্দেশ্যে নেওয়া হয়েছে বিস্তৃত ও বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা।

দ্বিতীয় দফার আগে নিউটাউনে কেন্দ্রীয় বাহিনীর একটি অত্যাধুনিক কন্ট্রোলরুম খোলা হয়েছে। এই কন্ট্রোলরুম থেকেই ১৪২টি বিধানসভা কেন্দ্রের ওপর সার্বিক নজরদারি চালানো হবে। পুরো এলাকাকে ৭টি ক্লাস্টারে ভাগ করা হয়েছে এবং প্রতিটি ক্লাস্টারের জন্য রাখা হয়েছে পৃথক মনিটরিং টেবিল। ফলে প্রতিটি অঞ্চলের পরিস্থিতি, অভিযোগ এবং গ্রাউন্ড রিপোর্ট দ্রুত এক জায়গায় পৌঁছাবে।

এই ইন্টিগ্রেটেড কন্ট্রোলরুমে উপস্থিত থাকবেন বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীর শীর্ষ আধিকারিকরা—SSB, ITBP, CRPF, BSF এবং CISF-এর প্রতিনিধিরা ভোটের দিন এখান থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। কোথাও কোনো সমস্যা বা অভিযোগ উঠলেই তা বিশেষ ডিজিটাল ম্যাপে সংকেত আকারে ধরা পড়বে, ফলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

নিরাপত্তার ক্ষেত্রে এবার বড়সড় মোতায়েন করা হয়েছে। দ্বিতীয় দফায় নির্বাচন কমিশন মোট ২,৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে। পাশাপাশি থাকবে ৩৮,২৯৭ জন রাজ্য পুলিশ। প্রতিটি বুথে অন্তত হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে। তিনটি বুথ থাকলে এক সেকশন, আর পাঁচটি বুথে থাকবে দুই সেকশন কেন্দ্রীয় বাহিনী।

জেলা ভিত্তিক মোতায়েনের চিত্রও উল্লেখযোগ্য—বারাসাতে ১১২ কোম্পানি, বনগাঁয় ৬২, বিধাননগরে ৫০, ব্যারাকপুরে ১৬০, ডায়মন্ড হারবারে ১৩৪, বারুইপুরে ১৬১, হাওড়া গ্রামীণ এলাকায় ১৪৭, কৃষ্ণনগরে ১৫৮, পূর্ব বর্ধমানে ২৬০ এবং কলকাতায় সর্বোচ্চ ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।

ইতিমধ্যেই কলকাতার নিউ মার্কেট এলাকায় কেন্দ্রীয় বাহিনী বাইকে করে নাইট পেট্রোলিং শুরু করেছে, যাতে ভোটের আগে আইনশৃঙ্খলা বজায় থাকে।

আগামী ২৯ এপ্রিল, বুধবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এই দফায় পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলার মোট ১৪২টি আসনে ভোট হবে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করাই এখন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!