- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ২৩, ২০২৬
ইকোপার্কে ৩ লক্ষ ১০ হাজার ফেনসিডিলে বুলডোজার, নিষিদ্ধ কাফ সিরাপ ব্যবসা বন্ধের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
নেশামুক্ত পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে নিষিদ্ধ কাফ সিরাপের বিরুদ্ধে ফের বড়োসড়ো প্রশাসনিক পদক্ষেপ। বালুরঘাটের পর, বুধবার দ্বিতীয় দফায় ইকোপার্কে প্রায় ৩ লক্ষ ১০ হাজার ফেনসিডিলের বোতল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এ অভিযানে নিজেই বুলডোজারের স্টিয়ারিংয়ে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিনের অভিযানে ধ্বংস করা নিষিদ্ধ কাফ সিরাপের বাজারমূল্য প্রায় ৩১ কোটি টাকা বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট বার্তা, ‘পশ্চিমবঙ্গে নিষিদ্ধ কাফ সিরাপের ব্যবসা চলবে না।’ এ ধরনের বেআইনি কারবারের সঙ্গে যুক্ত কাউকেই ছাড়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। প্রধানমন্ত্রীর দেখানো পথে ‘নেশামুক্ত ভারত ২০২৯’ কর্মসূচিকে সামনে রেখে পশ্চিমবঙ্গেও মাদকবিরোধী অভিযান জোরদার করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বেশ কিছু অপ্রীতিকর ঘটনার ক্ষেত্রে নেশায় আসক্ত ব্যক্তিদের জড়িত থাকার বিষয় সামনে এসেছে। মহিলা সংক্রান্ত কিছু ঘটনাতেও নেশাসক্তদের যোগ থাকার কথা উল্লেখ করেন তিনি। তাঁর বক্তব্য, নেশার কারণে রাজ্যের সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, সরকার গঠনের প্রথম পাঁচ মাসেই নেশামুক্ত পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্য নেওয়া হয়েছিল। সে লক্ষ্যেই নিষিদ্ধ কাফ সিরাপের কারবার বন্ধ করার পাশাপাশি রাজ্যে এ ধরনের নেশাজাতীয় সিরাপ আমদানির সমস্ত পথ বন্ধ করার নির্দেশ দেওয়া হচ্ছে। এ বিষয়ে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, রাজ্য পুলিশ এবং কলকাতাসহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার মধ্যে পর্যালোচনা বৈঠক হয়েছে বলেও জানান তিনি। উত্তরবঙ্গ ও কলকাতায় মাদকবিরোধী অভিযানে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর দাবি, এসটিএফের উদ্যোগে অসম থেকে কুখ্যাত ড্রাগ মাফিয়া জাবেদ শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। ড্রাগ সিন্ডিকেট ভাঙতে এসটিএফকে প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তাঁর কথায়, বাংলার যুব সমাজকে নেশার কবল থেকে রক্ষা করাই সরকারের অন্যতম লক্ষ্য।
এর আগে বালুরঘাটে প্রায় ২০ কোটি টাকা বাজারমূল্যের নিষিদ্ধ কাফ সিরাপ ধ্বংস করা হয়েছিল। চলতি মাসের ২ তারিখে সুকান্ত মজুমদারকে সঙ্গে নিয়ে বালুরঘাট পুলিশ সুপারের অফিসের সামনে নিজেই রোড রোলার চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ধ্বংস করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার ইকোপার্কে ৩ লক্ষ ১০ হাজার ফেনসিডিল ধ্বংসের মাধ্যমে ফের একদিকে নিষিদ্ধ নেশাজাতীয় সিরাপের কারবারিদের বিরুদ্ধে কড়া প্রশাসনিক বার্তা দেওয়া হলো, অন্যদিকে ‘নেশামুক্ত বাংলা’ গড়ার ডাকও দেওয়া হলো। মুখ্যমন্ত্রীর দাবি, এ ধরনের প্রশাসনিক পদক্ষেপ সমাজবিরোধী ও মাদক কারবারিদের কাছেও পরোক্ষ বার্তা পৌঁছে দেবে।
❤ Support Us






