Advertisement
  • দে । শ
  • মার্চ ১১, ২০২৬

কয়লা পাচার মামলায় ফের ইডি হানা দুর্গাপুরে, প্রাক্তন ওসির বাড়িতে তল্লাশি

আরম্ভ ওয়েব ডেস্ক
কয়লা পাচার মামলায় ফের ইডি হানা দুর্গাপুরে, প্রাক্তন ওসির বাড়িতে তল্লাশি

বুধবার সকালেই দুর্গাপুরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়ায়। দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার অম্বুজা নগরীতে প্রাক্তন পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। কয়লা পাচার মামলার তদন্তে এই তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

এদিন সকালে ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে পৌঁছন। বাড়িটিকে ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। এরপর বাড়ির ভিতরে নথিপত্রের খোঁজে তল্লাশি শুরু করেন তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর।

ইডি সূত্রে জানা গিয়েছে, কয়লা পাচার মামলায় প্রোটেকশন মানির লেনদেনের সঙ্গে মনোরঞ্জন মণ্ডলের যোগসূত্র রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। অভিযোগ, কয়লা ব্যবসায়ীদের টাকা পাচারের ক্ষেত্রে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি।

মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে পৌঁছেই তাঁর গেটে একটি নোটিস টাঙিয়ে দেন ইডি আধিকারিকরা। সেখানে উল্লেখ করা হয়েছে, আগামী ১৩ মার্চ দুপুর ১২টা থেকে ১টার মধ্যে তাঁকে ইডির দফতরে হাজিরা দিতে হবে। এই নিয়ে বুদবুদ থানার প্রাক্তন ওসিকে তৃতীয়বার সমন পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

উল্লেখ্য, এর আগেও একই মামলায় গত ৩ ফেব্রুয়ারি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই সময়ও তাঁকে এবং তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। তবে সূত্রের খবর, তাঁর স্ত্রী তখন হাজিরা দেননি।

প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসেই বুদবুদ থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন মনোরঞ্জন মণ্ডল এবং কিছুদিনের মধ্যেই তাঁর চার্জ নেওয়ার কথা ছিল। কিন্তু কয়লা পাচার মামলায় ইডির অভিযোগ সামনে আসতেই তাঁকে ওই পদ থেকে সরিয়ে স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়।

এর আগেও দুর্নীতির অভিযোগে তিনি বিতর্কে জড়িয়েছিলেন। ২০২৪ সালে বারাবনি থানার ওসি থাকাকালীন দুর্নীতির অভিযোগে তাঁকে সাসপেন্ড করা হয়েছিল বলে জানা যায়। বর্তমানে কয়লা পাচার মামলার তদন্তে তাঁর ভূমিকা নিয়ে আরও তথ্য খতিয়ে দেখছে ইডি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!