- দে । শ
- জুলাই ২১, ২০২৬
কলকাতা-সহ রাজ্যের ৮ জায়গায় ইডি তল্লাশি
রাজ্যে ফের বড়সড় অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । সরকারি বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মঙ্গলবার সকাল থেকেই কলকাতা, বনগাঁ, উত্তর ২৪ পরগণা-সহ রাজ্যের মোট ৮ জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা । গোটা অভিযান চলছে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে ।
সরকারি প্রকল্প ও বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রায় ২০ হাজার আমানতকারীর কাছ থেকে মোট প্রায় ১৬৫ কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল। অভিযোগ, পরে সেই টাকা আত্মসাৎ করা হয়। এই ঘটনায় অভিযোগ জমা পড়ার পর তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।
তদন্তে উঠে এসেছে, বনগাঁ-সহ রাজ্যের একাধিক এলাকায় এই প্রতারণা চক্রের বিস্তৃত নেটওয়ার্ক গড়ে উঠেছিল । সেই সূত্র ধরেই মঙ্গলবার ভোরে একাধিক দলে ভাগ হয়ে ইডি আধিকারিকরা বিভিন্ন জায়গায় হানা দেন ।
জানা গিয়েছে, শুধু বনগাঁতেই চারটি ঠিকানায় একযোগে তল্লাশি চলছে । এর মধ্যে রয়েছে অভিযুক্ত অভিজিৎ বিশ্বাসের বাড়ি এবং তাঁর এক প্রতিবেশীর বাড়ি । তবে তল্লাশির সময় অভিজিৎ বিশ্বাস বাড়িতে ছিলেন না বলে জানা গেছে ।
ইডির প্রাথমিক তদন্তে দাবি, এই বৃহৎ প্রতারণা চক্রের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অভিজিৎ বিশ্বাসের । সেই কারণেই তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি ও অন্যান্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করছেন তদন্তকারীরা ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিজিৎ বিশ্বাস দীর্ঘদিন ধরেই এলাকার বাইরে থাকেন এবং তাঁকে খুব একটা এলাকায় দেখা যায় না । মঙ্গলবার সকালে হঠাৎ করে কেন্দ্রীয় বাহিনী এলাকাজুড়ে নিরাপত্তা বলয় তৈরি করলে বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ।
উল্লেখ্য, মঙ্গলবার ঐতিহাসিক ২১ জুলাই উপলক্ষে কলকাতায় তিনটি পৃথক শহিদ দিবসের কর্মসূচি রয়েছে, যার জেরে রাজনৈতিক উত্তাপ আগে থেকেই তুঙ্গে । তারই মধ্যে ইডির এই তল্লাশি অভিযান রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ।
তবে এখনও পর্যন্ত এই মামলায় কোনও গ্রেফতারের খবর পাওয়া যায়নি । তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।
❤ Support Us





