- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ২৯, ২০২৫
পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় ইডি, তারাতলায় ব্যবসায়ীর বাড়িতে উদ্ধার টাকার পাহাড়
চিত্র সংগৃহিত
পুর নিয়োগ দুর্নীতি মামলায় আবার সক্রিয় ইডি। মঙ্গল ও বুধবার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। বুধবার সকালে তারাতলার এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ অর্থ। ইডি সূত্রে জানা গেছে, এখনো পর্যন্ত প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকার বেশি উদ্ধার হয়েছে। তবে টাকার গণনা এখনো চলছে, তাই এ পরিমাণ আরও বাড়তে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা।
অভিযান শুরু হয় মঙ্গলবার থেকেই। ইডি-র একটি দল তারাতলার ওই ব্যবসায়ীর বাড়িতে পৌঁছায় বুধবার সকালেই। আধিকারিকরা তল্লাশি চালিয়ে উদ্ধার করেন বিপুল পরিমাণ নগদ অর্থ। একই সঙ্গে বাগুইআটি এলাকায়ও অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থার আরেকটি দল। সেখানে কী ধরনের আর্থিক লেনদেনের নথি পাওয়া যাবে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ইডি সূত্র জানা যাচ্ছে, পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে নতুন নাম উঠে আসায় সম্প্রতি অভিযান জোরদার করা হয়েছে। ইডি-র দাবি, উদ্ধার হওয়া অর্থের সঙ্গে পুর নিয়োগ দুর্নীতির আর্থিক লেনদেন জড়িত কিনা, সেটিই খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, এই অভিযানকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতেও উত্তাপ ছড়িয়েছে। চলতি মাসের শুরুতে ইডি হানা দিয়েছিল সল্টলেকের মন্ত্রী সুজিত বসুর অফিসে, তার ছেলের রেস্তোরাঁ এবং দক্ষিণ দমদম পুরসভার এক আধিকারিকের বাড়িতে। শাসকদলের অভিযোগ, কেন্দ্রের সরকার কেন্দ্রীয় বিধানসভা ভোটের আগে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ইডিকে ব্যবহার করছে। বিগত কয়েকদিন ধরে ইডির তল্লাশি অভিযান চলাকালীন কলকাতার বেলেঘাটা, নাগেরবাজার, ঠনঠনিয়া, নিউ আলিপুরসহ শহরের অন্তত ১০টি জায়গায় নজরদারি ও তল্লাশি চালানো হয়েছে। চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট, ব্যবসায়ী থেকে শুরু করে মন্ত্রীর ছেলের প্রতিষ্ঠান, প্রায় সবকিছুই নজরদারির আওতায় এসেছে।
পুরনিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরে এখন নগদ টাকার উৎস, আর্থিক লেনদেনের রেকর্ড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বের করতে তদন্তকারীরা তৎপর। আগামী বছর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যখন তপ্ত, ঠিক তখনই এ ধরনের অভিযান নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
❤ Support Us






