Advertisement
  • দে । শ
  • জুন ১৩, ২০২৬

পুর নিয়োগ দুর্নীতি তদন্তে মদন মিত্রের বাড়িতে ইডি হানা, কলকাতা-শহরতলির সাত জায়গায় একযোগে তল্লাশি

আরম্ভ ওয়েব ডেস্ক
পুর নিয়োগ দুর্নীতি তদন্তে মদন মিত্রের বাড়িতে ইডি হানা, কলকাতা-শহরতলির সাত জায়গায় একযোগে তল্লাশি

পুরসভায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তদন্তে শনিবার সকাল থেকেই তৎপর হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । তদন্তের অংশ হিসেবে কলকাতা ও শহরতলির মোট সাতটি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালানো হচ্ছে । সেই তালিকায় রয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িও । সূত্রের খবর, মদনের ভবানীপুর ও কালীঘাটের বাসভবনে সকাল থেকেই ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন । ইডি মদন মিত্রকে তাঁর বাড়িতে জিজ্ঞাসাবাদ করছে ।

মদন মিত্রের বাড়ি ছাড়াও ইডি-র পৃথক দল বেহালা, দক্ষিণেশ্বর, সন্তোষপুর, জোকা এবং বেলেঘাটাসহ একাধিক এলাকায় অভিযান চালিয়েছে । কেন্দ্রীয় সংস্থা বিভিন্ন পুরসভায় নিয়োগ সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে । বিধানসভা নির্বাচনের আগেও এই তদন্তে ইডি-র সক্রিয়তা নজরে এসেছিল ।

তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে, কামারহাটি পুরসভায় নিয়োগ সংক্রান্ত কিছু নির্দিষ্ট তথ্য ও নথির খোঁজেই মদন মিত্রের বাড়িতে পৌঁছেছেন ইডি আধিকারিকরা । উল্লেখযোগ্যভাবে, এই তল্লাশির ঠিক আগের দিনই কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহাকে হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছিলেন মদন । তিনি কামারহাটি পুরসভার সমস্ত কাউন্সিলরকে পদত্যাগের নির্দেশও দিয়েছিলেন ।

শুক্রবার মদন মিত্র অভিযোগ করেছিলেন, চেয়ারম্যান গোপাল সাহার সঙ্গে অপমানজনক আচরণ করা হয়েছে এবং প্রশাসনিক পরিষেবা ব্যাহত করা হয়েছে । এর প্রতিবাদে তিনি কাউন্সিলর ও তৃণমূল কর্মী-সমর্থকদের আন্দোলনে নামার আহ্বান জানান । পাশাপাশি দাবি করেন, আগামী পুরসভা নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে তৃণমূলকে জয়ী করে পুনরায় পুরবোর্ড গঠন করা হবে ।
মদনের এই রাজনৈতিক অবস্থানের পরদিনই তাঁর দুই বাসভবনে ইডি-র তল্লাশি শুরু হওয়ায় রাজনৈতিক মহলে জল্পনা তীব্র হয়েছে ।

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেস প্রত্যাশিত ফল করতে না পারলেও কামারহাটি কেন্দ্র ধরে রাখতে সক্ষম হয়েছেন মদন মিত্র । তবে স্থানীয় স্তরে দলের অভ্যন্তরীণ বিভাজন এবং একাধিক পুর কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে গ্রেফতারের ঘটনা দলকে চাপে ফেলেছে । সেই পরিস্থিতিতেই এবার কামারহাটি পুরসভা-সংক্রান্ত তদন্তে মদন মিত্রও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে এসেছেন ।

উল্লেখ্য, এর আগেও তাঁর বাড়িতে সিবিআই তল্লাশি চালিয়েছিল । এবার একই ইস্যুর তদন্তে সক্রিয় হল ইডি । ফলে পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!