- দে । শ
- মার্চ ২, ২০২৬
এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে সক্রিয় ইডি, চলতি মাসেই তলব দুই অভিযুক্ত
চিত্র সংগৃহিত
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার পর এবার এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তেও সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি সূত্রে জানা গিয়েছে, এই মামলার তদন্তে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়-কে চলতি মাসের ১৬ থেকে ১৮ তারিখের মধ্যে তলব করা হয়েছে। বর্তমানে দু’জনেই জামিনে মুক্ত রয়েছেন।
উল্লেখ্য, ২০২২ সালের জুলাই মাসে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল পার্থ ও অর্পিতাকে। দীর্ঘ তল্লাশির পর অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার করে ইডি। এরপরই তাঁদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে সিবিআই-এর এসএসসি এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও পার্থকে ‘শোন অ্যারেস্ট’ দেখানো হয়। তবে এসএসসি দুর্নীতি মামলায় এর আগে ইডি কখনও পার্থ বা অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করেনি।
ইডি সূত্রে আরও খবর, শুধু পার্থ ও অর্পিতাই নন, এসএসসি দুর্নীতি মামলার তদন্তে চলতি মাসেই আরও কয়েক জনকে তলব করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি একাধিক চাকরিপ্রার্থীর বয়ান নথিবদ্ধ করার প্রস্তুতিও নিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
গত বছর নভেম্বরে সমস্ত মামলায় জামিন পাওয়ার পর প্রায় তিন বছর তিন মাস পর বাড়ি ফেরেন পার্থ চট্টোপাধ্যায়। ডিসেম্বরে নাকতলার বাসভবন ‘বিজয়কেতন’-এর স্নানঘরে পড়ে গিয়ে বাঁ হাতে চোট পান তিনি। বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ২৫ দিন চিকিৎসাধীন থাকার পর গত ৩১ ডিসেম্বর বাড়ি ফেরেন নিলম্বিত তৃণমূল বিধায়ক পার্থ।
অন্যদিকে, প্রায় দু’বছর তিন মাস জেলে থাকার পর ২০২৪ সালের নভেম্বরে জামিন পান অর্পিতা মুখোপাধ্যায়। তবে সিবিআই-এর কোনও মামলায় তাঁকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে।
❤ Support Us





