Advertisement
  • স | হ | জ | পা | ঠ
  • জুন ১০, ২০২২

গ্রামে ডিম চোরের উপদ্রব। আটক বিষধর গোখরো ।

আরম্ভ ওয়েব ডেস্ক
গ্রামে ডিম চোরের উপদ্রব। আটক বিষধর গোখরো ।

শিলিগুড়ির নিপানিয়া গ্রামে হঠাৎ চোরের উপদ্রব বাড়ছিল । গ্রামবাসীরা চিন্তিত। পাশাপাশি বিস্মিত । বিস্ময়ের কারণ, নৈশচোর অন্য কিছুতে হাত দেয় না, রোজই মুরগির ডিম, কখনও সখনও মুরগি-ছানা নিয়ে অন্ধকারে পালিয়ে যেত। রহস্যময় চোরটি কে? এরকম খুচরো উপদ্রবের কারণ কী? এসব খুঁজে বের করতে গ্রামবাসীদের প্রহরা শুরু হল। সন্ধ্যে থেকে সারা রাত। তবু চোরের হদিস নেই। মুরগির খাঁচা অক্ষত। ভাঙচুরের চিহ্ন নেই। কেবল ডিমই উধাও হচ্ছে । বুধবার খাঁচা খুলে পাহারাদারদের চক্ষু চড়ক গাছ। বন্ধ খাঁচার ভেতর ঘাপটি মেরে বসে আছে বিষধর গোখরো। মোটা পেট নিয়ে নড়া-চড়া করতে অক্ষম। সঙ্গে সঙ্গে গ্রামের লোক সমবেত । তামাশা দেখতে ব্যস্ত । প্রশ্ন জাগল, তাহলে কি এই গোখরোই ডিম চোর?

বিষধরের ভয়ে কেউই খাঁচায় হাত দেয় নি। খবর গেল বনদপ্তরে । পরদিন সকালে বনকর্মীরা হাজির। সঙ্গে সাপ ধরার একটি সংগঠন। এবার শুরু হল সাপ-মানুষের নিরক্ত লড়াই । সাপ পালানোর চেষ্টা করছে অবিরত। খাঁচা থেকে বেরোবার উপায় নেই। চারদিকে হইচই । সাপ ধরাদের যন্ত্রের নিঃশব্দ আস্ফালন। একসময় বিষধর ক্লান্ত। এই সুযোগেই ‘কোপ’ । লেজে টান দিয়ে গোখরোকে খাঁচার বাইরে নিয়ে এলেন সাপধরেরা। উপদ্রুত গূহকর্তা মকবুল রহমান বলেছেন, তাঁর বাড়ি থেকে একমাসে উধাও হয়েছে অন্তত চারটি মুরগি ছানা আর বহু ডিম । বুধবার রাতে উঁকি দিয়ে তাঁর স্ত্রী খাঁচার ভেতর দেখলেন, মোটাসোটা একটি গোখরো, আরামসে ডিম গিলছে। তখনই ডিম চুরির রহস্য ফাঁস এবং সন্দেহের অবসান।

কেয়ার ফর নেচার-এর সদস্যরা জানিয়েছেন, হাতে-নাতে ধরা পড়লেও সাপটি অক্ষত। কেউ তাকে আঘাত করেনি। সে সম্পূর্ণ সুস্থ। এবার তার ঠিকানা, নিকটস্থ অরণ্যের গভীরে।


❤ Support Us
error: Content is protected !!