- স | হ | জ | পা | ঠ
- নভেম্বর ১৩, ২০২৬
বিশ্ব উষ্ণায়নের কোপে ক্যাকটাস ! অবলুপ্ত হতে পারে এক-চতুর্থাংশের বেশি প্রজাতি ?
প্রকৃতির অন্যতম সহনশীল উদ্ভিদ হিসাবেই পরিচিত সে। প্রচণ্ড তাপ, দীর্ঘস্থায়ী খরা — প্রতিকূলতম পরিবেশেও টিকে থাকার ক্ষমতা রয়েছে ক্যাকটাসের। কিন্তু জলবায়ু পরিবর্তনের অভিঘাতে তাদের অস্তিত্বই এখন সঙ্কটের মুখে। সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞানপত্রিকা ‘নেচার’-এ প্রকাশিত গবেষণায় আশঙ্কা করা হয়েছে, চলতি শতাব্দীর শেষ নাগাদ ক্যাকটাসের এক-চতুর্থাংশেরও বেশি প্রজাতি তাদের উপযুক্ত বাসস্থানের ৮০ শতাংশের বেশি হারাতে পারে।
গবেষণায় বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের বর্তমান ধারা অব্যাহত থাকলে ২১০০ সালের মধ্যে বিশ্লেষণ করা ক্যাকটাসের এক-চতুর্থাংশেরও বেশি প্রজাতি তাদের উপযুক্ত বাসস্থানের অন্তত ৮০ শতাংশ হারাতে পারে। শুধু তাপমাত্রা বৃদ্ধি এবং গড় বৃষ্টিপাতের পরিবর্তন বিবেচনায় রাখলে যে বিপদের আশঙ্কা করা হয়েছিল, চরম খরার প্রভাব যুক্ত করার পর সে আশঙ্কা আরও কয়েক গুণ বেড়েছে। অর্থাৎ, যে উদ্ভিদকে এত দিন জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় তুলনামূলক ভাবে সক্ষম বলে মনে করা হতো, তারাও ভবিষ্যতের অস্বাভাবিক আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।
সাধারণত ক্যাকটাসের সঙ্গে মরুভূমির ছবিই মনে আসে। কিন্তু পৃথিবীর প্রায় সব ধরনের বাস্তুতন্ত্রেই এ ধরনের উদ্ভিদের উপস্থিতি রয়েছে। গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টিঅরণ্যে গাছের ডালে জন্মানো ‘ক্রিসমাস ক্যাকটাস’ থেকে শুরু করে সোনোরান মরুভূমির বিশালাকার ‘সাগুয়ারো’ — বিভিন্ন পরিবেশে নানা রূপে টিকে রয়েছে ক্যাকটাস। উত্তর আমেরিকার ক্যালিফর্নিয়া থেকে ফ্লরিডা, আবার কানাডা থেকে দক্ষিণ আমেরিকার সুদূর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে রয়েছে এই উদ্ভিদগোষ্ঠী। কিন্তু জলবায়ুর দ্রুত পরিবর্তন তাদের অস্তিত্বের উপরেও প্রভাব ফেলছে।
গবেষণার জন্য প্রায় ৯৯৩টি প্রজাতির ক্যাকটাসের ৬ লক্ষ ৫০ হাজারেরও বেশি তথ্য বিশ্লেষণ করেছেন বিজ্ঞানীরা। তীব্র খরার সম্ভাব্য প্রভাব সংক্রান্ত নতুন ভৌগোলিক তথ্যের সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিভিন্ন মডেল মিলিয়ে তৈরি করা হয়েছে এই পূর্বাভাস। পাশাপাশি, ‘আইন্যাচারালিস্ট’ নামে একটি নাগরিক বিজ্ঞানভিত্তিক অনলাইন প্ল্যাটফর্মের তথ্যও ব্যবহার করা হয়েছে। ওই প্ল্যাটফর্মে সাধারণ মানুষ ও প্রকৃতিপ্রেমীরা বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর ছবি, অবস্থান এবং পর্যবেক্ষণ নথিভুক্ত করেন। গবেষকদের দাবি, এই তথ্যের ফলে বিশ্লেষণে অন্তর্ভুক্ত ক্যাকটাসের প্রজাতির সংখ্যা দ্বিগুণেরও বেশি করা সম্ভব হয়েছে।
গবেষণায় দেখা গিয়েছে, দক্ষিণ আমেরিকার কয়েকটি অঞ্চল ক্যাকটাসের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে। বিশেষ করে চিলি, পেরু, আর্জেন্টিনা, ইকুয়েডর ও ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে ক্যাকটাসের প্রজাতিগত বৈচিত্র উল্লেখযোগ্য ভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। মধ্য আমেরিকার একাধিক দেশেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। কোনো কোনো অঞ্চলে ক্যাকটাসের প্রজাতির সংখ্যা সামান্য বাড়ার সম্ভাবনা থাকলেও পার্শ্ববর্তী এলাকাগুলিতে বিপুল ক্ষতির তুলনায় সে বৃদ্ধি নগণ্য। মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কয়েকটি এলাকায় এমন সামান্য বৃদ্ধির পূর্বাভাস মিলেছে।
গবেষণার অন্যতম সহ-লেখক এবং অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ব্রায়ান এনকুইস্ট জানান, দীর্ঘদিন ধরেই মনে করা হতো, উষ্ণতা বৃদ্ধির পৃথিবীতে ক্যাকটাসের মতো উদ্ভিদ হয়তো তুলনামূলক ভাবে সুবিধাজনক অবস্থানে থাকবে। কিন্তু নতুন গবেষণা সে ধারণাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তাঁর বক্তব্য, অত্যন্ত উষ্ণ ও শুষ্ক পরিবেশে বসবাসকারী ক্যাকটাসও এমন এক নতুন জলবায়ু পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, যার নজির তাদের বিবর্তনের ইতিহাসে নেই। ফলে প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য বিবর্তনের পথে যে বিশেষ অভিযোজন গড়ে উঠেছিল, তা-ও ভবিষ্যতের পরিস্থিতি সামাল দেওয়ার পক্ষে যথেষ্ট নাও হতে পারে।
গবেষণার প্রধান লেখক মিশেল পিলেটও জানিয়েছেন, ফলাফল দেখে তাঁরা নিজেরাই বিস্মিত। তাঁর মতে, দীর্ঘস্থায়ী এবং আরও তীব্র খরার পরিস্থিতিতে ক্যাকটাসের স্বাভাবিক অভিযোজন ক্ষমতা পর্যাপ্ত হবে না। এমনকি বিরল প্রজাতিগুলির ক্ষেত্রে বিপদের মাত্রা গবেষণায় আরও কম করে উঠে আসতে পারে। কারণ, পৃথিবীর কোনো নির্দিষ্ট উপকূলীয় অঞ্চলের ছোট্ট একটি এলাকায় সীমাবদ্ধ থাকা ক্যাকটাসের প্রজাতি ঘূর্ণিঝড়ের মতো একটি প্রাকৃতিক দুর্যোগেই সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে।
তবে, ক্যাকটাসের বিপন্নতার পিছনে অবশ্য শুধু জলবায়ু পরিবর্তন দায়ী নয়। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা (আইইউসিএন)-এর হিসাব অনুযায়ী, বর্তমানে ক্যাকটাসের ৩০ শতাংশেরও বেশি প্রজাতি বিলুপ্তির আশঙ্কার মুখে। প্রাকৃতিক বাসস্থান ধ্বংস হওয়া এবং অবৈধ ভাবে উদ্ভিদ সংগ্রহ ও বাণিজ্য এর অন্যতম কারণ। বাড়ির অন্দরসজ্জায় ক্যাকটাস ও সাকুলেন্টসের ব্যবহার এবং জনপ্রিয়তা বিশ্ব জুড়ে বাড়ছে। সে চাহিদা মেটাতে বেড়েছে বিরল প্রজাতির ক্যাকটাস সংগ্রহের প্রবণতাও। ফলে প্রাকৃতিক পরিবেশ থেকে বেআইনি ভাবে ক্যাকটাস তুলে নেওয়ার ঘটনা এ ধরনের উদ্ভিদের অস্তিত্বের সঙ্কটকে আরও বাড়িয়ে তুলছে। তার উপর সাম্প্রতিক বছরগুলোতে একাধিক অঞ্চলে নজিরবিহীন খরার প্রভাব ইতিমধ্যেই চোখে পড়েছে।
সাম্প্রতিক সময়ে, চিলির আতাকামা মরুভূমিতে ‘কপিয়াপোয়া’ প্রজাতির ক্যাকটাসের ব্যাপকহারে মৃত্যু হয়েছে। একই ভাবে আমেরিকার অ্যারিজোনা প্রদেশের ফিনিক্স ও টুসন অঞ্চলে ‘সাগুয়ারো’ ক্যাকটাসেরও মৃত্যু ঘটেছে। কোথাও কোথাও এই উদ্ভিদের বৃদ্ধি ও প্রজনন ব্যাহত হচ্ছে। অ্যারিজোনা-সহ আমেরিকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ‘চোল্লা’ এবং ‘প্রিকলি পিয়ার’-এর মতো ক্যাকটাসেরও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। বিজ্ঞানীদের মতে, আগামী দিনে তাপমাত্রা আরও বাড়লে এবং খরার মেয়াদ ও তীব্রতা বৃদ্ধি পেলে এ ধরনের ঘটনা আরও ঘন ঘন ঘটতে পারে।
ক্যাকটাসের অস্তিত্ব সঙ্কটের প্রভাব শুধু উদ্ভিদজগতেই সীমাবদ্ধ থাকবে না। বিশেষজ্ঞদের মতে, মরুভূমি-সহ একাধিক বাস্তুতন্ত্রে এই উদ্ভিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন, মেক্সিকো ও আমেরিকার সীমান্তবর্তী সোনোরান মরুভূমিতে ‘সাগুয়ারো’ ক্যাকটাসের ফল স্থানীয় জনজাতিগোষ্ঠীর খাদ্যের অন্যতম উৎস। আবার বহু প্রাণী এ উদ্ভিদের উপর খাদ্য ও আশ্রয়ের জন্য নির্ভরশীল। ক্যাকটাসের ফুল থেকে পরাগ সংগ্রহ করে বিভিন্ন পতঙ্গ ও প্রাণী। উদ্ভিদটির মৃত্যু এবং পচনের পর মাটিতে ফিরে আসে প্রয়োজনীয় পুষ্টি উপাদান। ফলে ক্যাকটাসের সংখ্যা কমে গেলে তার উপর নির্ভরশীল অন্যান্য প্রাণী ও উদ্ভিদের অস্তিত্বও বিপন্ন হতে পারে। বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিজ্ঞানীরা।
এ গবেষণার সঙ্গে যুক্ত না থাকলেও এর গুরুত্ব স্বীকার করেছেন ওয়াইয়োমিং বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যার অধ্যাপক ডেভিড উইলিয়ামস। তাঁর মতে, গবেষণার ফলাফল শুধু ক্যাকটাসের জলবায়ুজনিত বিপন্নতার বিষয়টিকেই নতুন ভাবে বুঝতে সাহায্য করবে না, অন্যান্য উদ্ভিদ প্রজাতির ভবিষ্যৎ নিয়েও গবেষণার পথ খুলে দেবে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে বিভিন্ন প্রজাতির অভিযোজন, বেঁচে থাকার ক্ষমতা এবং পরিবেশগত বৈশিষ্ট্য কী ভাবে বদলাচ্ছে, তা বুঝতে এই পদ্ধতি গুরুত্বপূর্ণ হতে পারে। ক্যাকটাস সংরক্ষণে এখনই পদক্ষেপ করার প্রয়োজনীয়তার কথা বলছেন গবেষকেরা। তাঁদের মতে, প্রথমেই চিহ্নিত করতে হবে কোন প্রজাতিগুলি সবচেয়ে বেশি বিপন্ন এবং কোন অঞ্চলে তাদের অস্তিত্ব সবচেয়ে বেশি ঝুঁকির মুখে। তার পরে প্রয়োজন অনুযায়ী সংরক্ষণের পরিকল্পনা তৈরি করতে হবে।
এ ক্ষেত্রে একটি সম্ভাব্য পদ্ধতি হলো ‘অ্যাসিস্টেড মাইগ্রেশন’। এ পদ্ধতিতে বিপন্ন প্রজাতির বীজ কৃত্রিম ভাবে এমন নতুন পরিবেশে ছড়িয়ে দেওয়া হয়, যেখানে জলবায়ুর পরিস্থিতি ওই প্রজাতির বেঁচে থাকার উপযোগী। এর ফলে পুরনো বাসস্থানে প্রতিকূল পরিস্থিতি তৈরি হলেও নতুন এলাকায় তাদের স্থায়ী উদ্ভিদগোষ্ঠী গড়ে ওঠার সুযোগ থাকে। গবেষকদের মতে, ক্যাকটাসের বিভিন্ন প্রজাতি সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করাও জরুরি। বিশেষ করে যেসব প্রজাতির বিস্তার খুব সীমিত, তাদের অবস্থান, সংখ্যা ও পরিবেশগত পরিস্থিতি সম্পর্কে পর্যাপ্ত তথ্য না থাকলে সংরক্ষণের সঠিক পরিকল্পনা করা সম্ভব নয়। সংরক্ষণের জন্য বরাদ্দ অর্থ ও সম্পদ সীমিত। তাই কোন প্রজাতির ক্ষেত্রে কোথায় অর্থ ব্যয় করলে সবচেয়ে বেশি সুফল পাওয়া যাবে, তা নির্ধারণ করা প্রয়োজন।
উল্লেখযোগ্য ভাবে, ক্যাকটাস নিয়ে সাধারণ মানুষের আগ্রহই এই গবেষণার তথ্যভান্ডার সমৃদ্ধ করতে সাহায্য করেছে। ‘আইন্যাচারালিস্ট’-এর মতো নাগরিক বিজ্ঞানভিত্তিক প্ল্যাটফর্মে সাধারণ মানুষের পাঠানো পর্যবেক্ষণ ও ছবি গবেষকদের কাছে গুরুত্বপূর্ণ তথ্যের উৎস হয়ে উঠেছে। গবেষক এনকুইস্টের মতে, বহু মানুষ ক্যাকটাসকে ভালোবাসেন এবং তাদের সংরক্ষণ নিয়ে আগ্রহী। সে আগ্রহকে কাজে লাগিয়ে বিপন্ন প্রজাতিগুলিকে রক্ষা করার যথেষ্ট সুযোগ রয়েছে। এ গবেষণার আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো, জলবায়ু পরিবর্তনের প্রভাব নির্ধারণের প্রচলিত পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এত দিন সাধারণত দীর্ঘমেয়াদি গড় তাপমাত্রা এবং গড় বৃষ্টিপাতের তথ্যের উপর নির্ভর করে বিভিন্ন প্রজাতির ভবিষ্যৎ নির্ধারণ করা হতো। কিন্তু বাস্তবে কোনো উদ্ভিদ বা প্রাণীকে শুধু গড় আবহাওয়ার মধ্যে দিয়ে বেঁচে থাকতে হয় না। তাদের মোকাবিলা করতে হয় তাপপ্রবাহ, দীর্ঘস্থায়ী খরা, ঘূর্ণিঝড় কিংবা অস্বাভাবিক শৈত্যপ্রবাহের মতো চরম পরিস্থিতিরও।
জলবায়ু পরিবর্তনের ফলে এ ধরনের ঘটনা আরও ঘন ঘন ঘটতে পারে। অথচ বৃহৎ পরিসরে জীববৈচিত্রের ভবিষ্যৎ নির্ধারণের মডেলগুলিতে এত দিন এই বিষয়গুলি যথেষ্ট গুরুত্ব পায়নি। বিজ্ঞানীদের মতে, ক্যাকটাসের উপর এ গবেষণার ফলাফল অন্যান্য উদ্ভিদগোষ্ঠীর ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। গবেষণার ফল ভবিষ্যতে ‘আইইউসিএন’-এর ‘রেড লিস্ট’ বা বিপন্ন প্রজাতির তালিকা হালনাগাদ করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। নতুন পূর্বাভাসের সঙ্গে বাসস্থান ধ্বংস, অবৈধ সংগ্রহের মতো বিদ্যমান বিপদগুলোকে একত্রে বিবেচনা করলে ক্যাকটাসের আরও বহু প্রজাতিকে ‘ক্রিটিক্যালি এনডেঞ্জার্ড’ বা অতি বিপন্ন হিসেবে চিহ্নিত করতে হতে পারে।
❤ Support Us







