- দে । শ ন | ন্দ | ন | চ | ত্ব | র
- নভেম্বর ১৩, ২০২৬
পাহাড়-হ্রদের মনোরম পরিবেশে শুরু শিলংয়ের সাহিত্য উৎসব
পাহাড়ি শহরের মনোরম পরিবেশ, লেকের ধারে বইয়ের পাতা ওল্টানো, সাহিত্য নিয়ে আলোচনা, সঙ্গীতের আসর আর স্থানীয় খাবারের স্বাদ — সব মিলিয়ে উৎসবের মেজাজে মেঘালয়ের রাজধানী শিলং। বৃহস্পতিবার থেকে ওয়ার্ডস লেকে শুরু হয়েছে ষষ্ঠ শিলং সাহিত্য উৎসব। তিন দিনের এই সাহিত্য-সমাগমে হাজির হয়েছেন দেশ-বিদেশের বিশিষ্ট লেখক, কবি ও সাহিত্যপ্রেমীরা। রয়েছেন দুই বুকারজয়ী লেখক কিরণ দেশাই এবং ডেমন গ্যালগুট। আন্তর্জাতিক সাহিত্যচর্চার পাশাপাশি উৎসবে বিশেষ গুরুত্ব পেয়েছে উত্তর-পূর্ব ভারতের আঞ্চলিক সাহিত্য, খাসি জনগোষ্ঠীর ঐতিহ্য, ইতিহাস আর সাংস্কৃতিক পরিচিতি।
মেঘালয় পর্যটন দফতরের উদ্যোগে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিক, লেখক এবং সাহিত্য জগতের বিশিষ্ট ব্যক্তিরা। উৎসবের মঞ্চে সাহিত্য, সৃজনশীলতা এবং উত্তর-পূর্ব ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও ভাবনা ভাগ করে নেন কিরণ দেশাই এবং ডেমন গ্যালগুট। ভারতের এ অংশের প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি মুগ্ধতার কথা জানিয়েছেন কিরণ দেশাই। তিনি জানান, উত্তর-পূর্ব ভারতে আসার জন্য দীর্ঘ দিন ধরে অপেক্ষা করেছেন। খাসি, গারো এবং জয়ন্তিয়া জনগোষ্ঠীর সাহিত্য ও লেখালিখি সম্পর্কে জানার আগ্রহও প্রকাশ করেছেন লেখিকা। নিজেকে এই অঞ্চলের সাহিত্য-সংস্কৃতির এক আগ্রহী শিক্ষার্থী হিসাবেই তুলে ধরেছেন তিনি।
ভারতের ভূপ্রকৃতি, মানুষ এবং সাংস্কৃতিক বৈচিত্র্য কী ভাবে তাঁর লেখালিখিকে প্রভাবিত করেছে, সে কথা জানিয়েছেন ডেমন গ্যালগুট। উৎসবের সৃজনশীল পরিবেশ, বই প্রকাশের আয়োজন তাঁকে নতুন করে সাহিত্য অনুসন্ধানের অনুপ্রেরণা জোগাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেন, রাজ্যের উন্নয়ন বলতে শুধু অর্থনৈতিক অগ্রগতিকে বোঝালে চলবে না। সাংস্কৃতিক ও বৌদ্ধিক বিকাশও সমান গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মের প্রতিভা বিকাশ, তাঁদের সৃজনশীল ভাবনার প্রকাশ, বিশ্বের বিভিন্ন প্রান্তের লেখক-শিল্পীদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করতে সাহিত্য উৎসবের মতো মঞ্চের প্রয়োজন রয়েছে। একই সঙ্গে মেঘালয়ের নিজস্ব সাংস্কৃতিক পরিচিতি ও ঐতিহ্য সংরক্ষণেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। মুখ্যমন্ত্রী সাংমা আরও জানান, ছ–বছর আগে নানা অনিশ্চয়তার মধ্যে যে উদ্যোগ শুরু হয়েছিল, তা আজ সাহিত্য, সৃজনশীলতা এবং ভাবনার আদানপ্রদানের গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে। আগামী দিনে দেশের বিভিন্ন শহরে এবং আন্তর্জাতিক স্তরেও এই উৎসবের শাখা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। যথাযথ প্রচার, বিপণন এবং ব্র্যান্ডিংয়ের মাধ্যমে শিলং সাহিত্য উৎসবকে বার্ষিক আয়োজনের গণ্ডি ছাড়িয়ে আরও বৃহত্তর পরিসরে নিয়ে যেতে চান মুখ্যমন্ত্রী। তাঁর আশা, এর মাধ্যমে মেঘালয় সাহিত্য ও সৃজনশীলতার অন্যতম আন্তর্জাতিক গন্তব্য হয়ে উঠবে।
উৎসবের প্রথম দিনের অন্যতম উল্লেখযোগ্য আকর্ষণ ছিল খাসি জনগোষ্ঠীর ইতিহাস, পুরাণ, ঐতিহ্য ও মাতৃতান্ত্রিক সামাজিক ব্যবস্থা নিয়ে তিনটি বই প্রকাশ। ২০২১ সালের বুকারজয়ী লেখক ডেমন গ্যালগুট বইগুলি প্রকাশ করেন। তার আগে লেখক রাফায়েল ওয়ারজরি এবং অ্যাডেলিন সোয়ার বইগুলির বিষয়বস্তু ও প্রেক্ষাপট তুলে ধরেন। প্রকাশিত তিনটি বই হলো ‘জুটাং লংব্লেই : খাসি ডিভাইন কভেন্যান্ট’, ‘খাসি ম্যাট্রিলিনিয়াল ক্ল্যান লিনিয়েজ সিস্টেম’ এবং ‘ম্যাট্রিলিনি ভার্সাস প্যাট্রিয়ার্কি’। প্রথম দু–টি বইয়ের লেখক রাফায়েল ওয়ারজরি। তৃতীয় বইটি যৌথ ভাবে লিখেছেন রাফায়েল ওয়ারজরি ও অ্যাডেলিন সোয়ার। খাসি সমাজের মাতৃতান্ত্রিক ব্যবস্থার ঐতিহাসিক ও সাংস্কৃতিক ভিত্তি, পরিবর্তিত সামাজিক পরিস্থিতিতে সে ব্যবস্থার সামনে তৈরি হওয়া চ্যালেঞ্জগুলি নিয়ে আলোচনা করা হয়েছে ‘ম্যাট্রিলিনি ভার্সাস প্যাট্রিয়ার্কি’ বইটিতে। ‘জুটাং লংব্লেই’ বইয়ে খাসি জনগোষ্ঠীর পুরাণ, কিংবদন্তি এবং ঐতিহ্যবাহী লোককাহিনি খাসি ও ইংরেজি — দু–টি ভাষায় নথিবদ্ধ করা হয়েছে। ‘খাসি ম্যাট্রিলিনিয়াল ক্ল্যান লিনিয়েজ সিস্টেম’ বইটি রাফায়েল ওয়ারজরির আগের লেখা ‘মেই: ম্যাট্রিলিনিয়াল এক্সোগ্যামাস ইনস্টিটিউশন’-এর আন্তর্জাতিক সংস্করণ। লেখক জানান, বাংলাদেশে বসবাসকারী খাসি জনগোষ্ঠীর কাছে পৌঁছানো, সীমান্তের দু–পারের খাসিদের মধ্যে সাংস্কৃতিক যোগসূত্র আরও মজবুত করাই এ সংস্করণের অন্যতম উদ্দেশ্য।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সাত জন লেখকের মোট আটটি বই প্রকাশিত হয়েছে। আঞ্চলিক ইতিহাস, জীবনী, কূটনীতি, কথাসাহিত্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য — বিভিন্ন বিষয় উঠে এসেছে বইগুলিতে। প্রকাশিত বইয়ের তালিকায় রয়েছে ড্যানিয়েল চাল্লামের ‘পোস্টকার্ডস ফ্রম দ্য খাসি হিলস: শিলং অ্যান্ড বিয়ন্ড ইন প্যানোরামা’, রুডি ওয়ারজরির ‘অ্যাডভেঞ্চার্স অফ আ পেরিফেরাল ইন্ডিয়ান ডিপ্লোম্যাট’ এবং সঞ্জয় হাজারিকার ‘লাল থানহাওলা’। এ ছাড়াও প্রকাশিত হয়েছে যাদবাঙ্কা পালার ‘দ্য রেনবো আই নেমড’, স্ট্রিমলেট ডখারের ‘ওয়াড শওয়া লা কা ত্নরাই’ এবং অঞ্জুম হাসানের ‘হোমটাউন’। বিজয়া সাওয়ানের লেখা ‘চোচো মোমো’ ও ‘হোয়াট টাইম ক্যাননট ইরেজ়’— এ দু–টি বইও প্রকাশিত হয়েছে। তবে, শুধু সাহিত্য আলোচনা বা বই প্রকাশ নয়, উৎসবের দ্বিতীয় দিনে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের জন্যও রয়েছে নানা আয়োজন। ওয়ার্ডস লেকের প্রাকৃতিক পরিবেশে তৈরি হয়েছে বিশেষ ‘চিলড্রেনস অ্যান্ড ইয়ুথ কর্নার’। সেখানে গল্প বলা, পুতুলনাচ, মৃৎশিল্প, অরিগ্যামি, জ়িন তৈরি, ঐতিহ্যবাহী সঙ্গীত, ওপেন মাইক, মুখে ছবি আঁকা, ডুডল আঁকা এবং সৃজনশীল লেখালিখির মতো নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আলাদা মঞ্চে চলছে পুতুলনাচ, সঙ্গীতের আসর, লাইভ ব্যান্ডের অনুষ্ঠান আর বই প্রকাশ। স্থানীয় খাদ্য উদ্যোক্তাদের স্টলও উৎসবের অন্যতম আকর্ষণ। ফলে সাহিত্য উৎসবের পরিসর বইপড়া বা আলোচনা সভার মধ্যে সীমাবদ্ধ থাকছে না। সাহিত্য, শিল্প, সঙ্গীত এবং স্থানীয় খাবারের মেলবন্ধনে তৈরি হয়েছে এক বর্ণময় সাংস্কৃতিক পরিসর। উৎসব ঘিরে পর্যটকদের উৎসাহও চোখে পড়ার মতো। অনেকেই শিলংয়ে বেড়াতে এসে সাহিত্য উৎসবের সন্ধান পেয়েছেন। উৎসবের পরিবেশকে ‘খুব প্রাণবন্ত’ বলে বর্ণনা করেছেন পর্যটকদের অনেকে। কেউ জানাচ্ছেন, শিলংয়ে পৌঁছনোর আগে এই উৎসব সম্পর্কে তাঁদের কোনো ধারণা ছিল না। কিন্তু ওয়ার্ডস লেকের সৌন্দর্যের সঙ্গে সাহিত্য ও সংস্কৃতির এমন মেলবন্ধন তাঁদের বেড়ানোর অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে। দেশ-বিদেশের লেখকদের উপস্থিতি এবং স্থানীয় সাহিত্য-সংস্কৃতির উদ্যাপনে শিলং সাহিত্য উৎসব ক্রমশ বৃহত্তর পরিচিতি পাচ্ছে। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। থাকছে আলোচনা সভা, বইপাঠ এবং লেখক, পড়ুয়া ও পাঠকদের মধ্যে সরাসরি মতবিনিময়ের নানা আয়োজন।
তবে উৎসবের প্রথম দিনটি শেষ হয়েছে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতিতে। বৃহস্পতিবার রাত ৮টার কিছু পরে ওয়ার্ডস লেকের উৎসব চত্বরে আগুন লাগে। অগ্নিকাণ্ডে পুড়ে যায় চারটি অস্থায়ী খাবারের স্টল। সে সময়ে একটি আলোচনা সভা শেষ হওয়ার পর মঞ্চে চলছিল সঙ্গীতানুষ্ঠান। আগুন ছড়িয়ে পড়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে অনুষ্ঠান বন্ধ করে দেন আয়োজকেরা। ইস্ট খাসি হিলসের পুলিশ সুপার বিবেক সিয়েম জানিয়েছেন, পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কী কারণে আগুন লাগল কিংবা কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি।
❤ Support Us







