- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ১৩, ২০২৬
অসমের কাজিরাঙায় ভয়াবহ দুর্ঘটনা ! ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ট্র্যাভেলালের, মৃত অন্তত ২৩, অধিকাংশই পড়ুয়া
অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে ভয়াবহ পথদুর্ঘটনা। যাত্রীবোঝাই ট্র্যাভেলারের সঙ্গে কন্টেনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত ২৩ জনের। মৃতদের অধিকাংশই তরুণ-তরুণী, কলেজপড়ুয়া বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। তাঁদের মধ্যে কয়েক জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার দুপুরে দুর্ঘটনার পর থেকেই এলাকায় উদ্ধারকাজ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা, পুলিশ-প্রশাসনের আধিকারিকেরা মিলে বাসের ভিতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুর ২টো থেকে আড়াইটের মধ্যে দুর্ঘটনাটি ঘটে। কাজিরাঙার কোহোরা রেঞ্জের রঙ্গাজান এলাকায় হাতিখুলি চা-বাগানের কাছে ৭১৫ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি দু-টি। একটি ট্র্যাভেলার মিনিবাস বোকাখাত থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসছিল একটি কন্টেনার ট্রাক। সে বসময়ই দু-টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে, মিনিবাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। ভিতরে আটকে পড়েন বহু যাত্রী। ঘটনাস্থলেই কয়েক জনের মৃত্যু হয়। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেও কয়েক জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। বাসের ভিতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন তাঁরা। দুমড়ে যাওয়া গাড়ির ভিতর থেকে যাত্রীদের বার করতে যথেষ্ট বেগ পেতে হয় উদ্ধারকারীদের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের প্রথমে কোহোরা মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহতদের বোকাখাত, গোলাঘাট এবং জোরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনার সময় মিনিবাসটিতে ঠিক কত জন যাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে প্রশাসনের প্রাথমিক অনুমান, গাড়িতে ৩৫ জনেরও বেশি যাত্রী ছিলেন।
দুর্ঘটনার কারণ নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতিই দুর্ঘটনার অন্যতম কারণ। কাজ়িরাঙা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় যানবাহনের গতির উপর বিশেষ বিধিনিষেধ রয়েছে। বন্যপ্রাণীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ওই এলাকায় নির্দিষ্ট গতিসীমা মেনে চলার নির্দেশ রয়েছে চালকদের। কিন্তু সে বিধিনিষেধ অমান্য করেই ট্র্যাভেলারটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল বলে দাবি পুলিশের। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় উল্টো দিক থেকে আসা কন্টেনার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বলে মনে করছেন তদন্তকারীরা। গোলাঘাটের পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা জানিয়েছেন, দুর্ঘটনায় মৃতদের দেহ উদ্ধার করা হচ্ছে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ট্র্যাভেলারটি নির্ধারিত গতিসীমা অমান্য করে চলছিল। জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় জারি করা বিধিনিষেধও মানা হয়নি। আমাদের অনুমান, অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় কন্টেনার ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। ট্র্যাভেলার এবং কন্টেনার ট্রাক — দু-টি গাড়িরই গতিবেগ ও অন্যান্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে
তদন্তকারীদের নজরে এসেছে ওই ট্র্যাভেলারের আগের ট্র্যাফিক আইন লঙ্ঘনের ঘটনাগুলিও। সূত্রের খবর, অতীতে মোট ১২ বার ট্র্যাফিক আইন ভেঙেছিল ট্র্যাভেলার গাড়িটি। সে কারণে জরিমানাও দিতে হয়েছিল। এ ছাড়াও একটি মামলায় আরও ৪,০০০ টাকা জরিমানা বকেয়া রয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার আগে গাড়িটির গতিসীমা লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেছিল কি না, সে সংক্রান্ত তথ্যও খতিয়ে দেখছে পুলিশ। যাত্রী পরিবহণের নির্ধারিত ক্ষমতার তুলনায় বেশি যাত্রী তোলা হয়েছিল কি না, তা-ও তদন্তের আওতায় রয়েছে। দুর্ঘটনায় কন্টেনার ট্রাকের চালক এবং সহযাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ট্রাকের চালক পরিচয় দিয়ে এক ব্যক্তি জানিয়েছেন, তিনি তেজপুর থেকে ডিব্রুগড়ের দিকে যাচ্ছিলেন। তাঁর দাবি, ট্র্যাভেলারটি সরাসরি তাঁদের গাড়িতে ধাক্কা মারে।
ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণের কাজকর্ম তদারকি করছেন অসমের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক অতুল বেরা। গুয়াহাটি থেকে ফেরার পথে দুর্ঘটনাটি তাঁর নজরে আসে বলে জানিয়েছেন তিনি। পরিস্থিতির গুরুত্ব বুঝে আহতদের হাসপাতালে পাঠানোর জন্য নিজের একটি গাড়িও পাঠান মন্ত্রী। স্থানীয় বাসিন্দারাও নিজেদের গাড়ি নিয়ে উদ্ধারকাজে এগিয়ে আসেন। অতুল বরা বলেন, ‘গুয়াহাটি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনাটি আমার চোখে পড়ে। বেশ কয়েক জন ছাত্রছাত্রীকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি। আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। নিজের একটি গাড়ি উদ্ধারকাজের জন্য পাঠাই। স্থানীয় বাসিন্দারাও নিজেদের গাড়ি নিয়ে এগিয়ে এসে আহতদের হাসপাতালে পৌঁছে দিতে সাহায্য করেন। এমন ঘটনা এখানে আগে কখনো ঘটেনি।’
মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানির ঘটনা গোটা রাজ্যকে স্তম্ভিত করেছে। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘এই বিপুল প্রাণহানির ঘটনায় আমরা প্রত্যেকেই স্তম্ভিত। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা। কোনো কথাই তাঁদের এ যন্ত্রণা লাঘব করতে পারবে না। তবে তাঁরা যেন জানেন, এই কঠিন সময়ে তাঁরা একা নন। গোটা অসম তাঁদের পাশে রয়েছে।’ আহতদের দ্রুত এবং যথাযথ চিকিৎসার ব্যবস্থা করাই আপাতত সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন বিশ্বশর্মা।
দুর্ঘটনাস্থলে উপস্থিত থেকে মন্ত্রী অতুল বরা উদ্ধার ও ত্রাণের কাজকর্ম তদারকি করছেন বলেও জানান তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি মৃতদের পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে শক্ত থাকার প্রার্থনা করেছেন মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসনকে আহতদের চিকিৎসার ক্ষেত্রে যাতে কোনো রকম সমস্যা না হয়, তা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, মৃতদের দেহ শনাক্তকরণ এবং ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। অতিরিক্ত জেলাশাসক জিন্টু বরা জানিয়েছেন, মৃতদের দেহের ময়নাতদন্ত শুক্রবার রাতেই গোলাঘাটের শহিদ কুশল কোঁওর সিভিল হাসপাতালে করা হবে। সে জন্য হাসপাতাল চত্বরে বিশেষ আলোর ব্যবস্থা করা হচ্ছে। দুর্ঘটনায় আহতদের শারীরিক অবস্থা এবং মৃতদের পরিচয় সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।
❤ Support Us







