- দে । শ
- নভেম্বর ১৩, ২০২৬
ফোনে নজরদারি,অভিযোগ প্রধানমন্ত্রী বিরুদ্ধে ! মুখোমুখি বিতর্কের দাবি রাহুলের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখোমুখি বিতর্কে বসতে চান লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুধু তা-ই নয়, তাঁর দাবি, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যত অভিযোগ তিনি তুলেছেন, তার সমস্ত প্রমাণ রয়েছে তাঁর নিজের মোবাইল ফোনেই। আর সে ফোনে আড়ি পাতছেন স্বয়ং প্রধানমন্ত্রী! শুক্রবার ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ পর্বে এমনই বিস্ফোরক অভিযোগ করেন কংগ্রেস নেতা। তাঁর দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বিতর্কে বসলেই স্পষ্ট হয়ে যাবে, কে বিদেশি শক্তির নির্দেশে কাজ করছেন, কে দেশবিরোধী আর কত দিন ধরে সে কাজ চলছে।
ফোনে আড়ি পাতার বিষয়ে অনেক তথ্য তাঁর হাতে এসেছে বলেও দাবি করেন রাহুল। তাঁর দাবি,, ‘সমস্ত অভিযোগের প্রমাণ রয়েছে ফোনে। আর প্রধানমন্ত্রী সেই ফোনে আড়ি পাতছেন।’ প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি বিতর্কের দাবি জানিয়ে রাহুল বলেন, দীর্ঘ বক্তৃতা নয়, তিনি চান দু–জনের মধ্যে সরাসরি প্রশ্নোত্তর। এক দিকে থাকবেন প্রধানমন্ত্রী, অন্যদিকে তিনি নিজে। দু–জনেই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলবেন, আর তার বিচার হবে প্রকাশ্যেই। সংসদে বিতর্কের সুযোগ থাকা সত্ত্বেও কেন আলাদা করে মুখোমুখি বিতর্কের দাবি জানাচ্ছেন তিনি? এ প্রশ্নের জবাবে রাহুলের অভিযোগ, সংসদে তাঁকে কথা বলার সুযোগ দেওয়া হয় না। এমনকি তাঁর মাইক্রোফোনও বারবার বন্ধ করে দেওয়া হয়েছে। কৃষি আইন, ‘ভোট চুরি’, ‘এসআইআর’, চিন, প্রাক্তন সেনাপ্রধান এম এম নারাভানের বই থেকে এপস্টিন ফাইল কেস — একাধিক বিষয়ে তাঁকে মুখ খুলতে দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
বিতর্কের বিচারক হিসাবে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি কিংবা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতকে নিয়োগ করলেও তাঁর আপত্তি নেই বলে জানিয়েছেন রাহুল। তাঁর দাবি, নরেন্দ্র মোদি যদি তাঁর সঙ্গে মুখোমুখি বিতর্কে বসেন, তা হলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবনই শেষ হয়ে যাবে। রাহুলের দাবি, ‘আমি নিশ্চয়তা দিতে পারি, আমার সঙ্গে একান্ত বিতর্কে বসলে প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী থাকবেন না।’ তবে এই প্রথম নয়, এর আগেও একাধিক বার প্রধানমন্ত্রী মোদিকে প্রকাশ্য বিতর্কে বসার চ্যালেঞ্জ জানিয়েছেন কংগ্রেস নেতা। এমনকি পাঁচ মিনিটের মধ্যেই তিনি প্রধানমন্ত্রীকে ‘বিশ্বাসঘাতক’ প্রমাণ করে দিতে পারবেন বলেও বিস্ফোরক দাবি করেছিলেন। শুক্রবার সমাজমাধ্যমে প্রকাশিত ভিডিয়োয় রাহুল বলেন, প্রধানমন্ত্রী তাঁর বিরুদ্ধে বার বার ‘দেশবিরোধী’ হওয়ার অভিযোগ তুলছেন। তিনি চান, দেশের মানুষ নিজেরাই বিচার করুন, কে প্রকৃত ‘দেশবিরোধী’ এবং কে বিদেশি শক্তির নিয়ন্ত্রণে কাজ করছেন। মোদিকে নিশানা করে তাঁর আরও দাবি, সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী তাঁকে আক্রমণ করা কমিয়ে দিয়েছেন। এর পিছনে প্রধানমন্ত্রীর মনে ভয় কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
রাহুলের এই চ্যালেঞ্জকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ বিজেপি। পদ্মশিবিরের পাল্টা অভিযোগ, সংসদে বিতর্কের সুযোগ থাকা সত্ত্বেও রাহুল সেখান থেকে পালিয়ে বেড়ান। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, প্রধানমন্ত্রীকে অন্য কোনো জায়গায় বিতর্কের জন্য আমন্ত্রণ জানানোর প্রয়োজন নেই। সংসদই বিতর্কের উপযুক্ত মঞ্চ। লোকসভায় বিরোধী দলনেতা হিসাবে রাহুলের আরও দায়িত্বশীল ও গুরুত্ব সহকারে কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। তবে রাহুলের ফোনে আড়ি পাতার অভিযোগ নতুন করে সামনে আসায় ভারতের রাজনীতিতে নজরদারি বিতর্কও ফিরে এসেছে। অতীতে ‘পেগাসাস স্পাইওয়্যার’ থেকে শুরু করে অ্যাপলের সতর্কবার্তা — একাধিক ঘটনায় বিরোধী নেতারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফোনে নজরদারির অভিযোগ তুলেছেন। যদিও প্রতিটি ক্ষেত্রেই অভিযোগের ধরন আর তার পক্ষে পাওয়া প্রমাণ এক নয়।
বিতর্কের সবচেয়ে বড়ো সূত্রপাত ২০২১ সালের জুলাই মাসে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির যৌথ অনুসন্ধানী প্রতিবেদন ‘পেগাসাস প্রজেক্ট’-এ দাবি করা হয়, ভারতের একাধিক রাজনীতিক, সাংবাদিক, সমাজকর্মী ও সরকারি আধিকারিকের ফোন নম্বর নজরদারির সম্ভাব্য লক্ষ্য হিসাবে ফাঁস হওয়া তথ্যভান্ডারে রয়েছে। ‘দ্য ওয়্যার’, ‘দ্য গার্ডিয়ান’, ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ এবং ‘ল্য মঁদ’-সহ একাধিক সংবাদমাধ্যমের যৌথ উদ্যোগে ওই অনুসন্ধান চালানো হয়েছিল। প্রতিবেদনে ভারতের ৩০০-রও বেশি ফোন নম্বরের উল্লেখ করা হয়। সম্ভাব্য নজরদারির লক্ষ্য হিসাবে যে রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম উঠে আসে, তাঁদের মধ্যে ছিলেন রাহুল গান্ধী, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধায়, দলের সীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন নির্বাচন কমিশনার অশোক লাভাসা সহ অনেকে। সেই প্রতিবেদন অনুযায়ী, ২০১৮-১৯ সালে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাহুলের ব্যবহৃত দু–টি ফোন নম্বর ওই তথ্যভান্ডারে ছিল। তাঁর কয়েক জন ঘনিষ্ঠ সহযোগীর ফোন নম্বরও সেখানে পাওয়া গিয়েছিল বলে দাবি করা হয়। এ তথ্য প্রকাশ্যে আসার পর কংগ্রেসের অভিযোগ ছিল, রাজনৈতিক প্রতিপক্ষের উপর নজরদারি চালাতে ‘স্পাইওয়্যার’ প্রযুক্তি ব্যবহার করছে নরেন্দ্র মোসি সরকার। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও জানায় তারা।
বিতর্কের আঁচ লাগে পশ্চিমবঙ্গেও। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন নম্বরও সম্ভাব্য নজরদারির লক্ষ্য হিসাবে চিহ্নিত হয়েছিল বলে দাবি করা হয়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের রাজনৈতিক কৌশলবিদ হিসাবে কাজ করা প্রশান্ত কিশোরের নামও উঠে আসে। তাঁর ফোনে ‘পেগাসাস’-এর মাধ্যমে আড়ি পাতার চেষ্টা হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। প্রাক্তন নির্বাচন কমিশনার অশোক লাভাসার নামও এই তালিকায় ছিল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের নিষ্পত্তিতে নির্বাচন কমিশনের অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করেছিলেন লাভাসা। তার পরেই তাঁর ফোন নম্বর সম্ভাব্য নজরদারির তালিকায় স্থান পেয়েছিল বলে দাবি করা হয়।
‘পেগাসাস’ বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রীদের নাম উঠে আসায় তা আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। অশ্বিনী বৈষ্ণব এবং প্রহ্লাদ সিংহ পটেলের ফোন নম্বরও ওই তথ্যভান্ডারে ছিল বলে জানা যায়। পরবর্তী সময়ে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী হিসাবে ‘পেগাসাস’ বিতর্কে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন বৈষ্ণব। তাঁর বক্তব্য ছিল, ফাঁস হওয়া তথ্যভান্ডারে কোনো ফোন নম্বরের উপস্থিতি থেকেই সংশ্লিষ্ট ফোনে আড়ি পাতা হয়েছিল বলে প্রমাণ হয় না। পশ্চিমবঙ্গে এ অভিযোগের তদন্তে নিজস্ব উদ্যোগও নিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের ২৭ জুলাই একটি কমিশন গঠনের কথা ঘোষণা করেন তিনি। কমিশনে ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন বি লোকুর এবং কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। রাজ্যে বেআইনি নজরদারির অভিযোগ খতিয়ে দেখাই ছিল কমিশনের উদ্দেশ্য। তৃণমূলের অভিযোগ ছিল, দলের রাজনৈতিক নেতা এবং তাঁদের ঘনিষ্ঠদের উপর নজরদারি চালানো হয়েছে।
তবে, ‘পেগাসাস’ বিতর্কে শুধু রাজনীতিক নন, ছাত্রনেতা, সাংবাদিক, আইনজীবী, সমাজকর্মীদের উপর নজরদারির অভিযোগও সামনে আসে। ‘দ্য ওয়্যার’ দাবি করেছিল, অনেক ব্যক্তির ফোনের ফরেন্সিক পরীক্ষায় একাধিক ক্ষেত্রে ‘পেগাসাস স্পাইওয়্যার’-এর সংক্রমণ এবং আক্রমণের চেষ্টার চিহ্ন মিলেছিল। প্রশান্ত কিশোরের ফোনেও সংক্রমণের প্রমাণ পাওয়া গিয়েছিল। তবে এ ধরনের প্রযুক্তিগত প্রমাণ থেকেও নজরদারির নির্দেশদাতা কে, তা নিশ্চিত করা যায়নি। বিতর্কের জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। ২০২১ সালের ২৭ অক্টোবর শীর্ষ আদালত প্রাক্তন বিচারপতি আর ভি রবীন্দ্রনের তত্ত্বাবধানে একটি তদন্ত কমিটি গঠন করে। ২০২২ সালের আগস্টে আদালত জানায়, প্রযুক্তিগত কমিটি ২৯টি মোবাইল ফোন পরীক্ষা করেছে। তার মধ্যে পাঁচটিতে কোনো না কোনো ধরনের ম্যালওয়্যারের উপস্থিতি মিললেও ‘পেগাসাস স্পাইওয়্যার’ সংক্রমণের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তদন্তে কেন্দ্রীয় সরকার সহযোগিতা করেনি বলেও জানায় আদালত। ফলে নজরদারির অভিযোগ যেমন প্রমাণিত হয়নি, তেমনই পেগাসাস প্রজেক্টে ওঠা সমস্ত প্রশ্নেরও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।
২০২৩ সালের অক্টোবর মাসে ফের নজরদারি বিতর্কে উত্তাল হয় জাতীয় রাজনীতি। সে বার একাধিক বিরোধী নেতা দাবি করেন, তাঁদের আইফোনে অ্যাপলের তরফে রাষ্ট্র-সমর্থিত হ্যাকারদের সম্ভাব্য আক্রমণ সম্পর্কে সতর্কবার্তা পাঠানো হয়েছে। সতর্কবার্তা পাওয়ার কথা প্রকাশ্যে জানান কংগ্রেস নেতা শশী থারুর, পবন খেরা, সুপ্রিয়া শ্রীনাতে, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা, শিবসেনা (উদ্ধব) নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী এবং এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও একই ধরনের সতর্কবার্তা পাওয়ার কথা জানিয়েছিলেন।
অ্যাপলের ওই সতর্কবার্তায় বলা হয়েছিল, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় বা কর্মকাণ্ডের কারণে তাঁদের আলাদা করে নিশানা করে দূর থেকে ফোনে অনুপ্রবেশের চেষ্টা হয়ে থাকতে পারে। এর পরেই একাধিক বিরোধী নেতা কেন্দ্রের বিরুদ্ধে সরব হন। মহুয়া মৈত্রের অভিযোগ ছিল, কেন্দ্র তাঁর ফোন এবং ইমেলে হ্যাক করার চেষ্টা করছে। শশী থারুর প্রশ্ন তোলেন, সন্দেহজনক আক্রমণের উৎস নিশ্চিত না করেই কেন সরকারি আধিকারিকেরা বিষয়টি তদন্ত করবেন। সীতারাম ইয়েচুরি এবং প্রিয়াঙ্কা চতুর্বেদীও প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে উদ্বেগ জানান। রাহুলের দাবি ছিল, তাঁর দফতরের একাধিক কর্মীও একই ধরনের সতর্কবার্তা পেয়েছেন। কেন্দ্র অবশ্য অভিযোগ অস্বীকার করে। তৎকালীন তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, সরকার বিষয়টি তদন্ত করবে এবং অ্যাপলের কাছে সতর্কবার্তা সম্পর্কে নির্ভুল তথ্য চাওয়া হয়েছে। অ্যাপল পরে স্পষ্ট করে দেয়, তাদের সতর্কবার্তায় কোনও নির্দিষ্ট রাষ্ট্র-সমর্থিত হ্যাকার বা সরকারের নাম উল্লেখ করা হয়নি। সংস্থাটি এ-ও জানায়, কিছু সতর্কবার্তা ভুল হতে পারে। তবে অত্যাধুনিক ‘স্পাইওয়্যার’ আক্রমণের ধরন ক্রমাগত বদলাচ্ছে বলেও সতর্ক করে তারা।
রাজনৈতিক অভিযোগের বাইরেও নজরদারি বিতর্ক অব্যাহত ছিল। ২০২৩ সালের ডিসেম্বরে ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিকিউরিটি ল্যাব’ জানায়, ‘দ্য ওয়্যার’-এর প্রতিষ্ঠাতা সম্পাদক সিদ্ধার্থ বরদারাজন এবং ‘অর্গানাইজ়ড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট’-এর দক্ষিণ এশিয়া সম্পাদক আনন্দ মঙ্গলের আইফোনে ‘পেগাসাস স্পাইওয়্যার’-এর কার্যকলাপের ফরেন্সিক প্রমাণ মিলেছে। ফলে সুপ্রিম কোর্টের তদন্তের পরেও পেগাসাস-সংক্রান্ত আক্রমণের আশঙ্কা পুরোপুরি দূর হয়নি বলে নতুন করে প্রশ্ন ওঠে। তবে বিরোধী নেতাদের উপর নজরদারির অভিযোগ শুধু নরেন্দ্র মোদি সরকারের আমলেই ওঠেনি। ২০১০ সালের এপ্রিল মাসে তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইউপিএ’ সরকারের বিরুদ্ধে দলের তৎকালীন সাধারণ সম্পাদক প্রকাশ কারাট-সহ একাধিক শীর্ষ রাজনৈতিক নেতার ফোনে আড়ি পাতার অভিযোগ তুলেছিল সিপিআইএম। গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করে বাম দলটি। এ ধরনের নজরদারিকে বেআইনি এবং অসহনীয় বলেও বর্ণনা করেছিলেন কারাট।
এর প্রায় এক দশক পরে, ২০১৯ সালের নভেম্বরে, ভারতীয় সমাজকর্মী ও সাংবাদিকদের উপর ‘পেগাসাস স্পাইওয়্যার’ ব্যবহারের অভিযোগে সরব হন সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা। নজরদারির জন্য মোদি সরকারকে দায়ী করে জবাবদিহির দাবি জানান তিনি। ২০২৩ সালের অক্টোবরে ফের এই বিতর্ক সামনে আসে। সে বার অ্যাপলের তরফে সম্ভাব্য রাষ্ট্র-সমর্থিত ‘স্পাইওয়্যার’ আক্রমণের সতর্কবার্তা পাওয়া বিরোধী নেতাদের মধ্যে ছিলেন সিপিআইএমের প্রাক্তন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও। নজরদারির আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন তিনি। তাঁর বক্তব্য ছিল, এ ধরনের নজরদারি গণতান্ত্রিক অধিকার এবং ব্যক্তিগত গোপনীয়তার পরিপন্থী।
অতএব, ফোনে আড়ি পাতা বা রাজনৈতিক নজরদারির অভিযোগ কোনো একটি সরকারের আমলে সীমাবদ্ধ নয়। বিভিন্ন সময়ে ভিন্ন রাজনৈতিক দলের সরকারকে ঘিরে এমন অভিযোগ উঠেছে। তবে ‘পেগাসাস’ বিতর্ক, অ্যাপলের সতর্কবার্তা থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সরাসরি অভিযোগ, সে প্রশ্নকে আরও জোরালো করেছে। নজরদারি প্রযুক্তির ব্যবহার, আইন মেনে ফোনে আড়ি পাতার প্রক্রিয়া, সরকারি সংস্থাগুলির দায়বদ্ধতা নিয়ে বিতর্ক তাই অব্যাহত। জাতীয় নিরাপত্তার স্বার্থে নজরদারি কতটা প্রয়োজন, আর সে ক্ষমতার অপব্যবহার ঠেকানোর ব্যবস্থা কী — বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সামনে এখন সে প্রশ্নই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
❤ Support Us







