Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ১৩, ২০২৬

ফের রক্তাক্ত মণিপুর ! উখরুলে দু’টি গাড়ি আটকে এলোপাথাড়ি গুলি, দুই মহিলা-সহ নিহত ৪

আরম্ভ ওয়েব ডেস্ক
ফের রক্তাক্ত মণিপুর ! উখরুলে দু’টি গাড়ি আটকে এলোপাথাড়ি গুলি, দুই মহিলা-সহ নিহত ৪

ফের অশান্তির আগুনে জ্বলছে মণিপুর। রাস্তায় দু’টি গাড়ি আটকে চালানো হল এলোপাথাড়ি গুলি। সন্দেহভাজন জঙ্গিদের এই হামলায় দুই মহিলা-সহ মোট চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার মণিপুরের উখরুল জেলায় ইম্ফল-উখরুল সড়কের নিউ হ্যাভেন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক দাবি, সন্দেহভাজন জঙ্গিদের একটি দল পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। ঘটনায় গোটা এলাকায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক। হামলার পর নিরাপত্তা জোরদার করার পাশাপাশি অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আচমকাই ইম্ফল-উখরুল সড়কের উপর দু’টি গাড়ির পথ আটকায় সশস্ত্র হামলাকারীরা। এরপর গাড়ি দু’টিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। এই হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। নিহতদের মধ্যে দু’জন মহিলা রয়েছেন। হামলার পর ক্ষতিগ্রস্ত গাড়ি দু’টিতে একাধিক গুলির চিহ্ন দেখা যায়। কী কারণে এই হামলা চালানো হল এবং এর পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবারই মণিপুরের সেনাপতি জেলায় গুলির লড়াইয়ে একজনের মৃত্যু হয়েছিল। তার পরের দিনই উখরুলে ফের এই রক্তক্ষয়ী হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। শুধু তাই নয়, এই জেলারই অন্য একটি এলাকায় কুকি জঙ্গিদের হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। সাধারণ কৃষকদের উপরেও হামলার অভিযোগ উঠেছে। পরপর হিংসার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মণিপুর পুলিশ, সিআরপিএফ, বিএসএফ এবং অসম রাইফেলসের অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। আশপাশের গ্রামগুলিতে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি কয়েকটি এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। নতুন করে যাতে কোনও সংঘর্ষ বা হিংসার ঘটনা না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখছে প্রশাসন।

প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাত শুরু হয়। সেই সংঘাতের জেরে এখনও পর্যন্ত অন্তত ৩০৬ জনের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৪৯ জন এবং ঘরছাড়া হয়েছেন হাজার হাজার মানুষ। রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে পার্বত্য জেলাগুলিতে কুকি ও নাগা সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। একের পর এক হিংসার ঘটনায় মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। শান্তি ফেরানোর প্রচেষ্টা সত্ত্বেও নতুন করে রক্তপাতের ঘটনায় রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!