Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ১৩, ২০২৬

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! হেমন্তের বাংলায় ফিরবে বৃষ্টি ?

আরম্ভ ওয়েব ডেস্ক
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! হেমন্তের বাংলায় ফিরবে বৃষ্টি ?

সপ্তাহের ব্যবধানে বঙ্গোপসাগরে পর পর দুই বিধ্বংসী ঘূর্ণিঝড়ের ধাক্কা সামলেছে পূর্ব উপকূল। অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়েছিল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এবং প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’। তাদের প্রভাবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা-সহ উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকায় প্রবল ঝড়বৃষ্টি হয়েছিল। ক্ষয়ক্ষতি, প্রাণহানীও ঘটেছে। সে রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে ফের নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি। শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আবহাওয়ার বিভিন্ন পূর্বাভাস মডেল বলছে, অনুকূল পরিস্থিতি পেলে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে তার অভিমুখ শেষ পর্যন্ত কোন দিকে হবে, তা এখনো স্পষ্ট নয়।  

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মধ্য আন্দামান সাগর ও সংলগ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উচ্চতায় বিস্তৃত ওই ঘূর্ণাবর্তের প্রভাবে তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। শনিবার, ১৪ নভেম্বরের মধ্যে সেটি আরও শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। রবিবার, ১৫ নভেম্বরের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পূর্বাভাস রয়েছে।

এর পরের গতিপ্রকৃতি নিয়েই তৈরি হয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আবহাওয়ার কয়েকটি মডেলের পূর্বাভাস, রবিবারের পর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। যদিও এ মুহূর্তে ঘূর্ণিঝড় তৈরির বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। সমুদ্রের উপর আবহাওয়া ব্যবস্থা কতটা শক্তি সঞ্চয় করে এবং কোন দিকে অগ্রসর হয়, তার উপরেই পরবর্তী পরিস্থিতি নির্ভর করছে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘আকওয়ান’। নামটি প্রস্তাব করেছে ইরান।

নতুন নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের বিভিন্ন অংশে ঝোড়ো আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ১৩ ও ১৪ নভেম্বর আন্দামান সাগরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটারে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরেও ১৩ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ঝোড়ো আবহাওয়া থাকতে পারে। ১৫ থেকে ১৭ নভেম্বর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘণ্টায় ৫৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ৬৫ কিলোমিটারে। ১৬ ও ১৭ নভেম্বর মধ্য বঙ্গোপসাগরেও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে সংশ্লিষ্ট সমুদ্র এলাকায় মৎস্যজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে নতুন নিম্নচাপের সম্ভাব্য গতিপথ নিয়ে এখনো আবহবিদদের মধ্যে ঐকমত্য তৈরি হয়নি। আবহাওয়ার কয়েকটি মডেলে সেটির অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত মিলেছে। আবার অন্য কয়েকটি মডেলের পূর্বাভাস, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার পর সেটি বাঁক নিয়ে মায়ানমারের দিকে চলে যেতে পারে। ফলে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড় তৈরি হলেও তা কোন উপকূলে আছড়ে পড়বে, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। নিম্নচাপটি আরও সুসংহত হওয়ার পর তার গতিপথ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন আবহবিদরা।

পর পর দু–টি ঘূর্ণিঝড়ের পর, ফের নতুন করে নিম্নচাপ তৈরির ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন আবহবিদেরা। ২৮ অক্টোবর অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ অন্ধ্রপ্রদেশের নরসাপুরের কাছে স্থলভাগে প্রবেশ করেছিল। স্থলভাগে আছড়ে পড়ার সময় তার সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ পৌঁছেছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটারে। ওই ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্তত ছ–জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ কম নয়।  এর পর ৩ নভেম্বর ভোরে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূল অতিক্রম করে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’। নেল্লোর ও নরসাপুরের মধ্যবর্তী ওঙ্গোলের কাছে স্থলভাগে প্রবেশের সময় তার সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ পৌঁছেছিল ঘণ্টায় ১২০ কিলোমিটারে। ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যাওয়ার পরেও তার অবশিষ্ট অংশের প্রভাবে ৫ নভেম্বর অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকা এবং তেলঙ্গানার কয়েকটি জায়গায় অতি ভারী বৃষ্টি হয়েছিল।

তবে, বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হলেও আপাতত তার সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতা-সহ অধিকাংশ জেলায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। ফলে আপাতত বৃষ্টির আশঙ্কা নেই। বরং বৃষ্টির পর্ব কাটার সঙ্গে সঙ্গে তাপমাত্রা নামতে শুরু করবে। আগামী দু–দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। কয়েক দিনের মধ্যে তাপমাত্রার পতনের পরিমাণ দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাসে ইঙ্গিত মিলেছে। তাপমাত্রা কমার ফলে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের আবহাওয়া মনোরম থাকার সম্ভাবনা। বিশেষ করে সকাল ও রাতের দিকে জেলাগুলিতে হালকা শীতের আমেজ অনুভূত হতে পারে। কলকাতাতেও রাতের দিকে ঠান্ডার অনুভূতি বাড়বে।

শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.২ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি কম। আগামী কয়েক দিনে পারদ আরও নামলে শীতের প্রাথমিক আমেজ কিছুটা বাড়তে পারে। উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। দার্জিলিং, কালিম্পং-সহ পাহাড়ি জেলা এবং সমতলের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। তবে তাপমাত্রার পরিবর্তন নিয়ে পূর্বাভাসে কিছুটা পার্থক্য রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিনে পারদ নামার ইঙ্গিত স্পষ্ট হলেও উত্তরবঙ্গে এখনই তাপমাত্রার উল্লেখযোগ্য পতনের সম্ভাবনা দেখছে না হাওয়া অফিস।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!