Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ১৩, ২০২৬

হাসিনার প্রত্যর্পণ ঘিরে চরমে টানাপোড়েন ! স্থগিত ভারত-বাংলাদেশের কনস্যুলার বৈঠক

আরম্ভ ওয়েব ডেস্ক
হাসিনার প্রত্যর্পণ ঘিরে চরমে টানাপোড়েন ! স্থগিত ভারত-বাংলাদেশের কনস্যুলার বৈঠক

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলানোর যে কূটনৈতিক উদ্যোগ সাম্প্রতিক সময়ে শুরু হয়েছিল, তাতে ফের ছেদ পড়ল। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় ভারত ও বাংলাদেশের মধ্যে পঞ্চম দফার কনস্যুলার বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। সূত্রের খবর, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে দু-দেশের সম্পর্কে নতুন করে যে উত্তেজনা তৈরি হয়েছে, বৈঠক পিছিয়ে দেওয়ার পিছনে তার প্রভাব রয়েছে। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পরে এই প্রথম কনস্যুলার স্তরে বৈঠকে বসার কথা ছিল দিল্লি ও ঢাকার।

দুই দেশের সরকারি সূত্রের বক্তব্য অনুযায়ী, বৈঠকের দিনক্ষণ নিয়ে প্রাথমিক ভাবে দু-পক্ষের মধ্যে মতপার্থক্য ছিল। অক্টোবরের শেষ সপ্তাহে বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। অন্যদিকে, দুর্গাপুজোর কারণে নভেম্বর মাসে বৈঠক করতে চেয়েছিল ভারত। শেষ পর্যন্ত দিল্লির প্রস্তাব মেনে ১৭ ও ১৮ নভেম্বর বৈঠকে বসতে সম্মত হয় ঢাকা। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, বৈঠকের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। আলোচ্যসূচি চূড়ান্ত করতে গত ৩ নভেম্বর আন্তঃমন্ত্রক বৈঠক করে বাংলাদেশ সরকার। কিন্তু গত সপ্তাহে দিল্লির তরফে আনুষ্ঠানিক ভাবে বৈঠক পিছিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়। পরে দু-পক্ষের সম্মতিতেই তা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়।

প্রসঙ্গত, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে সামনে রেখে সাম্প্রতিক সময়ে দু-দেশের মধ্যে একাধিক দ্বিপাক্ষিক যোগাযোগ শুরু হয়েছে। উচ্চপর্যায়ের বৈঠকের আগে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে বিভিন্ন স্তরে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। গত মাসে বাণিজ্য সংক্রান্ত বৈঠকও হয়েছে। সেই বৃহত্তর কূটনৈতিক উদ্যোগেরই অংশ ছিল কনস্যুলার সংলাপ। কিন্তু হাসিনার ভারতে অবস্থান এবং তাঁকে বাংলাদেশে ফেরানোর দাবি ঘিরে দুই দেশের মধ্যে নতুন করে অস্বস্তি তৈরি হওয়ায় সে উদ্যোগ ধাক্কা খেল বলে মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ।

২০১৭ সালে ভারত-বাংলাদেশের মধ্যে কনস্যুলার সংলাপের সূচনা হয়। দুই দেশের নাগরিকদের মধ্যে যোগাযোগ বাড়ানো, ভিসা, কনস্যুলার পরিষেবা ও পারস্পরিক আইনি সহযোগিতার বিষয়ে নিয়মিত আলোচনার মঞ্চ তৈরি করাই ছিল এ উদ্যোগের উদ্দেশ্য। এখনো পর্যন্ত চার দফার বৈঠক হয়েছে। শেষ বৈঠকটি হয়েছিল ২০২৪ সালের ২৯ মে, দিল্লিতে। তার দু-মাসের কিছু বেশি সময়ের মধ্যেই ছাত্র-জনতার আন্দোলনের জেরে হাসিনা সরকারের পতন ঘটে। ফলে প্রায় আড়াই বছরেরও বেশি সময় পরে দুই দেশের মধ্যে এই বৈঠক হওয়ার কথা ছিল। এ বারের আলোচনায় একাধিক স্পর্শকাতর বিষয় উঠে আসারও সম্ভাবনা ছিল। সীমান্ত পরিচালনা, ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশি নাগরিকদের জোর করে সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়ার অভিযোগ, ভিসা পরিষেবা, দুই দেশে আটকে পড়া নাগরিকদের প্রত্যাবর্তন, মৎস্যজীবীদের মুক্তি এবং পারস্পরিক আইনি সহায়তা চুক্তি (মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি বা এমএলএটি) ছিল আলোচ্যসূচিতে। এ ছাড়াও প্রত্যর্পণ সংক্রান্ত মামলা এবং সংশোধিত ভ্রমণ ব্যবস্থা (রিভাইজ়ড ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট বা আরটিএ) পুনর্নবীকরণের বিষয়টি নিয়ে আলোচনা করতে চেয়েছিল ঢাকা। ২০২৩ সালে মেয়াদ শেষ হওয়ার পর থেকে ছ-মাস অন্তর এই ভ্রমণ ব্যবস্থার মেয়াদ বাড়ানো হচ্ছে।

তবে আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়গুলির মধ্যে ছিল শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের আধিকারিকদের সূত্রে খবর, হাসিনা ছাড়াও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের প্রত্যর্পণের দাবি জানাতে চেয়েছিল ঢাকা। ২০২৪ সালের ডিসেম্বরেই কূটনৈতিক নোট পাঠিয়ে প্রথম হাসিনাকে ফেরানোর দাবি জানিয়েছিল বাংলাদেশ। পরে ২০২৫ সালের নভেম্বর মাসে জুলাই অভ্যুত্থান সংক্রান্ত এক মামলায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে মৃত্যুদণ্ড দিলে সে দাবি আরও জোরালো হয়। ২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে আছেন মুজিব কন্যা। তাঁর ভারতে অবস্থান দীর্ঘদিন ধরেই দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অন্যতম অস্বস্তির কারণ। সম্প্রতি আগামী মাসে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা ঘোষণা করায় সে অস্বস্তি আরও বেড়েছে। তার মধ্যেই গত ৯ নভেম্বর হাসিনার প্রতিনিধিত্বকারী লন্ডনভিত্তিক আইনি সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্স দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনে চিঠি পাঠিয়ে তাঁর নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার আবেদন জানায়।

আইনি সংস্থার তরফে পাঠানো চিঠিতে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাসিনার পুরনো পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে খবর পাওয়া গিয়েছে। এ পরিস্থিতিতে তাঁর মক্কেলের জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে। কিন্তু সে আবেদনে সাড়া দিতে নারাজ ঢাকা। বাংলাদেশের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী হুমায়ুন কবীর জানিয়েছেন, হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়ার কোনো পরিকল্পনা নেই তারেক রহমানের সরকারের। বরং গ্রহণযোগ্য বন্দি বিনিময় প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবে ঢাকা। তাঁর কথায়, এ ধরনের হস্তান্তর প্রক্রিয়া যথেষ্ট সতর্কতার সঙ্গে এবং উপযুক্ত নজরদারির মধ্যে সম্পন্ন করতে হবে। অন্যদিকে, ভিসা পরিষেবা নিয়েও দুই দেশের মধ্যে আলোচনার প্রয়োজন ছিল। রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশের নাগরিকদের ভারতীয় ভিসা দেওয়ার সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমিয়ে দেওয়া হয়েছিল। এর ফলে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা এবং পর্যটনের প্রয়োজনে ভারতে আসতে ইচ্ছুক বহু বাংলাদেশি নাগরিক সমস্যায় পড়েন। যদিও সাম্প্রতিক কয়েক মাসে ধীরে ধীরে ভিসা দেওয়ার সংখ্যা বাড়িয়েছে দিল্লি। বিশেষ করে চলতি বছরের ফেব্রুয়ারিতে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে ভিসা পরিষেবা কিছুটা স্বাভাবিক করার উদ্যোগ দেখা গিয়েছে।

২০২৪ সালের মে মাসে অনুষ্ঠিত চতুর্থ কনস্যুলার বৈঠকেও ভিসা সংক্রান্ত সমস্যা, নাগরিকদের প্রত্যর্পণ এবং পারস্পরিক আইনি সহায়তা চুক্তির আওতায় থাকা মামলাগুলি নিয়ে আলোচনা হয়েছিল। এ বারও সেই বিষয়গুলির পাশাপাশি সীমান্তে নাগরিকদের নিরাপত্তা, বন্দি বিনিময় এবং প্রত্যর্পণের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার প্রস্তুতি নিয়েছিল ঢাকা। দুই দেশের মধ্যে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ বজায় রাখা এবং সাধারণ মানুষের স্বার্থসংশ্লিষ্ট সমস্যাগুলির সমাধান খোঁজার লক্ষ্যেই কনস্যুলার সংলাপ শুরু হয়েছিল। কিন্তু হাসিনার ভারতে অবস্থান, তাঁকে প্রত্যর্পণের জন্য ঢাকার চাপ, সীমান্তে অনুপ্রবেশ ও ‘পুশ-ইন’ সংক্রান্ত অভিযোগ এবং ভিসা পরিষেবার মতো একাধিক অমীমাংসিত বিষয় ভারত-বাংলাদেশ সম্পর্ককে ক্রমশ জটিল করে তুলছে। তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে সম্পর্কের উন্নতির যে ইঙ্গিত মিলেছিল, কনস্যুলার বৈঠক স্থগিত হওয়ার ঘটনায় তা ফের প্রশ্নের মুখে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!