- এই মুহূর্তে বি। দে । শ
- মার্চ ১৯, ২০২৬
ইদ উপলক্ষে পাকিস্তান–আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি
ইদ-উল-ফিতর উপলক্ষে, ভ্রাতৃত্বের বার্তা বজায় রাখতে সাময়িক যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হয়ে আগামী ৫ দিন, অর্থাৎ সোমবার পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, সৌদি আরব, কাতার এবং তুরস্ক–এর অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি সোশ্যাল মিডিয়ায় জানান, ধর্মের রীতি মেনে সৌজন্যের নিদর্শন হিসেবেই এই পদক্ষেপ। তবে সতর্কবার্তাও দিয়েছেন, এ সময়ের মধ্যে যদি আফগানিস্তান কোনো ড্রোন হামলা বা সন্ত্রাসমূলক কার্যকলাপ চালায়, তাহলে পাকিস্তান কঠোর জবাব দেবে। পাকিস্তানের ঘোষণার পরপরই আফগানিস্তানের তালিবান সরকারের পক্ষ থেকেও একই ধরনের যুদ্ধবিরতির ঘোষণা আসে। তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, ইদ উপলক্ষে তারাও আগামী ৫ দিন পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে জড়াবে না।
এর আগে গত সোমবার কাবুল-এ ধ্বংসাত্মক বিমান হামলা চালায় পাকিস্তান। হামলায় ৪০৮ জন নিহত এবং ২৬৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। পাকিস্তানের দাবি, যে স্থানে হামলা চালানো হয় সেখানে বিপুল পরিমাণ ড্রোন, অস্ত্র ও গোলাবারুদ মজুত ছিল। তবে এই অভিযোগ অস্বীকার করে আফগানিস্তান পাল্টা দাবি করেছে, হামলা চালানো হয়েছে একটি হাসপাতালে, যেখানে বহু নিরীহ মানুষের মৃত্যু হয়েছে।
এই পরিস্থিতিতে সাময়িক যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। সংস্থাটির মুখপাত্র ফারহান হক আশা প্রকাশ করেছেন, এই পাঁচ দিনের যুদ্ধবিরতি আরও দীর্ঘায়িত হবে। একই সঙ্গে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস কাবুলের হাসপাতালে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, যুদ্ধে হাসপাতাল, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক ও রোগীদের ওপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
❤ Support Us







