- দে । শ প্রচ্ছদ রচনা
- এপ্রিল ২২, ২০২৩
দেশজুড়ে ঘৃণাকে উস্কাচ্ছে বিজেপি। রেড রোডের ইদ সমাবেশে কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা। সবার আগে দেশ, ইদ শুভেচ্ছায় বার্তা মোদির
সারা ভারত জুড়ে্ই শনিবার পালিত হচ্ছে খুশির ইদ। ভারতও এর ব্যতিক্রম নয়। এদিন সকালে ইদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের নানা রাজ্যের মুখ্যমন্ত্রীরা দেশবাসীকে খুশির ইদের শুভেচ্ছা জানিয়েছেন। ইদের জমায়েতে থেকেই ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার ডাক দিলেন মমতা। এও বললেন, গেরুয়া শিবির দেশের সংবিধানকে নিজেদের মর্জিমাফিক পাল্টে দিতে চাইছে। এটা বরদাস্ত করবেন না। বাংলায় এনআরসি চালু করতে দেবেন না বলেও ফের সুর চড়ালেন।
মমতার অভিযোগ, কিছু মানুষ দেশকে ভাগ করার চেষ্টায় রাজনীতি করছে। ঘৃণা ছড়ানো হচ্ছে। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ডাক দিয়ে বললেন, আমি ওঁদের টাকার জোরের বিরুদ্ধে লড়তে প্রস্তুত। যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করতে ব্যবহার করা হচ্ছে, তার বিরুদ্ধেও লড়তে প্রস্তুত বলে জানালেন মমতা।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে ইদের সমাবেশে আরও বলেন, নির্বাচন হলে কে ক্ষমতায় আসবে তা স্থির হবে। আসুন, আমরা সব ধরনের বিভেদকামী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের শপথগ্রহণ করি। আগামী লোকসভা নির্বাচনে বিভেদকামী রাজনৈতিক শক্তিকে পরাস্ত করতে হবে। যদি আমরা গণতন্ত্রকে রক্ষা না করতে পারি, তাহলে সবই ধ্বংস হয়ে যাবে।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়ে টুইট করে সকলের শুভকামনা করেছেন। প্রার্থনা করেছেন সকলেই যেন সুস্থ থাকেন। তবে কোনও রাজনৈতিক কথাবার্তা বলেননি মোদি। মোদি বলেছেন, ইদ মুবারক, সমাজ শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যে ভরে উঠুক।
রাজধানী দিল্লির জামা মসজিদে ইদের নমাজ পড়েছেন অসংখ্য মানুষ। পরস্পরকে আলিঙ্গন করেছেন। ইদের শুভেচ্ছা জানিয়ে মোদি বলেছেন. দেশ সবার আগে। সর্বাগ্রে আমরা ভারতীয়। হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়েরই কর্তব্য ভালোবাসা এবং ভ্রাতৃত্বের বার্তা সারা দুনিয়ায় ছড়িয়ে দেওয়া।
❤ Support Us







