Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ২২, ২০২৫

সম্পত্তি হাতিয়ে বাড়ি থেকে বহিস্কার, সন্তানদের বিরুদ্ধে মারধরের অভিযোগ । ব্যবস্থা গ্রহণের আর্জি বৃদ্ধার

আরম্ভ ওয়েব ডেস্ক
সম্পত্তি হাতিয়ে বাড়ি থেকে বহিস্কার, সন্তানদের বিরুদ্ধে মারধরের অভিযোগ । ব্যবস্থা গ্রহণের আর্জি বৃদ্ধার

বৃদ্ধ মায়ের টাকা হাতিয়ে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ায় অভিযুক্ত ছেলেমেয়েরা। বাধ্য হয়ে রাস্তায় দিন কাটাচ্ছেন ভবানী চৌধুরি নামে ওই অসহায় বৃদ্ধা। বিহিত চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন পূর্বস্থলী ১নং ব্লকের সমুদ্রগড় পঞ্চায়েতের নতুনপাড়া এলাকার ওই বৃদ্ধা। কালনা শহরের কোর্ট চত্বরে ভবানীদেবীকে অসহায়ভাবে বসে থাকতে দেখা যায় ভবানীদেবীকে। বুকের সামনে ঝোলানো প্ল্যাকার্ড। তাতে লেখা, আমার ছেলেমেয়েদের কাছে থাকার জায়গা চাই। আমার খাবার জায়গা চাই। মহকুমাশাসকের কাছে বিচার চাই। কালনার মহকুমাশাসক শুভম আগরওয়াল ‘তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে’র আশ্বাস দিয়েছেন।

ভবানীদেবী ও এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেল, তাঁর স্বামী প্রয়াত হয়েছেন বহুদিন আগে। বৃদ্ধার ১ মেয়ে ও ২ ছেলে রয়েছে। অভিযোগ, বাপের বাড়ির সম্পত্তি বিক্রির ১৫ লক্ষ টাকা ছেলেমেয়েরা কৌশলে নিয়ে নেয়। এরপর থেকেই আর দেখে না ছেলেমেয়েরা। এমনকী সমুদ্রগড়ের নিজের বাড়িতে পর্যন্ত থাকতে দেয় না। পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। বছরখানেক আগে একটু আশ্রয়ের জন্য কালনায় থাকা মেয়ের বাড়িতে গিয়েছিলেন ভবানীদেবী। কিন্তু সেখান থেকেও ‘বিতাড়িত’ হন। জানান, ’জামাই বুকে লাথি মেরে, দাঁত ভেঙে রাস্তায় বের করে দিয়েছে।’ তারপর থেকে ফাঁকা রাস্তাই ঠিকানা বৃদ্ধার। রাস্তায় মানুষজনের দয়া হলে খাবার দিলে খাবার জোটে। আর না হলে অভুক্তই থাকতে হয়। ভবানীদেবীর কথায় ‘আমি এই ঠাণ্ডায় আর বাইরে রাত কাটাতে পারছি না। আমার এই অবস্থার কথা বিবেচনা করে প্রশাসনের লোকজন একটু মাথা গোঁজার ঠাঁই ও দু’বেলা দু’মুঠো খাবারের ব্যবস্থা করে দিন।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!